রোনালদো-ফেলিক্সের ঝলকে জয় দিয়ে লিগ শুরু আল-নাসরের

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৩:১২

সংগৃহীত ছবি 

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের দুর্দান্ত পারফরম্যান্সে সৌদি প্রো লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে আল-নাসর। আল-রিয়াদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন মৌসুমে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে তারা। প্রথম দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিগে দারুণ সূচনা করেছে অ্যাঞ্জ পোস্টেকোগলুর দল।

 

 

প্রিন্স ফয়সাল বিন ফাহদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল-নাসর। ১৮ মিনিটেই এগিয়ে যায় তারা। অ্যাঞ্জেলোর ইনসুইং কর্নার থেকে ব্যাক পোস্টে মাথা ছুঁইয়ে গোল করেন আবদুলেলাহ আল আমরি।

 

 

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেলো। সিক্স-ইয়ার্ড বক্সের কাছ থেকে আবদুল্লাহ আল হামদান সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে ফিরতি বল পেয়ে নিখুঁত শটে জালে পাঠান অ্যাঞ্জেলো।

 

 

বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে আল-নাসরের আক্রমণ। কিংসলে কোমানের দূরপাল্লার শট অবশ্য গোলরক্ষক মিলান বোরজানকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। তবে জোয়াও ফেলিক্স সুযোগ পেয়ে ভুল করেননি। কয়েকজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ঠান্ডা মাথায় বল ডানদিকের নিচের কোণে পাঠিয়ে দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

 

 

চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নামার পরপরই আক্রমণে প্রভাব ফেলতে শুরু করেন তিনি। ম্যাচের ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার পাস দারুণভাবে নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে আল-রিয়াদের জালে বল পাঠান ৪১ বছর বয়সি এই তারকা।

 

 

এই গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৭। ফলে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক এখন আরও কাছে। ফুটবল মহলে আলোচনা রয়েছে, চার অঙ্কের গোলসংখ্যায় পৌঁছানোর পরই হয়ত বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

 

 

ম্যাচের শেষ ২৮ মিনিট মাঠে থাকা রোনালদো অল্প সময়েই আক্রমণে নিজের ছাপ রাখেন। আল-নাসরের হয়ে সর্বোচ্চ তিনটি শট নেন তিনি, যার দুটি ছিল গোলমুখে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার