প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২২:২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় শুক্রবার অনুষ্ঠিত হলো সিলেট বিভাগীয় পাঠক সমাবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মশিউর রহমান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও ভারপ্রাপ্ত অতিঃ ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারুল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক মুঃ বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব), প্রশাসন ও হিসাব মোছাঃ মরিয়ম বেগম এবং সিলেট বিভাগীয় সরকারি গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরি মোঃ সাইফুল ইসলাম লিমন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেন, জ্ঞানের ক্ষুধা নিবারণের জন্য বই পড়া প্রয়োজন। আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে ও জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বই পাঠের বিকল্প নেই। অভিভাবকদের উচিত সন্তানের হাতে স্মার্ট ডিভাইসের পরিবর্তে বই তুলে দেওয়া। আর যেহেতু সরকার এই বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন সেহেতু নজরুলের রচনাসমগ্র গুরুত্ব দিয়ে পড়ার পরামর্শ দিয়ে তিনি তার বক্তব্যে শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমিয়ে বইমুখী হওয়ার জন্য আহবান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক মুঃ বিল্লাল হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়াতে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলাম লিমন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগীয় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক—সদস্যসহ গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন