প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২০:৪৩
শাল্লায় এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান (৪২) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক সাদিকুর রহমান শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমাম। তিনি প্রায় ১১ মাস ধরে ওই মসজিদে ইমামতি করছেন। তার বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কিশোরী গ্রামের একটি দোকান থেকে চা পাতা কিনে বাড়ি ফিরছিল। এ সময় মসজিদের পাশ দিয়ে যাওয়ার পথে ইমাম তাকে জোরপূর্বক নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি দেখতে পেয়ে গ্রামের দুই স্কুলছাত্র আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন ইমামের কক্ষে গিয়ে বিছানার লেপের নিচ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন।
কিশোরীকে উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা নাজির উদ্দিন জানান, সকালে দুই স্কুলছাত্র এসে তাদের জানায়, ইমাম ওই কিশোরীকে টেনে নিজের কক্ষে নিয়ে গেছেন। খবর পেয়ে তারা ইমামের কক্ষে গিয়ে লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় ইমাম সবার সামনে কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেন বলে জানান তিনি।
স্থানীয়দের কাছে দেওয়া বক্তব্যে সাদিকুর রহমান কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেন। তবে তার দাবি, কিশোরী নিজেই তার কক্ষে প্রবেশ করেছিল। লোকজন দেখে ফেলার ভয়ে তিনি তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলেন। এ সময় নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চান তিনি।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইয়ারাবাদ গ্রাম থেকে মসজিদের ইমামকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন