অসাম্প্রদায়িক সমাজ গঠনে মুক্তবুদ্ধি চর্চার বিকল্প নেই

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২০:৪৮

বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উদযাপন

‎‎বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে ‘বুদ্ধির মুক্তি আন্দোলন ও কবি আবদুল কাদির’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সেমিনার হয়।‎
‎সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক, গবেষক ও প্রাবন্ধিক মানবর্দ্ধন পাল।

 

 

 


‎‎বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, গবেষক ও প্রাবন্ধিক মোস্তাক আহমাদ দীন। আলোচক হিসেবে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং কবি ও লেখক কুমার সৌরভ।‎
‎এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী  জেলা সংসদের সভাপতি শীলা রায়, জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, খেলাঘর আসর জেলা শাখার সভাপতি বিজন সেন রায় এবং বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান প্রমুখ। 

 

 

 


‎‎মূল প্রবন্ধে মানবর্দ্ধন পাল বুদ্ধির মুক্তি আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, দর্শন ও সমাজ পরিবর্তনে এর ভূমিকা তুলে ধরেন। তিনি মুসলিম সাহিত্য সমাজের কালজয়ী বাণী ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ উদ্ধৃত করে মুক্তবুদ্ধির চর্চা ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব ব্যাখ্যা করেন।
‎‎প্রবন্ধে বিশ শতকের প্রথমার্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল হুসেন, কাজী আবদুল ওদুদ, কাজী মোতাহার হোসেন ও আবুল ফজলের পাশাপাশি বুদ্ধির মুক্তি আন্দোলনের সর্বকনিষ্ঠ সংগঠক হিসেবে কবি আবদুল কাদিরের ভূমিকা তুলে ধরা হয়। কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে মুক্তচিন্তার প্রসার, আন্দোলনের মুখপত্র ‘শিখা’ প্রকাশে তাঁর অবদান এবং কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফফর আহমদের সান্নিধ্যে তাঁর সমাজতান্ত্রিক ও মানবিক চেতনার বিকাশ নিয়েও আলোচনা করা হয়।

 


‎‎মুখ্য আলোচক মোস্তাক আহমাদ দীন বলেন, বুদ্ধির মুক্তি আন্দোলন এবং মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হলে তৎকালীন বাংলার মুসলিম সমাজের শিক্ষা, অর্থনীতি ও সামাজিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিতে হবে। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে মুসলিম সমাজের একটি বড় অংশ শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। এ বাস্তবতা থেকেই সমাজে নতুন চিন্তা, জ্ঞানচর্চা ও আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয়।

 


‎‎তিনি বলেন, বাংলার নবজাগরণ নিয়ে আলোচনা হলে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অক্ষয়কুমার দত্তের মতো ব্যক্তিত্বদের অবদান সামনে আসে। তাঁরা সমাজের প্রচলিত কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তি ও জ্ঞানভিত্তিক চিন্তার প্রসারে ভূমিকা রেখেছেন। একইভাবে মুসলিম সমাজের মধ্যেও মুক্তচিন্তা ও জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা থেকে বুদ্ধির মুক্তি আন্দোলনের বিকাশ ঘটে।

 


‎‎আলোচনায় অন্যান্য বক্তারা বলেন, বুদ্ধির মুক্তি আন্দোলন কেবল একটি সাহিত্যিক বা বুদ্ধিবৃত্তিক আন্দোলন ছিল না; এটি ছিল সমাজ থেকে অজ্ঞতা, কুসংস্কার, ধর্মান্ধতা ও চিন্তার সংকীর্ণতা দূর করার একটি প্রগতিশীল প্রয়াস। জ্ঞান, যুক্তি ও মুক্তচিন্তার চর্চার মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল এ আন্দোলনের অন্যতম লক্ষ্য।
‎‎তাঁরা বলেন, বর্তমান সময়েও সমাজে নানা ধরনের ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, সাম্প্রদায়িকতা এবং অসহিষ্ণুতার প্রবণতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে বুদ্ধির মুক্তি আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। একই সঙ্গে কবি আবদুল কাদিরসহ এ আন্দোলনের পথিকৃৎদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

 


‎‎বক্তারা আরও বলেন, একটি অসাম্প্রদায়িক, মানবিক ও যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠায় মুক্তবুদ্ধির চর্চার কোনো বিকল্প নেই। এ জন্য ব্যক্তি, সমাজ ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎‎সেমিনার সঞ্চালনা করেন জেলা উদীচীর সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান আসাদ।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার