ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১১:৫৮

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস

সংগৃহীত ছবি

আগামীকাল (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬। বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্রমবর্ধমান ব্যবহার ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। খাদ্যপণ্যের প্যাকেটে বাধ্যতামূলক সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) ভোক্তাকে সচেতন খাদ্যনির্বাচনে সহায়তা করবে এবং খাদ্যজনিত ডায়াবেটিস ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’।

 

 

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ, যার ৩৯.১ শতাংশ জানতেন না যে তাদের এই রোগ রয়েছে। এসময় ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।

 

 

বিশেষজ্ঞরা মনে করেন, অতি-প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় গ্রহণের ফলে জনগণের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমশ বাড়ছে। এ পরিস্থিতিতে প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য ও দৃশ্যমান সতর্কবার্তা থাকলে ভোক্তা সহজেই খাদ্যপণ্যে থাকা ক্ষতিকর উপাদান সম্পর্কে জানতে পারবে। গবেষণায় প্রমাণিত, মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত পণ্য শনাক্ত করতে সতর্কতামূলক লেবেলই বাংলাদেশি ভোক্তাদের জন্য সবচেয়ে কার্যকর। তাই ডায়াবেটিস প্রতিরোধে কোনো ধরনের শিথিলতা, অব্যাহতি বা বিলম্ব ছাড়াই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ চূড়ান্তকরণ এখন সময়ের দাবি।

 

 

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করে এবং প্রক্রিয়াজাত খাদ্যে লবণ, চিনি ও চর্বির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।

 

 

বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্য ক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্য প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।’

সূত্র:কালবেলা .কম
এসএ

বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার