প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২০:৫০
শান্তিগঞ্জে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ক্ষমতায় থেকে সন্ত্রাস, জুলুম অত্যাচার করেছে। আর এখন যারা আমাদের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে তারাও জুলুম, অত্যাচার করছে এবং আওয়ামী জুলুম অত্যাচার যেটা হচ্ছে সেটাও তারা আইনগতভাবে মোকাবিলা করতে পারছে না। মোকাবিলা যদি করতে না পারে তাহলে দেশ একটি গৃহযুদ্ধের দিকে যাবে। এতে দেশের কৃষক মজুরসহ সাধারণ মানুষের ক্ষতি হবে। এর দায় সরকার ও আওয়ামী লীগকে নিতে হবে।
শুক্রবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সহযোগি সংগঠন এবি যুব পার্টির জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশকে স্থিতিশীল রাখতে চান প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একজন আরেকজনের বাড়ি, গাড়ি পুড়ালে দেশে অনিবার্যভাবে গৃহযুদ্ধের দিকেই যাবে। আমরা চাই, দেশের মানুষ শান্তিতে থাকুক। সরকারকে ন্যায় সঙ্গতভাবে রাষ্ট্র পরিচালনার আহ্বান করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোটে বাংলাদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছেন কিন্তু সরকার সেটি মানতে চায় না, বাস্তবায়নও করতে চায় না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। সরকার এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কিছু দিন আগে বিভিন্ন ব্যর্থতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী অপসারণের কথাও উঠেছিলো। সম্প্রতি আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিকাণ্ড, রাস্তা অবরোধ, মানুষ হত্যা চলছে। এসব প্রথমে গোপালগঞ্জ ছিলো ধীরে বিভিন্ন স্থানে ছড়াচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। সরকার আইনীভাবে এটি প্রতিহত করতে হবে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এটি কেনো নিয়ন্ত্রণ করতে পারছেন না, নাকি তার কোনো গাফিলতি আছে? নাকি গভীর কোনো পরিকল্পনার অংশ? এ বিষয় ভালো করে বিশ্লেষণ করে সরকারকে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
তারণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা এবি পার্টির আহ্বায়ক সৈয়দ তালহা আলম। দিলোয়ার হোসাইন ও আরিফ বিল্লাহ আনসারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন এবি যুবপার্টি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান খোকন।
বিশেষ অতিথির বক্তব্য দেন এবি পার্টি কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক গাজি নাসির, সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের আহ্বায়ক ওমর ফারুক, যুবনেতা সুজন আহমেদ, সুনামগঞ্জ জেলা এবি পার্টির যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ সবুজ, সুনামগঞ্জ জেলা এবি পার্টির সদস্য সচিব জনাব আলী আসগর ইমন। স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব হাফিজ মশাহিদ আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি শাহজাহান আহমদ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন