শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ১৩:৫৯

সু.খবর ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধ কল্পে 'ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান-২০২৬' এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় অভিযানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

 

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, সবাইকে ধন্যবাদ, আপনারা এত সকালে এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনুভব করেছেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। সেই লক্ষ্যেই ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগ।

 

 

তিনি বলেন, আমরা যদি আমাদের ক্যাম্পাসকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি, তবে ডেঙ্গুসহ নানা ধরণের স্বাস্থ্যঝুঁকি ও বিপদ থেকে রক্ষা পাব। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজ আমরা এই কার্যক্রমের সূচনা করলাম। ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডি এবং প্রভোস্ট বডিসহ সকলকে নিয়ে আমরা একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করব।

 

 

ক্যাম্পাস পরিচ্ছন্নতার গতিধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে উপাচার্য আরও বলেন, আমাদের ক্যাম্পাস অনেক বড় হওয়ায় প্রাথমিক কাজের জন্য কিছু বাইরে থেকে কর্মী আনা হয়েছে। পুরো কার্যক্রমটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আগামী শনিবার বা রবিবারে আমরা নিজেরাও সরাসরি পরিচ্ছন্নতা কাজে অংশ নেব। আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

 

 

পরিচ্ছন্নতা অভিযানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনগুলোকেও আহ্বান জানান, যাতে তারাও এ ধরণের ভালো ও সচেতনতামূলক কাজে এগিয়ে আসে।

 

তিনি ক্যাম্পাসের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই উদ্যোগে আন্তরিকতার সাথে অংশ নেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এছাড়া, উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট, গ্যারেজসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এছাড়া তিনি ফুডকোর্ট ও আশপাশের টং দোকান মালিকদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, এসব এলাকায় যাতে কোনো ধরণের ময়লা-আবর্জনা না থাকে এবং তারা যেন নিজ দায়িত্বে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন।

 

 

অভিযানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ সংলগ্ন এলাকা, আবাসিক এলাকা, লেক, খাল এবং ক্যাম্পাসের উন্মুক্ত স্থানসমূহে জমে থাকা আগাছা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা পরিষ্কার করা হবে। একইসাথে এডিস মশার লার্ভা ধ্বংস ও মশা নিধনে ফগার মেশিনের সাহায্যে ওষুধ ছিটানো হবে।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সদস্যবৃন্দ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার