প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ২০:৪২
তারেক রহমান সরকার চালাইতে পারবে না বেশি দিন: নাসীরুদ্দীন পাটওয়ারী
সিলেট জেলায় দুইদিনব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের তিনটি উপজেলায় হয়েছে। এরমধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ সমাবেশে লোক সমাগম বেশি হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এনসিপি মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী সমাবেশে বলেছেন, তারেক রহমান সরকার চালাইতে পারবে না বেশি দিন। দেশে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট ও জ্বালানি সংকট চলছে এবং কৃষি কার্ডসহ বিভিন্ন কার্ড সাধারণ মানুষের বদলে বিএনপির লোকজন পাচ্ছেন। মালয়েশিয়ায় শ্রমবাজার প্রত্যাশিতভাবে উন্মুক্ত না হওয়া এবং চীন সফরে প্রত্যাশিত চুক্তি না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের অর্থনৈতিক স্থবিরতা নেমে এসেছে। বরাবরই উনি ক্ষমতা চালাইতে ব্যর্থ। এই ব্যর্থতার পাল্লা দিন দিন ভারী হচ্ছে।
পাটওয়ারী বলেন, নির্বাচনের সময় তাদের দলের তিনটি প্রধান এজেন্ডা ছিল একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন, রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন এবং আওয়ামী লীগ আমলের অপরাধের বিচার। ৭০ শতাংশ মানুষ ভোট দিয়ে সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। বিএনপিও যদি এই সংস্কারে যে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে এটার বিরুদ্ধে যদি দাঁড়ায় তাহলে জনগণের সামনে বিএনপির পতন হবে।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ক্ষমতায় থাকা যে কোনো দল বা ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো। প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা এমপি যে যে কাজ করবে, সেটা যদি সমালোচনার হয় সে যত বড় ক্ষমতাসীন হোক আমরা তার বিরুদ্ধে সমালোচনা করবো। তিনি বলেন, প্রশাসনিক নিয়োগে দলীয়করণ হচ্ছে এটি চলতে থাকলে এর মাশুল দিতে হবে সাধারণ মানুষকেও। স্থানীয় পর্যায়ে একজন দলীয় নেতা যদি প্রশাসনে দলীয়করণে নীরব থাকেন, তাহলে সরকারি নিয়োগে মেধাবীদের বদলে অযোগ্য প্রার্থীরা টাকার বিনিময়ে সুযোগ পেয়ে যান।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির মধ্যে ক্ষমতার অপব্যবহারকারী অংশের বিরুদ্ধে তারেক রহমান ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধেও সমালোচনা করা হবে। এই ধরনের লুটেরা মাফিয়াদের থেকে তারেক রহমান যদি বিএনপিকে বাঁচাতে না পারেন অথবা তারেক রহমান যদি শেল্টার দেন, তাহলে আপনার বিরুদ্ধে কথা বলতেও আমরা এক চুল ছাড় দেব না।’
সারিজস আরও বলেন, আমাদের আগামী লড়াইটা দলীয় লড়াই না। এটা বিএনপি—এনসিপি—জামায়াতের লড়াই না। এই লড়াইটা হচ্ছে ভালো আর মন্দের মধ্যে লড়াই। ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই। বিএনপিকে যৌক্তিক সমালোচনা গ্রহণের আহ্বান জানিয়ে সারজিস বলেন, আমরা ভুল করতে করতে শিখছি। যৌক্তিক সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দেবেন। আমরা সেগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাব।
উল্লেখ্য, সিলেট জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দ্বিতীয় দিনের মত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি করছে। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শিরোনামে সমাবেশে অনুষ্ঠিত হয়। এই উপজেলা সমাবেশ শেষে বিকাল সাড়ে ৫টায় গোয়াইনঘাট উপজেলায় রওয়ানা হন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গোয়াইনঘাট উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে তারা যাবে জৈন্তাপুর উপজেলায়।
সিলেট থেকে আরো পড়ুন