তবলাশিল্পী পিনুসেন দাশ পেলেন ‘পণ্ডিত বিজন চৌধুরী সম্মাননা’

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৬ ২২:৫৩

তবলাবাদন, শিক্ষকতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘পণ্ডিত বিজন চৌধুরী সম্মাননা’—২০২৬ পেয়েছেন তবলাশিল্পী পিনুসেন দাশ। বাংলাদেশের কীর্তিমান তবলাশিল্পীদের জীবন ও কর্ম সংরক্ষণে তাঁর গবেষণামূলক কাজও এ সম্মাননার অন্যতম কারণ।

 


সম্প্রতি চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আনন্দী সঙ্গীত একাডেমি আয়োজিত ‘পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন’—২০২৬—এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
সিলেট শহরে জন্ম ও বেড়ে ওঠা পিনুসেন দাশ অল্প বয়সেই তবলাশিল্পী হিসেবে পরিচিতি পান। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত সিলেট শিশু একাডেমির সংগীত বিভাগের তবলা সহযোগী ছিলেন। ১৯৯৩ সালে বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় তবলাশিল্পী এবং ২০০১ সালে সিলেটের প্রথম তবলাশিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন।

 


২০০১ সালে ছায়ানটে তবলা গুরু হিসেবে যোগ দিয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন তিনি। পাশাপাশি দেশ—বিদেশের বিভিন্ন মঞ্চে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে তবলাসংগত করেছেন। ‘বেঙ্গল ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল’—এ ২০১৬ ও ২০১৭ সালে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সঙ্গে তবলাবাদনে অংশ নেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোয় অনুষ্ঠিত বঙ্গ সম্মেলনে একমাত্র বাংলাদেশি মিউজিশিয়ান হিসেবে তবলাবাদনে অংশগ্রহণ করেন।

 


প্রায় তিন দশকের শিল্পীজীবনে ভারতের পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, পণ্ডিত কুমার প্রসাদ মুখার্জি, বিদূষী শুভ্রা গুহ, উস্তাদ আরশাদ আলী খানসহ বহু গুণী শিল্পীর সঙ্গে তবলাসংগত করেছেন পিনুসেন দাশ। বাংলাদেশের ড. সনজীদা খাতুন, ওয়াহিদুল হক, পণ্ডিত রামকানাই দাশ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, মিতা হক ও অদিতি মহসিনসহ বরেণ্য শিল্পীদের সঙ্গেও মঞ্চে তবলাসংগত করেছেন তিনি। তবলা শিক্ষায়ও রয়েছে তাঁর অবদান। ২০০৭ সালে প্রকাশিত হয় তাঁর ‘তবলার সহজ পাঠ’ এবং ২০২৩ সালে প্রকাশিত হয় গবেষণাধর্মী গ্রন্থ ‘বাংলাদেশের কীর্তিমান তবলাসাধক’। দ্বিতীয় গ্রন্থে বাংলাদেশের প্রায় দেড়শ বছরের গুণী তবলাশিল্পীদের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে।

 


বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী পিনুসেন দাশ তবলাবাদনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে তবলা শিক্ষা ও এর প্রসারে কাজ করছেন। তিনি একুশে পদকপ্রাপ্ত সংগীতসাধক পণ্ডিত রামকানাই দাশের পুত্র।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার