ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীলংকার কোচ

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১২:৪২

সংগৃহীত ছবি 

ভারতের বিপক্ষে শ্রীলংকার দুই টেস্টের সিরিজ শুরুর ঠিক আগে দেশটির ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের খবর। ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্দো। কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে তার মৃত্যু হয়।

 

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন সুমিত। সেখানে তিনি কিউরেটরের দায়িত্ব পালনের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণও দিতেন। শ্রীলংকার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কুশল মেন্ডিসের ক্রিকেটজীবনের শুরুর দিকের কোচও ছিলেন তিনি।

 

 

গত ৮ আগস্ট ওই ক্রিকেট কোচিং সেন্টারেই ঘটে ঘটনাটি। অনুশীলনের সময় কয়েকজন তরুণ ক্রিকেটার পানি পান করতে গিয়ে দেখেন, কল থেকে পানি আসছে না। বিষয়টি কর্মীদের জানানো হলেও তা নিয়ে অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে ক্রিকেটার ও কর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে গড়ায়।

 

 

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে এগিয়ে যান সুমিত ফার্নান্দো। তবে সংঘর্ষের মধ্যে তিনিও মারধরের শিকার হন। অভিযোগ অনুযায়ী, ১৭ বছর বয়সি এক ক্রিকেটারের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কলম্বোর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত সুমিতের মৃত্যু হয়। ঘটনার পরই ওই ১৭ বছর বয়সি ক্রিকেটারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত সে হেফাজতেই থাকবে।

 

 

সুমিত ফার্নান্দোর মৃত্যুতে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে এমন মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির ক্রিকেটসংশ্লিষ্ট অনেকেই।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার