লাভ ছাড়া পণ্য বিক্রি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪ ০০:১৩

ব্যতিক্রমী উদ্যোগ

-ছবি. সুখবর

রমজান আসলেই হু হু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি যেন আমাদের দেশের রেওয়াজ হয়ে গেছে। রমজান আসার আগে জোরসোরে প্রস্তুতি নেয়া হয় বাজার নিয়ন্ত্রণ করার। কিন্তু ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে খুব একটা নিয়ন্ত্রণ থাকে না। বাড়তি দাম দিয়েই সবজি থেকে শুরু করে মাছ, মাংসসহ নিত্যপণ্য কিনতে হয় ক্রেতাদের। 
ভোক্তাদের এমন নাভিশ্বাস দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মনুষ্যত্ব ফাউন্ডেশন। শুধু রমজান মাসের জন্য খোলা হয়েছে মনুষ্যত্বের নায্যমূল্যের দোকান। কোন প্রকার লাভ ছাড়াই বিক্রয় হচ্ছে নিত্যপণ্য। দোকানে কর্মী হিসেবে স্বেচ্ছায় কাজ করছে মনুষ্যত্ব ফাউন্ডেশনের সদস্যরা। ক্রয়মূল্যের সাথে এক কিংবা দুই টাকা পরিবহন খরচ যুক্ত করে বাজারমূল্য থেকে অনেক কম দামে বিক্রয় হচ্ছে চাল, ডাল, ছোলা, মটর, খেজুর, আলু, পেঁয়াজ, রসুন, তেল সহ যাবতীয় সবকিছু। এছাড়াও মনুষ্যত্বের প্রাইম কার্ডধারী সাধারণ ক্রেতাদের দেয়া হচ্ছে প্রত্যেক পণ্যে ভর্তুকি। বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে খুশী সাধারণ ক্রেতারা। 


রমজানে মানুষের জীবন জীবিকাকে সহজ করতে সকল ব্যবসায়ীদেরকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আহবানও জানিয়েছে মনুষ্যত্ব ফাউন্ডেশন ও সাধারণ ক্রেতাদের। 


সুনামগঞ্জ পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ারের আব্দুল মজিদ প্লাজার তৃতীয় তলায় অবস্থিত মনুষ্যত্বের ন্যায্য মূল্যের দোকানে গিয়ে দেখা যায়, মানুষের ভিড় লেগে আছে। সবাই কম দামে পণ্য বিক্রির খবর শুনে এসেছেন। এদের অধিকাংশ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের। প্রতিদিন দুপুর ২টা থেকে ৫টা ও রাত ১০ টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকে দোকান। 


দোকান গিয়ে দেখা যায়, সকল ধরনের জরুরি পণ্য আছে দোকানে। মানুষ এসে তার পণ্যের তালিকা দিচ্ছেন। মনুষ্যত্বের কর্মীরা তালিকা অনুযায়ী মালামাল সরবারাহের কাজ করছেন। প্রতি কেজি আলু বিক্রয় করছে ৩০ টাকা, যেখানে বাজার মূল্য ৩৫ টাকা। পেঁয়াজ (এলসির) ৮০ টাকা, বাজারমূল্য ১১০ থেকে ১১৫ টাকা।  রসুন দেশী ১৩৫,  বাজার মূল্য ১৫০ টাকা। আদা ২০০ টাকা, বাজারমূল্য ২০০ টাকা। চিনি ১১০ টাকা, বাজারমূল্য ১১৫ টাকা। ছোলা ১০৫ টাকা,  বাজার মূল্য ১১০ টাকা। মসুরি ডাল ১০৫ টাকা কেজি, বাজারমূল্য ১১৫ টাকা। এভাবেই সকল পণ্য বিক্রয় করছে তারা। 


মল্লিকপুর থেকে মনুষত্বের দোকানে পণ্য ক্রয় করতে আসা সালেহীন কবির বললেন, অন্যান্য দোকান থেকে এই দোকানে কম দামে জিনিসপত্র পাওয়া যায়। তারা ভর্তুকি দিয়ে অন্যদের পণ্য দিচ্ছেন। এটা একটা ভালো উদ্যোগ। সুনামগঞ্জ সহ সারাদেশের ব্যবসায়ীরা রমজান মাসে অন্তত তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে মানুষকে কম দামে জিনিসপত্র বিক্রয় করে স্বস্তি দিতে পারেন। তাহলে রমজান মাসটা মানুষ আরামে কাটাতে পারবে। 


মাহে রমজান মাস সিয়াম সাধনার মাস। আরব বিশ্বে সকল পণ্যের দাম কমিয়ে দেয় ব্যবসায়ীরা। আর আমাদের দেশে এ মাস হয়ে উঠে ব্যবসায়ীদের আনন্দের মাস। ইচ্ছেমতো প্রত্যেকটা পণ্যের দাম বাড়িয়ে দেন সিন্ডিকেট করে। সে জায়গায় মনুষ্যত্ব বিদেশের মতো রোযাদারদের জন্য পণ্যের দাম কমিয়ে বিক্রয় করছে এটা অন্যরকম একটা ভালো কাজ। 


মনুষ্যত্ব ফাউন্ডেশনের সদস্য আহমেদ ইমতিয়াজ ফাহিম বলেন, আমাদের রেগুলার পণ্যগুলো বাজারমূল্য থেকে কম মূল্যে বিক্রয় করছি। প্রাইম কার্ডধারীরা ক্রয়মূল্য থেকেও কম দামে পণ্য ক্রয় করতে পারছেন। যেখানে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। আমরা সম্পূর্ণ লাভহীন সেবামূলক একটি প্রতিষ্ঠান। 


আরেক সদস্য মিনহাজুর রহমান বলেন, রমজান আসলেই ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। পণ্য কিনতে কষ্ট হয় মানুষের। সেই কষ্ট কিছুটা লাঘব করতে আমরা চেষ্টা করছি শুধুমাত্র আমাদের ক্রয়মূল্যের সাথে এক কিংবা দুই টাকা মেইন্টেন্স খরচ যোগ করে লাভ ছাড়া পণ্য বিক্রয় করা হচ্ছে। আমরা যারা আছি স্বেচ্ছায় কাজ করছি, আমাদের টাকার কোনো দরকার নেই। ভোগান্তি ছাড়া রমজানে মানুষকে স্বস্তি দেয়াটাই আমাদের লক্ষ্য। 


দোকানের ক্যাশিয়ার আমির হামজা বলেন, প্রথম দুইদিনের ১০ ঘন্টায় আমাদের দুই লক্ষ টাকার পণ্য বিক্রয় হয়েছে। এই পণ্য ভতুর্কি দিয়ে বিক্রয় করা হয়েছে। 


মনুষ্যত্ব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী আল মাহমুদ রাহী বলেন, মনুষ্যত্ব ফাউন্ডেশন একটা স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তদান, লাশ দাফন, এম্বুলেন্স সেবা সহ নানা সামাজিক কাজ আমরা করে যাচ্ছি। আমি চাই সুনামগঞ্জের নামের সাথে মনুষ্যত্ব ফাউন্ডেশনের নাম জড়িত থাকবে। এটা আমার বা যে কারো একার পক্ষে সম্ভব নয়, সকল মানুষ এগিয়ে আসলে একদিন এটা সম্ভব হবে। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার