প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬ ২৩:১০
লিডিং ইউনিভার্সিটিতে আইইইই ডে—২০২৬ উদযাপন করা হয়েছে। শুক্রবার আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি—১ এ আইইইই ডে—২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত The Concept of Net Energy Metering (NEM): Guidelines of SREDA সেমিনারে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, কারিকুলাম ভিত্তিক পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। শুধুমাত্র ভালো সিজিপিএ পেলেই হবেনা প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অন্যান্য বিষয়েও নিজেদের সম্পৃক্ত রাখতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ যখন একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই সেমিনারে একটি সবুজ জাতি গঠনে বাড়ির ছাদে সৌরশক্তি, দ্বিমুখী মিটারিং (বাই—ডিরেকশনাল মিটারিং) এবং নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ের রূপান্তরমূলক সম্ভাবনাকে তুলে ধরা হয়েছে, যা ইইই প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
টেকনিক্যাল সেশনে ইইই বিভাগের বিভাগীয় প্রধান এবং আইইইই এলইউএসবি (IEEE LUSB)—এর কাউন্সিলর মো. নিয়াজ মোরশেদুল হক, সাসটেইনেবল এন্ড রিনিউবেনল এনার্জি ডেভেলপমেন্ট অথোরিটি (SREDA) নির্দেশিকা এবং নেট এনার্জি মিটারিং—এর ব্যবহারিক তাৎপর্য বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
সেশন কোঅর্ডিনেটর ইইই বিভাগের প্রভাষক এবং আইইইই এলইউএসবি (IEEE LUSB)—এর মেন্টর ফাহমিদা সুলতানা একটি আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষণীয় অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেন।
এই উদযাপনের অংশ হিসেবে ছিল ‘আইইইই ডে’ উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান এবং একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা, যা প্রকৌশলবিদ্যার প্রকৃত জ্ঞান ও চেতনাকে বিকশিত করে। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট থেকে আরো পড়ুন