প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২০:৫৮
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগ নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় কথা বলেছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জেলা কমিটির সদস্য, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।
দৈনিক সুনামগঞ্জের খবর: নির্বাচন অফিসের বিরুদ্ধে এমন অভিযোগ কতটা উদ্বেগজনক?
রাজু আহমেদ: বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নির্বাচন অফিসে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসগুলোতে হয়রানি ছাড়া কাজ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। এই হয়রানি থেকে মুক্তি পেতে অনেককে টাকা খরচ করতে হয়। শান্তিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক নেতারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা মনে করি, এটি শুধু শান্তিগঞ্জের সমস্যা নয়, অন্যান্য উপজেলাতেও এমন চিত্র রয়েছে। নাগরিক অধিকার ও সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।
দৈনিক সুনামগঞ্জের খবর: নতুন ভোটার হতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ কতটা গুরুতর?
রাজু আহমেদ: ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নির্বাচন অফিসের গুরুত্বপূর্ণ একটি সেবা। এ ক্ষেত্রে সাধারণত সিরিয়াল ও সময় নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু কাউকে নির্দিষ্ট সময়ে গিয়ে ফিরে আসতে বলা হয়, আবার অন্য সময়ে আসতে বলা হয়। এতে মানুষ ভোগান্তিতে পড়েন। নির্বাচন অফিসের আশপাশে একটি অদৃশ্য দালালচক্র গড়ে উঠেছে বলে আমাদের ধারণা। অভিযোগ রয়েছে, এই চক্রের মাধ্যমে টাকা দিলে দ্রুত কাজ করিয়ে নেওয়া যায়। এ ক্ষেত্রে অফিসের দায়িত্বশীলদের সঙ্গে দালালদের যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
দৈনিক সুনামগঞ্জের খবর: নাগরিক সেবা পেতে সাধারণ মানুষকে কেন হয়রানির শিকার হতে হবে?
রাজু আহমেদ: নির্বাচন অফিস ও পাসপোর্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হন। বিশেষ করে গ্রামের খেটে খাওয়া মানুষ বেশি ভোগান্তিতে পড়েন। তাঁরা জানেন না কোথায় গেলে কোন সেবা পাওয়া যাবে, কী কী কাগজপত্র লাগবে কিংবা কত সময় প্রয়োজন। এই সুযোগে তাঁদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। শহরের সচেতন মানুষ তুলনামূলকভাবে কম হয়রানির শিকার হন। তাই নাগরিকদের সঠিক তথ্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। কোন সেবা বিনামূল্যে এবং কোন সেবার জন্য সরকার নির্ধারিত ফি দিতে হয়, তা স্পষ্টভাবে জানাতে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: নির্বাচন কর্মকর্তার দাবি, অভিযোগ ভিত্তিহীন। নিরপেক্ষ তদন্ত কীভাবে নিশ্চিত হবে?
রাজু আহমেদ: অভিযোগ অস্বীকার করলেই বিষয়টি শেষ হয়ে যায় না। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা বের করতে হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অফিসের আশপাশে সক্রিয় দালালচক্রকেও চিহ্নিত করতে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসন ও নির্বাচন কমিশনের করণীয় কী?
রাজু আহমেদ: নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে নাগরিক সেবার বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ বিভিন্ন সেবায় সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে তাঁদের নাগরিক অধিকার, সেবার নিয়ম ও নির্ধারিত ফি সম্পর্কে জানাতে হবে। তথ্যপ্রাপ্তি সহজ হলে হয়রানি ও ঘুষের সুযোগ অনেকাংশে কমবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: নির্বাচন অফিসে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আপনার প্রত্যাশা কী?
রাজু আহমেদ: স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। ইউনিয়ন পরিষদ ও পৌর প্রশাসনের প্রতিনিধিরা নাগরিক সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাঁদের আরও সচেতন ও জনবান্ধব হতে হবে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের প্রতারণা, দুর্নীতি বা হয়রানি ছাড়াই প্রত্যাশিত নাগরিক সেবা পান, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন