ইটাখোলা নদীতে সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন, খুশি এলাকাবাসী

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:২৫

জগন্নাথপুর উপজেলার দীর্ঘ প্রতীক্ষিত ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। গত এক যুগ ধরে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি এলাকাবাসীকে নিয়ে সেতু নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যান। সর্বশেষ সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এর ডিও পত্রের আলোকে সেতু নির্মাণ প্রকল্প বুধবার একনেকে অনুমোদন হয়। 

 


এলাকার লোকজন জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ হলে পাইলগাঁও ইউনিয়ন ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হবে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সেতুটি নির্মাণের লক্ষ্যে সর্বপ্রথম ২০১২ সালে তৎকালীন সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ইটাখোলা নদীতে একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে উদ্যোগ নিতে অনুরোধ জানান। ফলে এলজিইডির উপজেলা কার্যালয় সেতুটির প্রস্তাব পাঠানো হয়।


এলজিইডির উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২০১২ সালে সেতুটির দৈর্ঘ্য ধরা হয়েছিলো ৭০ মিটার পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ ১০০ মিটারের উপরে সেতু নির্মাণ করার পরিকল্পনা করে প্রস্তাব পাঠাতে নির্দেশনা দেন। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর একনেকে সেতুটি অনুমোদন হওয়ায় পরও ডিজাইন সেকশনে গিয়ে সেতুর কাজ আটকে যায়।  

 


এরপরও গুরুত্ব বিবেচনায় সেতুটি বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে একাধিকবার জগন্নাথপুর উপজেলা এলজিইডির কার্যালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে আবারো প্রস্তাব পাঠানো হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ডিও পত্রের মাধ্যমে সেতু নির্মাণের সুপারিশ করলে সেতুটি একনেকে অনুমোদন পায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজের দু’পাশের কিশোরপুর গ্রামের সন্তান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনির অর্থায়নে ৪ দশমিক ৭ কিলোমিটার বাইপাস রোডের মাটি ভরাটের কাজ করা হয়। এখন ব্রিজের কাজ শেষ হলেই এ রাস্তা দিয়ে সরাসরি পাইলগাঁও ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের মানুষ যানবাহনে চড়ে দু’পাশের লোকজন উপজেলা সদর কিংবা ঢাকা—সিলেট আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের বেগমপুর অংশে কম সময়ে চলাচল করতে পারবেন। 

 


নদী এলাকার বাসিন্দা পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান মিয়া বলেন, সেতুটি বাস্তবায়ন হলে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপজেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝুঁকি কমবে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে বিলম্বিত হচ্ছে। বর্তমানে সেতুটি একনেকে অনুমোদন হওয়ায় আমরা খুশি।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বুধরাইল গ্রামের বাসিন্দা আকিক মিয়া জানান, বহুল প্রত্যাশিত ইটাখোলা নদীর ওপর সেতু অনুমোদন হওয়ায় আমরা স্থানীয় সংসদ সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। সেতুটি বাস্তবায়ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার মাইলফলক অগ্রগতি হবে।

 


পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজমুদ্দিন স্থানীয় সংসদ সদস্য কয়ছর আহমেদকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ প্রতিক্ষিত ব্রিজটি নির্মিত হলে সরাসরি যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এলাকার জীবনযাত্রার মানও বাড়বে। ব্রিজ নির্মাণে উদ্যাগী হওয়ায় ইউনিয়নের লোকজন বেজায় খুশি। আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।

 


পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের সন্তান, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি বলেন, সেতুটি বাস্তবায়ন হলে উপজেলা সদরের সাথে আশপাশের গ্রামগুলোর হাজার হাজার মানুষের যোগাযোগ স্থাপিত হবে। ঝুঁকিমুক্ত ও উপকৃত হবে শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। এসব চিন্তা থেকেই এক যুগ ধরে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে কাজ করছি। আমলাতান্ত্রিক নানা জটিলতায় ব্রিজের কাজ বাস্তবায়ন বিলম্বিত করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় এলে সুনামগঞ্জ—৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এর ডিও পত্রের আলোকে সেতুটি একনেকে অনুমোদন হওয়ায় আমরা খুশি। এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানাই।

 


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ইটাখোলা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে, আমরা আশাবাদী দাপ্তরিক কাজ শেষ করে সেতুটি টেন্ডার হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার