প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১১:১৮
সংগৃহীত ছবি
খাবারের সময় পানি পান ক্ষুধা কমিয়ে খাদ্যগ্রহণ নিয়ন্ত্রণে সাহায্য করে—এমন প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে নতুন এক গবেষণা। গবেষণায় দেখা গেছে, খাবারের সঙ্গে বেশি পানি পান করলে মানুষ বরং বেশি খাবার খেতে পারে।
যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি ও পেন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত এই গবেষণার ফলাফল সম্প্রতি বৈজ্ঞানিক সাময়িকী এপেটাইট-এ প্রকাশিত হয়েছে।
গবেষণাটি ৮৬ জন প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত দুটি পৃথক পরীক্ষার তথ্য বিশ্লেষণের ভিত্তিতে করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের সামনে বিফ চিলি অথবা চিকেন টিক্কা মাসালা পরিবেশন করা হয় এবং সঙ্গে দেওয়া হয় পানি। অংশগ্রহণকারীরা ইচ্ছামতো খাবার গ্রহণ করতে পারেন। পুরো প্রক্রিয়াটি ভিডিওতে ধারণ করা হয়, যাতে তাদের পানি পানের অভ্যাস বিশ্লেষণ করা যায়।
বেশি পানি, বেশি খাবার
গবেষকরা অংশগ্রহণকারীদের পানি পানের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। এর মধ্যে ছিল কতবার পানি পান করেছেন, প্রতিবার কতটুকু পানি পান করেছেন, কী গতিতে পানি পান করেছেন এবং খাবারের কামড় ও পানির চুমুকের মধ্যে কতবার অদলবদল করেছেন।
বিশ্লেষণে দেখা যায়, যারা বেশি পানি পান করেছেন তারা তুলনামূলকভাবে বেশি খাবারও গ্রহণ করেছেন। প্রতি অতিরিক্ত ১০০ গ্রাম পানি পানের সঙ্গে গড়ে ৩৯ গ্রাম বেশি খাবার খাওয়ার সম্পর্ক পাওয়া গেছে, যা প্রায় ৪৯ অতিরিক্ত ক্যালোরির সমান।
এছাড়া যারা খাবারের কামড় ও পানির চুমুকের মধ্যে বেশি ঘন ঘন পরিবর্তন করেছেন, তারাও বড় পরিমাণে খাবার গ্রহণ করেছেন। প্রতিটি অতিরিক্ত অদলবদলের সঙ্গে গড়ে ৪ দশমিক ৪ গ্রাম বেশি খাবার খাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।
কেন বাড়তে পারে খাদ্যগ্রহণ?
গবেষকদের মতে, খাবারের সময় বারবার পানি পান শরীরের স্বাভাবিক তৃপ্তিবোধের প্রক্রিয়াকে কিছুটা বিলম্বিত করতে পারে। সাধারণত একই ধরনের খাবার দীর্ঘ সময় খেতে থাকলে তার প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমে যায়, যা মানুষকে খাওয়া থামাতে সহায়তা করে।
গবেষণার প্রধান লেখক ও কর্নেল ইউনিভার্সিটির পুষ্টিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. পেইজ কানিংহ্যাম বলেন, খাবারের সময় বারবার পানি পান করলে খাবারের স্বাদ নতুন করে অনুভূত হতে পারে। ফলে খাবার দীর্ঘ সময় উপভোগ্য থাকে এবং মানুষ আরও বেশি সময় ধরে খেতে পারে।
তার ভাষায়, বারবার পানি পান খাবারের স্বাদের অনুভূতিকে পুনরুজ্জীবিত করতে পারে, যার ফলে মানুষ খাবার খেতে আরও আগ্রহী থাকে এবং দীর্ঘ সময় ধরে খেতে পারে।
প্রচলিত ধারণার বিপরীত ফল
অনেকেই মনে করেন, পানি পাকস্থলী ভরিয়ে দেয় এবং ক্ষুধা কমাতে সাহায্য করে। তবে গবেষকরা বলছেন, পানি তুলনামূলক দ্রুত পাকস্থলী থেকে বের হয়ে যায়। ফলে এটি দীর্ঘস্থায়ী তৃপ্তির অনুভূতি তৈরি নাও করতে পারে।
বরং পানি খাবার গিলতে সহজ করে, মুখ শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে এবং দ্রুত খেতে সহায়তা করতে পারে। এর ফলে মোট খাদ্যগ্রহণের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আরও গবেষণার প্রয়োজন
তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, গবেষণাটি তুলনামূলকভাবে ছোট পরিসরে পরিচালিত হয়েছে। তাই এর ফলাফল সব ধরনের খাবার বা সব পরিস্থিতির ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নাও হতে পারে।
তাদের মতে, বিষয়টি সম্পর্কে আরও নির্ভরযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে বৃহত্তর জনগোষ্ঠী এবং বিভিন্ন ধরনের খাবারের ওপর আরও গবেষণা প্রয়োজন।
সূত্র: যুগান্তর .কম
এমডি
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন