খাওয়ার পরও পেট ফাঁপছে? জানুন ভয়াবহ কারণ

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১০:২৩

সংগৃহীত ছবি

খাওয়ার পর পেট ফাঁপা বা পেট ভার লাগাকে অনেকেই সাধারণ ‘গ্যাসের সমস্যা’ বলে এড়িয়ে যান। তবে খাবারের পর নিয়মিত এমন সমস্যা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। কারণ পেট ফাঁপার পেছনে শুধু গ্যাস নয়, হজমের বিভিন্ন সমস্যা এমনকি পাকস্থলী ধীরে খালি হওয়ার মতো জটিলতাও থাকতে পারে।

 

 

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসক হর্ষবর্ধন রাও বি. জানান, পেট ফাঁপা ও পেটে অস্বস্তি গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের অন্যতম সাধারণ সমস্যা।

 

 

তার মতে, দীর্ঘদিন পেট ফাঁপার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে ফাংশনাল ডিসপেপসিয়া, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) ও কোষ্ঠকাঠিন্য। এ ছাড়া ল্যাকটোজ অসহিষ্ণুতা এবং সিলিয়াক রোগও এর কারণ হতে পারে।

 

 

অনেকে পেট ফাঁপার সমস্যা কমাতে জোয়ানের পানি, জিরার পানি, অ্যান্টাসিড বা বিভিন্ন হজমের ওষুধ ব্যবহার করেন। এতে সাময়িক স্বস্তি মিললেও সমস্যার প্রকৃত কারণ দূর হয় না।

 

চিকিৎসক রাও বলেন, অ্যাসিডিটির কারণে না হওয়া পেট ফাঁপায় অ্যান্টাসিড কার্যকর নয়। নির্দিষ্ট ঘাটতি না থাকলে হজমের এনজাইমযুক্ত ওষুধের কার্যকারিতার পক্ষেও পর্যাপ্ত প্রমাণ নেই। একইভাবে বেশিরভাগ প্রোবায়োটিকের কার্যকারিতা নিয়েও যথেষ্ট তথ্য পাওয়া যায় না।

 

 

পেট ফাঁপার আরেকটি কারণ হতে পারে গ্যাস্ট্রোপেরেসিস। এতে পাকস্থলী স্বাভাবিকের তুলনায় ধীরে খাবার ক্ষুদ্রান্ত্রে পাঠায়। কোনো শারীরিক বাধা না থাকলেও পাকস্থলীর পেশি ও স্নায়ুর সমস্যার কারণে খাবার দীর্ঘ সময় পাকস্থলীতে থেকে যেতে পারে।

 

 

এ অবস্থায় অল্প কয়েক লোকমা খাবার খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি হতে পারে। দীর্ঘ সময় পেট ভার থাকা, পেট ফাঁপা, বমিভাব, অ্যাসিড রিফ্লাক্স এবং পেটের ওপরের অংশে অস্বস্তিও দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে অনেক ঘণ্টা বা এমনকি কয়েক দিন আগে খাওয়া খাবারও বমি হয়ে বেরিয়ে আসতে পারে।

 

 

দীর্ঘদিনের ডায়াবেটিস গ্যাস্ট্রোপেরেসিসের সবচেয়ে পরিচিত কারণগুলোর একটি। এ ছাড়া পরিপাকতন্ত্রে অস্ত্রোপচার, কিছু স্নায়বিক ও অটোইমিউন রোগ এবং নির্দিষ্ট কিছু ওষুধও এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।

 

 

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বড় খাবারের পরিবর্তে অল্প অল্প করে খাওয়া, খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া এবং প্রয়োজন অনুযায়ী খাবারে চর্বি ও আঁশের পরিমাণ পরিবর্তন করা উপকারী হতে পারে। ডায়াবেটিস থাকলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ।

 

 

তবে পেট ফাঁপার সঙ্গে অনিচ্ছাকৃত ওজন কমে যাওয়া, দীর্ঘদিন বমি, খাবার গিলতে সমস্যা, রক্তস্বল্পতা, মলে রক্ত, পরিবারে পরিপাকতন্ত্রের ক্যানসারের ইতিহাস থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ৪৫ বছর বয়সের পর নতুন করে এ ধরনের সমস্যা শুরু হলেও বিষয়টি অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

 

বিশেষজ্ঞদের মতে, মাঝে মধ্যে বড় খাবার খাওয়ার পর পেট ফাঁপা স্বাভাবিক হতে পারে। কিন্তু খাবারের পর বারবার একই সমস্যা হলে সেটিকে শুধু ‘গ্যাস’ বলে এড়িয়ে না গিয়ে এর প্রকৃত কারণ খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ।

সূত্র: যুগান্তর .কম

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার