প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১০:২৫
সংগৃহীত ছবি
সিলেটে নাগরিক সেবা সহজ করতে প্রথমবারের মতো চালু হচ্ছে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস)। এর মাধ্যমে ঘরে বসেই ভবনের নকশা অনুমোদনসহ বিভিন্ন নাগরিক সেবার জন্য আবেদন করা এবং আবেদনের অগ্রগতি ট্র্যাক করা যাবে।
একই সঙ্গে প্রবাসীদের দ্রুত সেবা নিশ্চিত করতে ইসিপিএসের সঙ্গে যুক্ত হচ্ছে ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’। এর মাধ্যমে এক মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।
শনিবার (৩ অক্টোবর) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, সিলেটকে আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিউক কাজ করছে। পরিকল্পিত নগরায়ণে তরুণ প্রজন্মকে যুক্ত করার পাশাপাশি আবাসন খাতের সংশ্লিষ্ট সব পক্ষকে একটি প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিউক যাত্রার শুরু থেকেই নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে কাজ করছে। ইসিপিএস তারই বাস্তব প্রতিফলন। এর মাধ্যমে সেবাপ্রার্থীরা ঘরে বসেই নাগরিক আবেদন জমা দিতে পারবেন এবং আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন। প্রবাসীদের জন্য দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে ইসিপিএসের সঙ্গে ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ যুক্ত থাকবে। এর মাধ্যমে এক মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।
তিনি আরও বলেন, সুপরিকল্পিত সিলেট গড়ে তুলতে তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের চিন্তা ও পরিকল্পনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা হচ্ছে। বিশ্ব বসতি দিবসের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নগরায়ণ ও আবাসন বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানো হবে।
আগামী ৫ অক্টোবর সারা দেশের মতো সিলেটেও প্রথমবারের মতো বিশ্ব বসতি দিবস উদযাপন করবে সিউক। এ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সিউক।
প্রথম দিনের কর্মসূচিতে থাকবে র্যালি, আলোচনা সভা, ইসিপিএস উদ্বোধন, শিক্ষার্থীদের নিয়ে আইডিয়া প্রতিযোগিতা, মডেল প্রদর্শনী, স্টল ও আলোকচিত্র প্রদর্শনী।
পরদিন ৬ অক্টোবর নগরের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর টেকসই নগরায়ণ ও আবাসন বিষয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। একই দিন আইডিয়া ও আলোকচিত্র প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়ন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনের আয়োজন শেষ হবে।
এসব কর্মসূচিতে আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব নগরী বিনির্মাণের পরিকল্পনা তুলে ধরবেন সংশ্লিষ্টরা।
বিশ্ব বসতি দিবসকে সামনে রেখে সিলেটে প্রথমবারের মতো আবাসন খাতের বিভিন্ন অংশীজনকে একই প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্মসহ বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।
সিউক জানিয়েছে, আগে সিলেটে বিশ্ব বসতি দিবসের আয়োজন সিলেট গণপূর্ত বিভাগের উদ্যোগে হলেও এবারই প্রথম সিউক দিবসটি আয়োজন করছে। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে দুই দিনের কর্মসূচি সাজানো হয়েছে।
দুই দিনের আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আবাসন ও নগরায়ণ বিষয়ে ভাবনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন মডেল প্রদর্শনী এবং আলোকচিত্র প্রদর্শনী। ইতোমধ্যে নগরায়ণসংক্রান্ত ৩০টির বেশি ভাবনা জমা পড়েছে বলে জানিয়েছে সিউক।
সিউক চেয়ারম্যান বলেন, তরুণ প্রজন্মের চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পরিকল্পিত নগরায়ণের পথ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে আবাসন খাতের সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে যুক্ত করে আধুনিক ও টেকসই সিলেট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সিউকের পক্ষ থেকে বলা হয়েছে, ইসিপিএস চালুর ফলে নাগরিকদের সেবা গ্রহণে সরাসরি দপ্তরে আসার প্রয়োজন কমবে। অনলাইনে আবেদন ও অগ্রগতি অনুসরণের সুযোগের পাশাপাশি প্রবাসীদের জন্য বিশেষ সেবা চালু হওয়ায় নকশা অনুমোদনসহ সংশ্লিষ্ট সেবাগুলো আরও সহজ ও দ্রুত করার সুযোগ তৈরি হবে।
সূত্র: কালবেলা .কম
এমডি
সিলেট থেকে আরো পড়ুন