প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৮
অবশেষে শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত নৌকাবাইচ প্রতিযোগিতা। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধলমৈশা—হাঁসকুড়ি এলাকাকে ঘিরে এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নৌকা বাইচকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হওয়া মতবিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিরূপ মন্তব্যের পর বিষয়টি নিয়ে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। পরে বীরগাঁওয়ের গ্রামবাসী এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান—১ রুজেল আহমদসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে নৌকা বাইচ আয়োজনের বিষয়ে সকলে একমত হন।
আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের সংস্কৃতি ধরে রাখতেই এই আয়োজন। শান্তিপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহযোগিতা নেওয়া হচ্ছে।
এর আগে নৌকা বাইচকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা প্রকাশ করে তা বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছিল। বিষয়টি গণমাধ্যমে গুরুত্বসহকরে প্রচার হলে প্রশাসনের পক্ষ থেকেও গুরুত্বের সাথে দেখা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র মাধ্যমে আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চলছে।
নৌকা বাইচ আয়োজক কমিটির সদস্য আলী হোসেন বলেন, আমরা উভয়পক্ষ বসে একটি সমাধানে গিয়েছি। আজ উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।
পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান—১ রুজেল আহমদ বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএনও স্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। উভয় পক্ষকে নিয়ে বসেছেন। সকলের সাথে কথা বলে একটি সুন্দর সমাধান এসেছে। আয়োজকরা পরিষদে এসে পরিষদকে দাওয়াত দিয়েছেন, অবগত করেছেন এবং সহযোগিতা চেয়েছেন। আমাদের মাঝে এখন আর কোনো বিভেদ নেই, আমরা নৌকা বাইচে উপস্থিত থাকবো।
তিনি বলেন, আমরাও চাই নৌকা বাইচ অনুষ্ঠিত হোক। কারণ এটি গ্রামবাংলার ঐতিহ্য। ঐতিহ্য রক্ষায় সকলে কাজ করা উচিত।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছি। দু’পক্ষের সাথে প্রায় ঘন্টাব্যাপী আলোচনা করে বিষয়টি সমাধান হয়েছে। নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। পুলিশ প্রশাসনকে বলেছি তাদের ফোর্স রাখার জন্য। আমরাও উপস্থিত থাকবো। আশাকরি সুন্দর ও উৎসবমুখর একটি প্রতিযোগিতা আমরা উপভোগ করবো।
শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ বলেন, সমস্যা সমাধানের পর আর কোনো সমস্যা দেখছি না। আমাদের ফোর্স থাকবে। সবাই উপস্থিত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন