প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:৩০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার দুপুর ২টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, আ.ত.ম মিসবাহ, অ্যাডভোকেট শেরেনুর আলী, নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ আমিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা বিগত ১৬ বছর এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। ২৪—এর জুলাই—আগস্টে দুই হাজারেরও অধিক মানুষকে খুন করেছে, ত্রিশ হাজার মানুষকে পঙ্গু করেছে। তারপরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই।
তিনি আরও বলেন, এদেশের মানুষ খুনি হাসিনার ফাঁসি চায়, আওয়ামী লীগের এই খুনিদের ফাঁসি চায়। তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তারা নাকি সুনামগঞ্জকে গোপালগঞ্জ বানাবে!
আমরা বলতে চাই বিগত ১৬ বছর অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই সুনামগঞ্জের রাজপথ দখলে ছিল, আন্দোলন—সংগ্রাম করেছি। সেই সময়েই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আমাদের সামনে, নুরুল ইসলাম নুরুলের সামনে দাঁড়াতে পারেনি। তাই আমরা পরিষ্কারভাবে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বলতে চাই, সুনামগঞ্জে কোনো সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না। আপনাদেরকে প্রতিহত করা হবে। যদি রাস্তায় নামার চেষ্টা করেন, অগ্নিসংযোগের চেষ্টা করেন, সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে এই সুনামগঞ্জ থেকে তাড়িয়ে গোপালগঞ্জে পাঠিয়ে দেওয়া হবে।
এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন