প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৭:২৭
সু.খবর ছবি
স্কুলের পাঠদান শেষে পাশে বেতার সিলেট কার্যালয়ে যান। সেখান থেকে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কায় প্রাণ হারিয়েছেন সিলেট নগরীর ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুরাদ আহমেদ (৫৯)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগরীর মিরের ময়দান এলাকায় স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক মুরাদ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে কেওয়াপাড়া এলাকার ইসমাইল টাওয়ারের ১০২ নম্বর ফ্লাটের বাসিন্দা ছিলেন। তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল।
পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বের হয়ে শিক্ষক মুরাদ মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, নিহত শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিক্ষক মুরাদ আহমদের দুই মেয়ে সন্তানের জনক। একজন পড়ছে ব্লু বার্ড স্কুলেরই নবম শ্রেণিতে, অন্যজন উচ্চশিক্ষা নিচ্ছেন লিডিং ইউনিভার্সিটিতে। তার আকস্মিক মৃত্যুর খবরে বিদ্যালয় প্রাঙ্গণ ও পরিচিত মহলে শোকের পরিবেশ বিরাজ করছে। ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।
সিলেট থেকে আরো পড়ুন