প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬ ২১:৩৮
রণেশ দাশগুপ্তের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন -সংগৃহীত ছবি
সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন লড়াই করেছেন সাহিত্যিক, সাংবাদিক ও মার্কসবাদী তাত্ত্বিক রণেশ দাশগুপ্ত। তার সেই আদর্শিক সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের নেতারা। গান, আবৃত্তি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে কমরেড মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের ষষ্ঠ তলায় তার ২৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘একজন তুখোড় সাংবাদিক, সাহিত্যিক ও অসামান্য প্রাবন্ধিক হিসেবে রণেশ দাশগুপ্ত তার জীবনকালে সবসময়ই আশপাশের মানুষকে শিখিয়ে গেছেন কীভাবে সৎ থেকে, নিজের আদর্শে অটল থেকে সমাজ পরিবর্তনের স্বার্থে ইতিবাচক কাজ করা যায়। আজীবন একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত সাম্যবাদী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে লড়াই-সংগ্রাম করে গেছেন তিনি।’
সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, ‘রণেশ দাশগুপ্ত নিজের লেখা ও কার্যক্রমের মধ্য দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন সাম্যবাদী সমাজব্যবস্থার গুরুত্ব। ব্যক্তিগত জীবনের সমস্ত সাধ-আহ্লাদ বিসর্জন দিয়ে তিনি আজীবন সমাজতান্ত্রিক আদর্শের লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করেছেন।’
উদীচীর ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের রচয়িতা রণেশ দাশগুপ্তের আদর্শিক সংগ্রাম তুলে ধরেন সহসভাপতি প্রবীর সরদার। তার ভাষ্য, ‘১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী-সংগ্রামী সত্যেন সেনসহ বেশ কয়েকজন প্রগতিশীল মুক্তচিন্তার মানুষকে সঙ্গে নিয়ে রণেশ দাশগুপ্ত প্রতিষ্ঠা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। যেকোনো ধরনের অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার থাকার শিক্ষা দিয়ে গেছেন তিনি ।’
উদীচী কেন্দ্রীয় সংসদের একাংশের সহসভাপতি শিবানী ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও কথা বলেন সংগঠনটির একাংশের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম, সহসভাপতি জাহাঙ্গীর আলম, শিবানী ভট্টাচার্য, সংগঠনবিষয়ক সম্পাদক শেখ আনিসুর রহমান, উদীচী ঢাকা মহানগর সংসদের সহসভাপতি শংকর আচার্য এবং সাধারণ সম্পাদক কংকন নাগ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে রণেশ দাশগুপ্তের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা সম্মেলক কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশন করেন।
অনুষ্ঠানে উদীচী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শিখা সেনগুপ্তা ‘রানার’ কবিতাটি আবৃত্তি করেন। সঞ্চালনায় ছিলেন আজমীর তারেক চৌধুরী।
জাতীয় থেকে আরো পড়ুন