নিয়মিত কফি পান লিভার ক্যানসারের ঝুঁকি কমায়, বলছে গবেষণা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১১:৪৩

সংগৃহীত ছবি 

কফি শুধু ঘুম তাড়াতেই নয়, লিভারের সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, নিয়মিত কফি পান করলে ফ্যাটি লিভার, লিভার ফাইব্রোসিস (লিভারে দাগ পড়া) এবং এমনকি লিভার ক্যানসারের ঝুঁকিও কমতে পারে।

 

 

বর্তমানে বিশ্বের প্রায় ২৫ শতাংশ মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। স্থূলতা, ডায়াবেটিস এবং মেটাবলিক সিনড্রোমের সঙ্গে সম্পর্কিত এই রোগ সময়মতো নিয়ন্ত্রণে না আনলে তা লিভার ফাইব্রোসিস, সিরোসিস এবং লিভার ক্যানসারের মতো জটিল অবস্থার দিকে গড়াতে পারে।

 

 

সম্প্রতি যুক্তরাজ্যের বায়োব্যাংকের ৩ লাখ ৫৪ হাজার ৯৫৭ জন অংশগ্রহণকারীকে নিয়ে পরিচালিত একটি দীর্ঘমেয়াদি গবেষণায় কফি ও লিভারের স্বাস্থ্যের সম্পর্ক বিশ্লেষণ করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে কারও পূর্বে সিরোসিস বা লিভার ক্যানসারের ইতিহাস ছিল না। প্রায় ১৩ বছর ধরে তাদের স্বাস্থ্যগত তথ্য পর্যবেক্ষণ করা হয়।

 

 

গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন পাঁচ কাপ বা তার বেশি কফি পান করেন, তাদের মধ্যে লিভার সিরোসিসের ঝুঁকি ৩২ শতাংশ, লিভার ক্যানসারের ঝুঁকি ৪৭ শতাংশ এবং লিভারজনিত কারণে মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কম ছিল, যারা কফি পান করেন না তাদের তুলনায়।

 

 

গবেষকদের মতে, কফিতে থাকা বিভিন্ন জৈব উপাদান লিভারে চর্বি জমা কমাতে সাহায্য করে। এর ফলে ফ্যাটি লিভারের ঝুঁকি হ্রাস পায় এবং শরীরের চর্বি বিপাকক্রিয়াও উন্নত হতে পারে। বিশেষ করে ব্ল্যাক কফি লিভারের ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখতে পারে।  

 

 

কফিতে থাকা পলিফেনল, ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফেইন, ডিটারপিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। গবেষণায় আরও দেখা গেছে, বেশি কফি পানকারীদের লিভারে চর্বি, আয়রন জমা, ফাইব্রোসিস ও প্রদাহের মাত্রা তুলনামূলকভাবে কম ছিল।

 

 

লিভার ফাইব্রোসিস হলো এমন একটি অবস্থা, যেখানে অতিরিক্ত চর্বি, অ্যালকোহল গ্রহণ, হেপাটাইটিস বা অন্যান্য কারণে লিভারের টিস্যুতে দাগ তৈরি হয়। এটি ধীরে ধীরে সিরোসিসের মতো মারাত্মক অবস্থার ঝুঁকি বাড়ায়। গবেষকদের মতে, কফির প্রদাহবিরোধী বৈশিষ্ট্য লিভারের এই ক্ষয়প্রক্রিয়াকে ধীর করতে পারে।

 

 

এছাড়া গবেষণায় ক্যাফেইনযুক্ত ও ডিক্যাফ—উভয় ধরনের কফির ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব দেখা গেছে। তবে গবেষকরা শুধু এই ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত কফি পান শুরু করার পরামর্শ দিচ্ছেন না। কারণ প্রত্যেক মানুষের ক্যাফেইন গ্রহণের সহনশীলতা ভিন্ন।

 

 

বিশেষজ্ঞরা বলছেন, কফি লিভারের জন্য উপকারী হতে পারে, তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয়। ফ্যাটি লিভার বা অন্যান্য লিভার রোগ প্রতিরোধে ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, অ্যালকোহল পরিহার, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।

 

 

তাদের মতে, স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে পরিমিত কফি পান লিভারের সুস্থতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখতে পারে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার