প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১২:৫৯
সংগৃহীত ছবি
বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ গত ১১ আগস্ট এক গোপন ও জমকালোহীন ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুধুমাত্র পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।
এই তারকা দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই এবার বিয়ের চুক্তি এবং সম্ভাব্য বিচ্ছেদের ক্ষেত্রে আর্থিক শর্তাবলী নিয়ে নানা তথ্য সামনে এসেছে।
মেক্সিকান সংবাদমাধ্যম ‘এন পারেহা’-র প্রতিবেদন এবং সরকারি রেজিস্ট্রি নথি অনুযায়ী, রোনালদো ও জর্জিনা ‘সম্পদের পৃথকীকরণ’ কাঠামোর অধীনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
পর্তুগিজ আইন অনুসারে এই চুক্তির মূল শর্তাবলী অনুযায়ী, দুজনের নিজ নিজ সম্পত্তি তাদের ব্যক্তিগত মালিকানায় থাকবে। বিয়ের আগে বা পরে অর্জিত সমস্ত সম্পদ, আয় এবং বিনিয়োগের ওপর রোনালদো ও জর্জিনা—উভয়েরই যার যার নিজস্ব পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
ভবিষ্যতেও যদি কখনো তাদের বিচ্ছেদ ঘটে, তবুও তাদের অর্জিত সম্পদের কোনো স্বয়ংক্রিয় ভাগাভাগি হবে না।
এ ছাড়া, রোনালদোর বর্তমান ফুটবল ক্লাব আল নাসর থেকে প্রাপ্ত বিশাল অঙ্কের বেতন, বিভিন্ন স্পন্সরশিপ চুক্তি এবং ‘পেস্তানা সিআরসেভেন’ হোটেল চেইনের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমস্ত আয় এককভাবে রোনালদোর নামেই সংরক্ষিত থাকবে।
বিচ্ছেদ ঘটলে জর্জিনা যা পাবেন
পর্তুগিজ ম্যাগাজিন টিভি গিয়া-র প্রতিবেদন অনুযায়ী, রেজিস্ট্রেশন ফর্মে কিছু সুনির্দিষ্ট শর্ত রয়েছে যা বিচ্ছেদ ঘটলেই কার্যকর হবে।
এই তারকা দম্পতির বিচ্ছেদ হলে জর্জিনা রোনালদোর কাছ থেকে প্রতি মাসে প্রায় ১,০০,০০০ ইউরো খোরপোষ হিসেবে পাবেন। পাশাপাশি মাদ্রিদের অভিজাত এলাকা ‘লা ফিনকা’-তে অবস্থিত যৌথ বিলাসবহুল প্রাসাদটির একক মালিকানাও পাবেন জর্জিনা। বর্তমানে এই সম্পত্তির মূল্য ৫৬ লাখ মার্কিন ডলারের বেশি।
উল্লেখ্য, রোনালদোর পাঁচ সন্তান এবং কয়েকজন অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি এই বিয়েতে উপস্থিত ছিলেন বলে জানা যায়। তবে জাতীয় দল বা আল নাসর ক্লাবের কোনো সতীর্থ বা অন্যান্য খ্যাতিমান তারকাকে এই অনুষ্ঠানে দেখা যায়নি।
সূত্র: যুগান্তর .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন