মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হতে যাচ্ছেন নিকো পাজ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১১:৫২

সংগৃহীত ছবি 

জাতীয় দলের হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন পাজ। কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ফলে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাকে ১০ নম্বর জার্সির দায়িত্ব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

স্পেনের তেনেরিফেতে জন্ম নেওয়া পাজের বাবা পাবলো পাজ ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন। রিয়াল মাদ্রিদের যুবদল থেকে উঠে আসা নিকো মূল দলে খুব বেশি সুযোগ পাননি। ২০২৪ সালে ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দেওয়ার পরই তার ক্যারিয়ারে আসে বড় পরিবর্তন। কোচ সেস্ক ফ্যাব্রেগাসের অধীনে নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি।

 


কোমোর হয়ে ৮৯ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেছেন পাজ। চলতি মৌসুমেও ১৪ ম্যাচে ছয় গোল ও আটটি অ্যাসিস্ট রয়েছে তার। দারুণ পজিশনিং, নিখুঁত প্রথম টাচ, বাঁ পায়ের শট এবং সতীর্থদের জন্য জায়গা তৈরি করার দক্ষতা তাকে আলাদা করেছে।

 

 

তবে মেসির সঙ্গে তুলনায় এখনো অনেক পিছিয়ে এই তরুণ। ড্রিবলিং ও সুযোগ তৈরির পরিসংখ্যানে মেসির চেয়ে পিছিয়ে থাকলেও নিজের খেলার ধরনে আলাদা পরিচয় তৈরি করছেন পাজ। তার কোচ ফ্যাব্রেগাসের বিশ্বাস, মাঠের পরিস্থিতি বোঝার ক্ষমতা ও পরিণতিবোধ তাকে বিশেষ করে তুলেছে।

 

 

বাঁ পায়ের ওপর অতিনির্ভরতা ভবিষ্যতে সমস্যা হতে পারে পাজের জন্য।

 

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও পাজকে নিয়ে আশাবাদী। ২০২৫ সালে বলেছিলেন, ‘তাকে নিয়ে আমাদের অনেক আশা। আমরা ধীরে এগোব। কোমো যেভাবে তাকে আগলে রাখছে, আমরাও সেভাবে তার যত্ন নেব। তাকে ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ দেব। সে এমন একটি দলে আছে, যারা তার পছন্দের ফুটবল খেলে। এমন একজন কোচ পেয়েছে, যিনি তাকে বোঝেন। নইলে ইতালিতে এত কম বয়সে মানিয়ে নেওয়া কঠিন হতো। তার মানসিকতাও দারুণ। সে শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী।’

 

 

মেসিও ২০২৪ সালে পাজের প্রশংসা করেছিলেন। বলেছিলেন, ‘নিকোর মানসিকতা অসাধারণ। এ কারণেই সে আজ এই জায়গায়। তার অনেক গুণ আছে, খেলাটা খুব ভালো বোঝে। সেস্ক ফ্যাব্রেগাসের মতো একজন কোচের অধীন আছে, যে আমার বন্ধু। সে নিকোকে অনেক এগিয়ে নিতে সাহায্য করবে।’

 

 

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি শেষ পর্যন্ত তার গায়ে ওঠে কি না, তা সময়ই বলে দেবে। তবে মেসি-পরবর্তী যুগে নতুন এক অধ্যায়ের সম্ভাবনা তৈরি করছেন নিকো পাজ।
সূত্র: ইত্তেফাক .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার