সেতু কেবল যোগাযোগ নয় উন্নয়নবন্ধনও বটে

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬ ২১:১১

সুরমা নদীর ধারারগাঁও—হালুয়ারঘাট অংশে একটি সেতু নির্মাণের দাবি বহু দিনের। অতীতের জনপ্রতিনিধিরা নানা সময়ে এই সেতু নির্মাণ নিয়ে কথা বলেছেন, প্রাথমিক প্রক্রিয়ার কিছু অগ্রগতিও ছিলো। বর্তমান সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল সেতু নির্মাণের জন্য আধা—সরকারি পত্র দিয়ে বাস্তব অগ্রগতি সাধনে নিয়োজিত আছেন। আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কান্ট্রি গেমস উদ্বোধনের জন্য সুনামগঞ্জ শুভাগমন করছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সুরমা নদীর উত্তর পাড়ের অধিবাসীরা তাঁদের দীর্ঘদিনের সেতু নির্মাণের দাবিটি পুনর্ব্যক্ত করতে দলে দলে ওই দিন সুনামগঞ্জ আসবেন বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়। দলে দলে হাতে ‘সেতু চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে তাঁরা ছুটে আসবেন। একটি সেতুর প্রশ্নে এলাকাবাসীর এই একাট্টা হওয়ার অবস্থা দেখে বুঝা যায় সুরমার এই সেতুবন্ধনটি কতো গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে একটি এলাকার বিপুল জনগোষ্ঠীর প্রধানমন্ত্রীর নিকট প্রত্যাশার ব্যাপ্তিও বুঝা সম্ভব। মানুষ তো তাঁর কাছেই ছুটে যায়, যিনি কিছু করতে পারেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশবাসীর মনে উন্নয়ন শিখার প্রজ্জ্বলন ঘটিয়েছেন। প্রধানমন্ত্রী সকল এলাকার সুষম উন্নয়ন করতে প্রতিশ্রম্নতিবদ্ধ। এই ভরসায়ই সুরমার উত্তর পাড় থেকে দলে দলে মানুষ ছুটে আসবেন তাঁর কাছে। নিশ্চয়ই তিনি ছুটে আসা এই মানুষগুলোকে হতাশ করবেন না। এ যেমন সকলের বিশ^াস তেমনি আমাদেরও বদ্ধমূল ধারণা। 

 


কেন সুরমার ধারারগাঁও অংশে সেতু চাই ? এর কারণ ইতোপূর্বে বহুবার বিবৃত করা হয়েছে। সকলের জানা সুরমার উত্তরের বিস্তৃত জনপদ সবুজ শষ্যশ্যামলা। ওখানে সবজি উৎপাদনে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। সবজি চাষীদের এ এক অনন্য কীর্তি। যে সুনামগঞ্জ চার দশক আগে সবজি—খড়ায় ভোগত, বাইরে থেকে না আসলে সবজির স্বাদ নেয়া সম্ভব হতো না; সেই সুনামগঞ্জ আজ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিপুল উদ্বৃত্তের ভাণ্ডার। সুরমার উত্তরাংশসহ জেলাবাসীর এ এক বিশাল সফলতা। উদ্বৃত্ত পণ্যের সুষ্ঠু বাজারজাত ব্যবস্থা থাকতে হয়। যোগাযোগ এর অন্যতম উপকরণ। বাধা সুরমার ছেদ। ধারারগাঁওয়ে সেতু হলে ওই ছেদ ঘুচে যায়। কেবল সবজি নয়, উত্তর পাড়ে গবাদি পশু ও হাঁস—মুরগির বহু খামার গড়ে উঠেছে। সীমান্তের ডলুরায় নতুন একটি স্থল শুল্কস্টেশন চালু করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে। ডলুরা দিয়ে মেঘালয় থেকে আসবে কয়লা, চুনাপাথর, পাথর ও অন্যান্য সামগ্রী। বাংলাদেশ থেকেও রপ্তানিজাত পণ্য যেতে পারে ওই বন্দর দিয়ে। একটি বন্দর অর্থনৈতিক গতিশীলতার প্রতীক। তবে বন্দরের সাথে ভালো সড়ক ও নৌ—যোগাযোগ না থাকলে বিপত্তি। ধারারগাঁও সেতু হলে সুনামগঞ্জ থেকে সোজা বড় যান চলে যেতে পারবে ডলুরা পর্যন্ত। বহির্বাণিজ্যের এই অপর সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এই সেতুর গুরুত্ব প্রশ্নাতীত। 

 


বাংলাদেশ উন্নত হচ্ছে। প্রতিনিয়তই হয়ে চলেছে উন্নয়ন। মানুষের সহজাত প্রবণতা হচ্ছে ক্রমাগত উন্নয়নের ধাপকে আরও উর্দ্ধে নিয়ে যাওয়া। মানুষের এই স্বভাবই সভ্যতা বিকাশের মূল নিয়ামক। মানুষের এই নিরন্তর ইচ্ছা না থাকলে সভ্যতা সামনে এগোতো না। স্থির ও নিশ্চল থাকতো। সুনামগঞ্জেরও অনেক উন্নতি হয়েছে। আরও বহু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। প্রান্তিক জেলা হওয়ার কারণে বাংলাদেশের বহু অঞ্চলের চাইতে সুনামগঞ্জের অবস্থা খারাপ। বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে বহু সীমাবদ্ধতা বিরাজমান। সুনামগঞ্জের সাথে জাতীয় রেললাইনের সংযুক্তি এই এলাকার মানুষের আরেকটি প্রাণের দাবি। উৎপাদনের চাকা সচল রাখার পূর্বশর্ত যথাযথ যোগাযোগ। উৎপাদিত পণ্য ভোক্তার হাতের কাছে নিতে না পারলে উৎপাদনের উপকার পাওয়া কখনও সম্ভব হয় না। শিল্পসভ্যতা শুরুর পর থেকেই উন্নত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার দিকে মনোযোগ বেড়েছে। সুরমার ধারারগাঁও অংশে সেতু নির্মাণ বা সুনামগঞ্জকে জাতীয় রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত করা ওই ধারবাহিকতার অংশ। কৃষি, মৎস্য, প্রাকৃতিকসম্পদ, মানবসম্পদে উৎকৃষ্ট অঞ্চল এই সুনামগঞ্জ। লোকজ শিল্প—সংস্কৃতির অনুপম জনপদ হাওরের এই জেলা। এই শিল্পসুবাস আজ বিশ^ব্যাপী মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে। এহেন একটি সম্ভাবনাময় জনপদের উন্নয়নে সরকারের মনোযোগ বর্ধিত হওয়া আবশ্যক। সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রীর মুখ থেকে যেমন সুরমা সেতু ও রেল নেটওয়ার্কে যুক্ত হওয়ার ঘোষণা শোনতে চান তেমনি সকলে বিশ^াসের দৃঢ়তায়ও অটল আছেন। নিশ্চয়ই প্রধানমন্ত্রী গণমনোভাবকে পরিণতির নির্ধারিত লক্ষ্যে পৌঁছে নিবেন। প্রধানমন্ত্রীর দীপ্ত উচ্চারণ— সবার আগে বাংলাদেশ। সবার আগে বলতে প্রতিযোগিতামূলক বিশে^ বাংলাদেশের গর্বিত অবস্থান নিশ্চিত করা বুঝায়। প্রধানমন্ত্রীর এই অভিলক্ষ্যের জয় হোক। পূরণ হোক উত্তর সুরমাবাসীর স্বপ্নসুন্দর ইচ্ছার।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার