প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৩১
চুলের যত্নে তেল ব্যবহারের রীতি যুগ যুগ ধরে চলে আসছে। বিশেষ করে নারকেল বা পেঁয়াজের তেল ব্যবহার অনেকের কাছেই জনপ্রিয়। কারও কারও ধারণা, তেল যত বেশি সময় চুলে লাগিয়ে রাখা যায়, ততই ভালো। এটা ঠিক নয়। রূপ বিশেষজ্ঞদের মতে, তেল মাখতে হবে চুলের ধরন বুঝে। সব তেল সব ধরনের চুলের জন্য সমানভাবে উপকারী নাও হতে পারে। বরং ভুল তেল দীর্ঘক্ষণ চুলে মেখে রাখলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। কোন চুলে কেমন তেল উপকারী হবে তা জানানো হয়েছে ‘আনন্দবাজারে’র এক প্রতিবেদনে।
রুক্ষ ও শুষ্ক চুল
শুষ্ক চুলের জন্য নারকেল তেল, আমন্ড অয়েল (বাদাম তেল) বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ফ্যাটি অ্যাসিড ও ভিটামিনে ভরপুর এই তেলগুলো চুলের আর্দ্রতা ধরে রাখতে ভূমিকা রাখে। যাদের চুল রুক্ষ ও শুষ্ক চুল তাদের খুব পাতলা ভেষজ তেল বা কর্পূর মেশানো তেল মাখা ঠিক নয়। এমন তেলে চুল আরও শুষ্ক হয়ে উঠবে।
তৈলাক্ত মাথার ত্বক, পাতলা চুল
মাথার ত্বক তৈলাক্ত হলে বা মাথার ত্বকে ফুস্কুরি বেশি থাকলে, চুল পাতলা হলে জোজোবা অয়েল বা গ্রেপসিড অয়েল ভাল কাজ করে। চাইলে কালিজিরা তেলও মাখতে পারেন। এসব তেল মাথার ত্বকের স্বাভাবিক সিবামের ভারসাম্য বজায় রাখে। ঘন ও ভারী তেল যেমন ক্যাস্টর অয়েল বা নারকেল তেল, এমন চুলের জন্য উপযুক্ত নয়। ভারী তেল দীর্ঘক্ষণ মাথায় মেখে থাকলে খুশকি, মাথার ত্বকের সংক্রমণ আরও বেড়ে যেতে পারে।
চুলে বেশি খুশকি থাকলে
খুশকি দূর করতে টি-ট্রি অয়েল মিশ্রিত নারকেল তেল ব্যবহার করা উপকারী হবে। টি-ট্রি অয়েলে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান থাকে। এসব উপাদান খুশকি ও মাথার ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে। খুব সুগন্ধযুক্ত বা রাসায়নিক মিশ্রিত হেয়ার অয়েল এই ধরনের চুলের জন্য উপযুক্ত নয়।
ক্ষতিগ্রস্ত চুল
অতিরিক্ত হেয়ার কালার বা হিট স্টাইলিংয়ের পরে ক্ষতিগ্রস্ত চুলের হাল ফেরাতে আর্গন অয়েল বা অ্যাভোকাডো অয়েল লাগাতে পারেন পারেন। অতিরিক্ত ঝাঁঝালো সালফারযুক্ত বা অ্যালকোহলযুক্ত ভেষজ তেল মাখলে চুল আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
সূত্র: সমকাল.কম
বিশেষ সংখ্যা থেকে আরো পড়ুন