প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১০:৪৮
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালের পর সংঘটিত অপ্রীতিকর ঘটনার জেরে ফিফার ডিসিপ্লিনারি কমিশনের দেওয়া শাস্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শুক্রবার ফিফার তদন্তের রায় প্রকাশের পর নিজেদের অবস্থান জানিয়ে আপিলের ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়সহ একজন কোচিং স্টাফকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে ফিফা। এর মধ্যে লিয়ান্দ্রো পারেদেস পেয়েছেন সর্বোচ্চ ১০ ম্যাচের নিষেধাজ্ঞা। নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে নিষিদ্ধ করা হয়েছে এক ম্যাচের জন্য। একই ঘটনায় স্পেনের গাভিকেও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার পাশাপাশি অর্থদণ্ডও করা হয়েছে। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা দিতে হবে। অন্যদিকে শাস্তিপ্রাপ্ত বাকি তিনজনকে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।
তবে ফিফার শাস্তি শুধু ফাইনালের পরের সংঘর্ষেই সীমাবদ্ধ নয়। বিশ্বকাপ চলাকালে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও একাধিক তদন্ত চালানো হয়। বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে বিলম্ব, নিরাপত্তা বিধি লঙ্ঘন, মাঠে বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শনের মতো অভিযোগও ছিল তদন্তের আওতায়।
বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘মালভিনাস আর্জেন্টাইনস’ লেখা ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন নিয়ম ভঙ্গের ঘটনায় এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করেছে ফিফা। পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচ স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার মধ্যে ১ লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করার নির্দেশও রয়েছে।
ফিফার সিদ্ধান্তের পর এক বিবৃতিতে এএফএ জানায়, সংস্থা ও খেলোয়াড়দের অধিকার রক্ষায় তাদের আইনি বিভাগ শাস্তির সিদ্ধান্তের কারণ জানতে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইবে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ফিফার আপিল কমিটিতে আবেদন করার প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে পরবর্তী ধাপে স্পোর্টস আরবিট্রেশন কোর্টে (সিএএস) যাওয়ার পথও খোলা রাখছে আর্জেন্টিনা।
সূত্র: যুগান্তর .কম
এমডি
খেলাধুলা থেকে আরো পড়ুন