প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২০:৫৫
উপজেলা ঘোষণার পর পাঁচ বছর পেরিয়ে গেলেও মধ্যনগরে পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম গড়ে উঠেনি। গত আট মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। ভূমিসেবাসহ বিভিন্ন প্রয়োজনে ১৪ মাইল দূরে ধর্মপাশা উপজেলায় যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ। এ অবস্থায় দ্রুত কর্মকর্তা নিয়োগ ও পূর্ণাঙ্গ উপজেলা প্রশাসন চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মধ্যনগরের প্রশাসনিক সংকট, উন্নয়ন কার্যক্রমের স্থবিরতা, ভূমিসেবা, নদী খনন এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় কথা বলেছেন মধ্যনগরের বাসিন্দা ও বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার ও ডিজিটাল ইনচার্জ সাইদুর রহমান আসাদ।
দৈনিক সুনামগঞ্জের খবর: আট মাস ধরে মধ্যনগর উপজেলায় পূর্ণকালীন ইউএনও নেই। একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রম এভাবে চলা কতটা যৌক্তিক?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: মধ্যনগর একটি চির অবহেলিত এলাকা। অনেক আন্দোলন—সংগ্রামের মধ্য দিয়ে এখানে থানা ও পরে উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু উপজেলা হওয়ার পরও প্রত্যাশিত প্রশাসনিক কাঠামো গড়ে উঠেনি। আট মাস ধরে এখানে ইউএনও নেই। ছয় বছরের মধ্যে নয়জন ইউএনও পরিবর্তন হয়েছেন। একটি উপজেলায় এভাবে প্রশাসনিক কার্যক্রম চলতে পারে না। মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও শ্রদ্ধাবোধ থাকলে এমন পরিস্থিতি হওয়ার কথা নয়। মধ্যনগরে পর্যাপ্ত জায়গা রয়েছে, অবকাঠামো নির্মাণের সুযোগও আছে। তারপরও পূর্ণাঙ্গ উপজেলা প্রশাসন গড়ে উঠছে না।
দৈনিক সুনামগঞ্জের খবর: একজন কর্মকর্তাকে একাধিক দপ্তরের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ কী ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: ভোগান্তি অপরিসীম। একজন মানুষ একটি কাজ নিয়ে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা অন্য কাজে ব্যস্ত থাকেন। তাকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। মধ্যনগর থেকে ধর্মপাশার দূরত্ব প্রায় ১৪ মাইল। যাতায়াতে অর্থ ও সময় দুটোই ব্যয় হয়। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য এটি অনেক বড় সমস্যা। মানুষের প্রকৃত সেবা নিশ্চিত করতে হলে ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) সহ প্রয়োজনীয় প্রশাসনিক কর্মকর্তা দ্রুত নিয়োগ দিতে হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়নে এই প্রশাসনিক সংকটের কী প্রভাব পড়ছে?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: এটি বলে শেষ করা যাবে না। মধ্যনগরের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরতে হয়। কিন্তু এখানে পূর্ণাঙ্গ প্রশাসনিক কর্মকর্তা না থাকায় সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে। যেমন, মধ্যনগরের নদীগুলো খনন করা অত্যন্ত জরুরি। সুমেশ্বরী, উব্দাখালী ও ঘুমাই নদী খননের দাবি দীর্ঘদিনের। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকরভাবে দাবি পৌঁছানো প্রয়োজন।
দৈনিক সুনামগঞ্জের খবর: আপনি নদী খননের কথা বলছেন। মধ্যনগরের নদীগুলো খনন করা হলে কী ধরনের পরিবর্তন আসতে পারে?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: মধ্যনগরের নদীগুলো একসময় নৌ—যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। এসব নদীতে লঞ্চ চলত, টাকরণ ও কলমাকান্দা পর্যন্ত লঞ্চ যেত। এখন নদীগুলো ভরাট হয়ে গেছে। মাত্র ১৪ কিলোমিটার নদী খনন করা গেলে পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে। এতে হাওরের জলাবদ্ধতা কমবে এবং সুনামগঞ্জের পশ্চিমাঞ্চলের হাওরগুলো রক্ষা পেতে পারে। নদী খনন শুধু মধ্যনগরের নয়, বৃহত্তর এলাকার কৃষি ও মানুষের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ।
দৈনিক সুনামগঞ্জের খবর: ২০২১ সালে মধ্যনগরকে উপজেলা ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো ও অবকাঠামো গড়ে না উঠার কারণ কী বলে মনে করেন?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: আমি এটিকে মধ্যনগরের প্রতি অবজ্ঞা বলেই মনে করি। অনেক অবহেলা ও আন্দোলন—সংগ্রামের পর মধ্যনগর উপজেলা হয়েছে। অথচ এখনো পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম শুরু হয়নি। উপজেলা ক্যাম্পাস নির্মাণের জন্য সেতুর পাশে পর্যাপ্ত জায়গা রয়েছে। সেখানে উপজেলা ক্যাম্পাসসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সুযোগ আছে। কিন্তু জায়গাটি এখনো পতিত পড়ে আছে। উপজেলা ক্যাম্পাসের জন্য জায়গাটি সংরক্ষণের বিষয়ে আমরা আগেও দাবি জানিয়েছি।
দৈনিক সুনামগঞ্জের খবর: ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে মধ্যনগরের মানুষকে ধর্মপাশায় যেতে হচ্ছে। এই ভোগান্তি কমাতে কী করা প্রয়োজন?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: অন্তত সাময়িকভাবে সহকারী কমিশনার (ভূমি) সপ্তাহে দুই—তিন দিন মধ্যনগরে অফিস করতে পারেন। সেখানে একটি অস্থায়ী অফিস বা বসার ব্যবস্থা করে কার্যক্রম শুরু করা সম্ভব। এতে মানুষ অন্তত জানতে পারবেন, সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে মধ্যনগরেই ভূমিসেবা পাওয়া যাবে। স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত এমন ব্যবস্থা করা জরুরি। এ ছাড়া ভূমি উন্নয়ন কর আদায় নিয়েও অভিযোগ রয়েছে। আমার নিজের জমির খাজনা আদায়ের ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে বেশি অর্থ নেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে সরকারি নির্দেশনা সংগ্রহ করে দেখেছি, নির্ধারিত করের সঙ্গে আদায়ের অমিল রয়েছে। কিন্তু এসব অভিযোগ জানানোর জন্য মধ্যনগরে প্রয়োজনীয় কর্মকর্তা নেই। ফলে মানুষ প্রতিকার চাইতেও সমস্যায় পড়ছেন।
দৈনিক সুনামগঞ্জের খবর: সবশেষে মধ্যনগরের মানুষের পক্ষ থেকে সরকারের কাছে আপনার প্রত্যাশা কী?
অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার: একসঙ্গে সব সমস্যার সমাধান করা সম্ভব না—ও হতে পারে। কিন্তু মানুষের ভোগান্তি কমাতে সাময়িকভাবে যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব, সেগুলো অন্তত নিতে হবে। ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দিতে হবে। নদী খনন, উপজেলা ক্যাম্পাস নির্মাণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক দপ্তর চালুর উদ্যোগ নিতে হবে। মধ্যনগরকে উপজেলা ঘোষণা করে ফেলে রাখা যাবে না। এখানকার মানুষও রাষ্ট্রের নাগরিক। তাদেরও অন্য উপজেলার মতো সমান প্রশাসনিক সেবা পাওয়ার অধিকার রয়েছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন