বিচারকদের নিরাপত্তা জোরদারের দাবি

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:১৩

জঙ্গি হামলায় নিহত দুই বিচারকের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

জঙ্গি বোমা হামলায় নিহত বিচারক স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহমেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল হয়েছে। রবিবার বিকাল ৪টা ৫ মিনিটে সুনামগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ বিচার বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আকবর হোসেন। সভা পরিচালনা করেন সুনামগঞ্জের সিনিয়র সিভিল জজ মেহেদী হাসান।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আকবর হোসেন বলেন, ২১ বছর আগে জেএমবি নামক উগ্র জঙ্গিগোষ্ঠীর আকস্মিক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল সমগ্র বিচার বিভাগ। জঙ্গিগোষ্ঠী মনে করেছিল, বিচার বিভাগকে লক্ষ্য করে হামলা চালালে হয়তো ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কিন্তু তাদের এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল। ইসলাম শান্তির ধর্ম। বিচারকদের উপর হামলা করে ইসলামের শাসন প্রতিষ্ঠার চিন্তা কখনোই শুভবুদ্ধির পরিচয় বহন করে না।

 


তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও বিচারকরা অনেক ক্ষেত্রে নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। জঙ্গিগোষ্ঠী বিচারকদেরই লক্ষ্যবস্তু করেছিল। তাদের হামলায় রক্ত ঝরেছে, প্রাণহানি ঘটেছে। শহীদ বিচারকদের আত্মত্যাগের পর বিচারকদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে।

 


তিনি আরও বলেন, এই আত্মত্যাগের পর জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ উচ্চপর্যায়ের বিচারকদের জন্য গাড়ি ও গানম্যানের নিরাপত্তাব্যবস্থা কিছু ক্ষেত্রে চালু হয়েছে। তবে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় সব ক্ষেত্রে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয় নি। সীমিত জনবল ও নিরাপত্তাব্যবস্থার মধ্যেও বিচারকরা রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালন করে যাচ্ছেন। শহীদ বিচারকদের আত্মত্যাগ প্রমাণ করেছে, বিচারকদের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।

 


অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ, যুগ্ম জেলা ও দায়রা জজ ধ্রুব জ্যোতি পাল, চিফ লিগ্যাল এইড অফিসার সোলায়মান কবীর, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম, অতিরিক্ত জেলা জজ শ্যাম কান্ত সিনহা এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী।
বক্তারা জঙ্গি হামলায় নিহত দুই বিচারকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিচার বিভাগের স্বাধীনতা, মর্যাদা ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। 
অনুষ্ঠানে বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা জজ আদালত মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম হাবিবী দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে জঙ্গি হামলায় নিহত বিচারকদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার