প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৩৭
সরকারের বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় স্বার্থ রক্ষায় বিকল্প অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। সংগঠনটির নেতারা মনে করেন, বিদেশি শক্তির ভূরাজনৈতিক প্রতিযোগিতায় বাংলাদেশ জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা, মানবিক করিডোর এবং প্রতিরক্ষা সহযোগিতার উদ্যোগ নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ সংযোগ ‘খবরনামা’য় কথা বলেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা শাখার সভাপতি রত্নাকুর দাস জহর ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। সঞ্চালনা করেন সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।
দৈনিক সুনামগঞ্জের খবর: সরকারের এসব উদ্যোগকে সার্বভৌমত্বের জন্য হুমকি বলছেন আপনারা। আপনাদের আশঙ্কার সুনির্দিষ্ট ভিত্তি কী?
রত্নাকুর দাস জহর: আমরা মনে করি, সাম্রাজ্যবাদী শক্তিগুলো নিজেদের স্বার্থে বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বাংলাদেশের বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগও সেই বৃহত্তর প্রতিযোগিতার অংশ হতে পারে। ডিপি ওয়ার্ল্ডের কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশে মার্কিন সামরিক উপস্থিতির প্রসঙ্গ সামনে এসেছে। তাই এ অঞ্চলেও বিদেশি শক্তির প্রভাব বিস্তারের আশঙ্কা করছি আমরা।
দৈনিক সুনামগঞ্জের খবর: মানবিক করিডোর নিয়ে আপনাদের আপত্তি কেন? মানবিক সহায়তার প্রয়োজনীয়তা কি অস্বীকার করছেন?
সাইফুল আলম ছদরুল: বিষয়টি শুধু মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। ভূরাজনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশকে ঘিরে মার্কিন ও চীনের নেতৃত্বাধীন শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। চীন ও রাশিয়ার প্রভাববলয় এবং মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যে দ্বন্দ্বের প্রতিফলন এ অঞ্চলেও দেখা যাচ্ছে। দক্ষিণ—পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব রয়েছে। বঙ্গোপসাগরের অবস্থানের কারণে বাংলাদেশও এই প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ। আমাদের আশঙ্কা, মানবিক করিডোরের মতো উদ্যোগের আড়ালে অন্য স্বার্থ থাকতে পারে।
দৈনিক সুনামগঞ্জের খবর: বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে নিউমুরিং টার্মিনাল পরিচালনায় দেশের কী ক্ষতি হতে পারে?
রত্নাকুর দাস জহর: বিদেশি কোম্পানি আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে বন্দরে কর্মরত শ্রমিকদের কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এ ধরনের চুক্তির মাধ্যমে বিদেশি শক্তির প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে বলে আমরা মনে করি। বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডের বন্দর কার্যক্রমকে কেন্দ্র করে সামরিক উপস্থিতির বিষয়টিও আমাদের উদ্বিগ্ন করছে।
দৈনিক সুনামগঞ্জের খবর: বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতাকে আপনারা কীভাবে দেখেন? উন্নয়নের স্বার্থে এগুলোর প্রয়োজন নেই কি?
রত্নাকুর দাস জহর: বিদেশি বিনিয়োগ যদি দেশে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলে, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতি উপকৃত হবে। কিন্তু শুধু অবকাঠামো নির্মাণ ও ঋণনির্ভর উন্নয়ন হলে সাধারণ মানুষের কতটা লাভ হচ্ছে, তা বিবেচনা করতে হবে। আমাদের মতে, বিদেশি ঋণের বোঝা বাড়লেও প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।
দৈনিক সুনামগঞ্জের খবর: সরকারের উদ্যোগগুলোর বিরোধিতা করছেন। জাতীয় স্বার্থ রক্ষায় আপনাদের বিকল্প প্রস্তাব কী?
সাইফুল আলম ছদরুল: আমরা উন্নয়ন বা আন্তর্জাতিক সহযোগিতার বিরোধিতা করছি না; বিরোধিতা করছি দেশের স্বার্থবিরোধী চুক্তি ও বিদেশি শক্তির আধিপত্য বিস্তারের প্রচেষ্টার। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তির আগে জনগণের মতামত নিতে হবে। এসব চুক্তির শর্তও জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন। আমরা মনে করি, বিদেশি পুঁজির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় অর্থনীতির বিকাশ ঘটাতে হবে। রাষ্ট্র পরিচালনায় শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: জাতীয় স্বার্থ রক্ষায় আপনাদের রাজনৈতিক বিশ্লেষণ ও কর্মপরিকল্পনা কী?
রত্নাকুর দাস জহর: বর্তমানে বাংলাদেশকে ঘিরে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীনের ভূরাজনৈতিক প্রতিযোগিতা চলছে। মানবিক করিডোর নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব এবং বাংলাদেশ—মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যোগাযোগের প্রস্তাবকে আমরা এই প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছি। এ দ্বন্দ্বের কারণে ভবিষ্যতে বাংলাদেশ বড় ধরনের সংকটে পড়তে পারে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির মধ্যেও দেশটি জড়িয়ে পড়তে পারে বলে আমাদের আশঙ্কা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন