প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৯:৫৬
মানবাধিকার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট কবি জননী সাহসিকা সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে স্মরণ সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
শুক্রবার দুপুর ১২টায় জেলা শাখার কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সহ—সাধারণ সম্পাদক সবিতা বীর এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সভাপতি গৌরী ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সাথী চৌধুরী, সহ—সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, ভারপ্রাপ্ত লিগ্যাল এইড সম্পাদক সাবিয়া বেগম এবং পরিবেশ বিষয়ক সম্পাদক সন্ধ্যা তালুকদার।
স্মরণ সভায় বক্তারা বলেন, বেগম সুফিয়া কামাল কেবল একজন খ্যাতিমান কবিই ছিলেন না, তিনি পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী—পুরুষের বৈষম্য দূর করে সমতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ গঠন করেছিলেন। তাঁর কালজয়ী উক্তি ছিল— “নারীর অধিকার মানবাধিকার, নারীমুক্তি মানেই মানবমুক্তি।”
বক্তারা আরও উল্লেখ করেন, মানুষ যখন নানাভাবে পরাধীন, শোষিত, বঞ্চিত ও অধিকারহীন থাকে, তখন শোষণ—বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্ত ও স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা লালন করতেন কবি। নিজেদের অধিকারের পক্ষে কথা বলার সাহস ও শক্তি নারী সমাজ তাঁর আদর্শ ও সংগ্রাম থেকেই পেয়েছে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের নারী সমাজসহ গোটা দেশ জননী সাহসিকা সুফিয়া কামালের কাছে ঋণী; কারণ নারী এগিয়ে গেলে দেশও এগিয়ে যায়। তাই তরুণ প্রজন্মকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানতে হবে। বেগম রোকেয়া ও কবি সুফিয়া কামালের লড়াই—সংগ্রামের ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে শুধু ব্যক্তিগত স্বার্থ নয়, বরং সমাজের কল্যাণে ভাবতে হবে এবং তাঁদের আদর্শকে ধারণ করতে হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন