আদর্শনিষ্ঠ রাজনীতিচর্চাই পারে ত্যাগীদের সম্মান দিতে

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:১০

‘নতুনদের ভিড়ে ত্যাগী কর্মীরা সামনে আসতে পারছে না’— উদ্ধৃতাংশের কথাগুলো বলেছেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শনিবার জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলনে সামনের সারিতে ছিলেন তারা আজ পিছনের সারিতে। দুঃসময়ের ত্যাগী নেতা—কর্মীদের সাংগঠনিকভাবে যথাযথ মূল্যায়নের জন্য তিনি উপজেলা নেতৃত্বের প্রতি আহ্বান জানান। তরুণ এই সংসদ সদস্য বর্তমান রাজনীতির এক রূঢ় বাস্তবতাকে সামনে নিয়ে এসেছেন। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির এমন বৈশিষ্ট্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লক্ষ্য করা যায়। দলীয় আদর্শ—উদ্দেশ্যের প্রতি নিবেদিত কর্মীরা কখনও পদ—পদবি অথবা সুদিনে সুবিধা পাওয়ার আশায় কিছু করেন না। তাঁরা আদর্শের প্রতি অনুগত থেকে সবসময় দলের সমস্ত কর্মসূচি পালনে নিবেদিত থাকেন। এই আদর্শনিষ্ঠ কর্মীরাই একটি রাজনৈতিক দলের আসল শক্তি। কিন্তু দলের সুসময়ে এরাই পিছনে পড়ে যান। তাঁরা তখন আর সুবিধাভোগী রাজনীতির সুসময়ের কোকিলদের উৎপাতে সামনে থাকতে পারেন না। সামনে থাকার জন্য যে ধরনের কাজ করতে হয় আদর্শবান কর্মীরা তাতে অনভ্যস্ত। অথচ দুর্দিনে পিছনে থাকা এই কর্মীরাই সবকিছু ভুলে আবারও দলকে রক্ষার কঠিন দায়িত্ব গ্রহণ করেন। সংসদ সদস্য রাজনীতির এই রুক্ষ—কঠিন অবস্থা দূর করে আদর্শনিষ্ঠ কর্মীদের মূল্যায়নের যে আহ্বান জানিয়েছেন, সেটি মূলত রাজনৈতিক সংস্কৃতিকে সুস্থ, সুন্দর ধারায় ফিরিয়ে আনার ইচ্ছাপ্রসূত। রাজনীতিকে যদি আমরা শোভন ও দায়বদ্ধ জায়গায় প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে দলীয় আদর্শ বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের প্রতি দেয়া অঙ্গীকার ও প্রতিশ্রম্নতি বাস্তবায়ন করাও দূরূহ বিষয় হয়ে উঠে।  দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দলকে জনগণের সাথে সম্পৃক্ত রাখার কঠিন জায়গায় উত্তীর্ণ হওয়ার পরীক্ষায় আজ বিএনপিকে সফলতা দেখাতে হবে। সংসদ সদস্য কামরুল তাই যথার্থই বলেছেন, ‘ত্যাগীদের মূল্যায়ন না করলে সামনের কঠিন দিনে আন্দোলন করার মতো লোক পাওয়া যাবে না’। দল ও জনগণ একে অপরের সাথে ঘনিষ্ট সম্পর্কের বন্ধনে আবদ্ধ। এই সম্পর্ক ততক্ষণই অটুট থাকে যতক্ষণ মানুষ মনে করে দলটি গণমুখী অবস্থান বজায় রাখতে পেরেছে। রাজনীতি মানে রাজার নীতি নয়, এটি হলো নীতির রাজা। অর্থাৎ সর্বোত্তম নীতিই হলো রাজনীতি। কিন্তু কেন জানি ক্ষমতায় যাওয়ার পর কিছু নেতা সেটি ভুলে বসে থাকেন। এই জায়গায় ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারলে গণতন্ত্র যেমন সংহত হয়, উন্নয়নও ততো তরান্বিত হয়; মানুষের মুখের হাসি চওড়া হওয়ার সুযোগ পায়। 

 


প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত স্থাপনের জন্য দিবা—রাত্র কাজ করছেন। তিনি যতোটা সম্ভব কম রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ করে সকলকে ওই পথ অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করছেন। আমাদের রাজনীতিকদের বিলাসপ্রবণ কিংবা ক্ষমতাদম্ভী হওয়ার কোনো সুযোগ নেই। দেশটি নানবিধ সংকটে পতিত। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে কিছু সমস্যা বিস্তৃত হচ্ছে। এইসব সংকট কাটিয়ে গণমানুষকে স্বস্তিকর জীবন উপহার দিতে হলে রাজনীতিকদের দক্ষ নাবিকের মতো দেশের হাল ধরতে হবে। মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে পারলে মানুষ অসহনশীল আচরণ থেকে বিরত থাকবে। তখন অল্পে সন্তুষ্ট থাকার জাতীয় মানসিকতা তৈরি হয়ে যায়। কিন্তু এর পরিবর্তে রাজনীতিকরা যদি রাজকীয় চাল—চলনে অভ্যস্ত হয়ে পড়েন, যোগ্যকে যথাযথ স্থান না দেন, রাষ্ট্রীয় সুবিধার ন্যায্যবণ্টন নিশ্চিত না করেন, দুর্নীতি দূর ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় অনমনীয় না থাকেন; তাহলে জনগণের ক্ষোভ বিস্ফোরিত হয়। আর জানা কথা, এই সরকারকে ব্যর্থ করতে নানা শক্তি প্রতিনিয়ত সুযোগের অপেক্ষায় রয়েছে। সুতরাং নেতৃত্বকে বলিষ্টভাবে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে গণমুখী অবস্থানকে দৃঢ়ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে হবে। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এই অনুভব কেবল তাঁর একার নয়, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত আদর্শনিষ্ঠ অগণিত নেতা—কর্মীর মনের কথা। সর্বস্তরের নেতৃত্বকে বিগত অন্ধকার সময়ের কথা মনে রেখে আবারও সেই গর্তে না ঢুকার ব্যাপারে প্রত্যয়ী থাকতে হবে। 

 


আমরা সর্বাবস্থায় একটি ভালো স্বদেশ ও সুখী জনগোষ্ঠী দেখার অভিপ্রায়ী। আমরা গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্যে উদ্ভাসন অভিপ্রায়ী। আমরা বিশে^র বুকে মাথা—উঁচু জাতির পরিচয়গর্বে বলীয়ান হতে চাই। এইসব চাওয়া তখনই পূরণ হবে যখন রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত রাজনৈতিক দলগুলো হবে সবদিক থেকে উত্তম এবং জনগণের কল্যাণের জন্য নিবেদিত। ওই আদর্শপানেই সকলের কর্মপ্রয়াস নিবেদিত থাকুক।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার