কালনি নদীর ভাঙন ঠেকাতে দ্রুত উদ্যোগ নিন

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২০:৫৮

নদী ভাঙন একটি প্রাকৃতিক প্রবণতা এবং বাংলাদেশের বহু নদ—নদী এমন ভাঙনের শিকার হয়। নদীর ভাঙন জনপদ বিলীন করে, বহু মানুষকে সারা জীবনের বাস্তু থেকে উচ্ছেদ করে, স্বচ্ছল পরিবারকে সর্বহারায় পরিণত করে। নদীর এই আগ্রাসী রূপ ব—দ্বীপের বাংলাদেশে নিয়মিত বিষয়। প্রকৃতির এই রূদ্ররোষ থেকে বাঁচতে প্রকৃতির সাথে বৈরিতা করে নয়, মিতালীর বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিকার পেতে হয়। নদী ভাঙনের চরিত্র বিশ্লেষণ করে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দরকার পড়ে। কিন্তু আমাদের দেশে নদী ভাঙনকে বৈজ্ঞানিকভাবে প্রতিহত করার পরিবর্তে তাৎক্ষণিক কিছু প্রতিকারমূলক ব্যবস্থা যেমন— বাঁধ দেয়া, বালুর বস্তা ফেলা; ইত্যাদির মাধ্যমে ঠেকানোর চেষ্টা করা হয়। এ—সব উদ্যোগ কার্যত দীর্ঘমেয়াদে তেমন সুফল বয়ে আনে না। ক্ষেত্রবিশেষে হিতে বিপরীত হয়। মাঝখানে সরকারের টাকার অপচয় ঘটে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে কারিগরি সকল দিক বিচার—বিশ্লেষণ করে নদী ভাঙন ঠেকানোর উদ্যোগ খুব কম। বিশেষ করে সুনামগঞ্জের বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকায় এমন অপরিনামদর্শী কাজ দেখে আমরা অভ্যস্ত। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, কালনি নদীর ভাঙন প্রক্রিয়ায় শাল্লা উপজেলার দারুল উলুম জামেয়া মোস্তাফিয়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর, পুকুর পাড়ের গাছ—পালা ও বাথরুম নদীগর্ভে বিলীন হয়েছে। অচিরেই এই ভাঙন ঠেকানো না গেলে পুরো মাদ্রাসাসহ পাশ^র্বর্তী শাহগঞ্জ বাজার, আছলম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন ও স্বাস্থ্যক্লিনিকসহ বড় একটি জনপদ নদীগর্ভে তলিয়ে যেতে পারে। এতে বহু মানুষের চূড়ান্ত সর্বনাশ ঘটার আশঙ্কা রয়েছে। এলাকার লোকজন নদী ভাঙনের কারণে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

 


কেবল কালনি নদীর এই স্পটটিই নয়। জেলার আরও বহু জায়গায় নদী ভাঙন প্রক্রিয়া অব্যাহত আছে। বিভিন্ন কারণে নদী ভাঙন ঘটে থাকে, এর কিছু প্রাকৃতিক আবার কিছু মনুষ্যসৃষ্ট। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আছে— তীব্র পানিপ্রবাহ ও গতিবেগ, বন্যা, নদীর গতিপথ পরিবর্তন, মাটির গঠন ও দুর্বলতা, নদীগর্ভে পলি জমে গভীরতা হ্রাস প্রভৃতি। মনুষ্যসৃষ্ট কারণগুলোর মধ্যে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলন, তীরবর্তী গাছপালা ও বন উজাড় করা, অপরিকল্পিত বাঁধ ও স্থাপনা নির্মাণ প্রভৃতি। বিভিন্ন নদী উপরের একটি অথবা অনেকগুলো কারণে ভাঙন কবলিত হয়। ভাঙন ঠেকাতে হলে ভাঙনের প্রকৃত কারণ নির্ণয় করে উপযুক্ত প্রতিকার—পরিকল্পনা তৈরির আবশ্যকতা রয়েছে। কালনি নদীর ভাঙন প্রবণতা নিয়েও একই কথা প্রযোজ্য। অস্থায়ী বা সাময়িকভাবে ভাঙন ঠেকানোর পরিবর্তে এর স্থায়ী সমাধানের দিকেই পানি উন্নয়ন বোর্ডকে নজর দিতে হবে। কেবল কালনি নদী নয়, নদী ভাঙন কবলিত সকল এলাকায়ই স্থায়ী সমাধানের দিকে এগোনো উচিৎ। নদীর পানি প্রবাহের ভাটিতে কোথাও পলি জমে প্রবাহকে বাধাগ্রস্ত করছে কি—না তা খোঁজে ওই জায়গায় খনন আবশ্যক হবে। এ ছাড়া ভাঙন কবলিত এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা ও কংক্রিটের ব্লক বসানো, পাইলিং ও রিটেনিং ওয়াল নির্মাণের প্রয়োজন হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা মো. উবায়দুল হক সুনামগঞ্জের খবরকে বলেছেন, স্থায়ীভাবে নদী ভাঙন রোধে একটি বড় প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। ওই প্রকল্পে কালনি নদীর এই স্পটটিও রয়েছে। পাউবো কর্মকর্তার এই বক্তব্য আশাব্যঞ্জক। আমরা কামনা করি দ্রুত ওই প্রকল্প বাস্তবায়ন শুরু হোক এবং আতঙ্কগ্রস্ত নদী তীরবর্তী মানুষের মনে স্বস্তি ফিরে আসুক। 

 


নদীর করালগ্রাস আমাদের দেশের বহু মানুষ প্রত্যক্ষ করেছেন। সম্পন্ন মানুষকে উন্মূল করে দেয় এসব ভাঙন প্রক্রিয়া। বহু প্রসিদ্ধ বাজার ও জনপদ বিলীন হওয়ার খবর আমরা জানি। নদীর এই সর্বনাশা প্রক্রিয়ার কাছে মানুষকে জিম্মি করে রাখা কখনও উচিৎ কর্ম নয়। নদী যেমন মানুষের বন্ধু তেমনি ভাঙন কবলিত নদী ক্ষতিগ্রস্ত মানুষের কাছে চরম শত্রুরূপে বিবেচিত হয়। নদীমাতৃক বাংলাদেশের সভ্যতা, জীবন, উৎপাদনপ্রক্রিয়, যোগাযোগাসহ সবকিছু নদীর বদান্যতার উপর অনেকাংশে নির্ভরশীল। তাই নদীকে শত্রু গণ্য না করে একে বন্ধু মনে করেই তার সংহারী রূপ থেকে ফেরাতে হবে। কালনি নদীর কারণে শাল্লার যে অংশের মানুষ এখন দুশ্চিন্তাগ্রস্ত, সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাঁদের চিন্তামুক্ত করবেন বলে আমরা বিশ^াস করি। কোনো কালক্ষেপণ নয়, নয় ভাঙনের আরও সংহারী রূপ প্রত্যক্ষ করা; আমরা চাই পানি উন্নয়ন বোর্ড দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার