প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২১:২৩
কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এর জামালগঞ্জের মার্কেটে রাতের অঁাধারে দুবৃর্ত্তরা আগুন দিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় এই আগুন দেবার ঘটনা ঘটে।
মার্কেটের ভাড়াটিয়া আশিক মিয়া জানান, কে বা কারা দোকানের একপাশে আগুন লাগিয়ে চলে যায়। বাজারের পাহাড়াদার আগুন জ্বলতে দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে বালু ও পানি দিয়ে আগুন নিভায়। সকলের চেষ্টায় আগুন নেভানোয় রক্ষা পেয়েছে মার্কেট।
উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মালিক ও যুগ্ম আহবায়ক আজিজুর রহমান যৌথ বিবৃতিতে বলেন, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান এর মার্কেটে যারা আগুন সন্ত্রাস করেছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। শান্তিপ্রিয় জামালগঞ্জকে আগুন সন্ত্রাসের মাধ্যমে যারা অশান্ত করতে চায়, তাদেরকে সাংগঠনিকভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি। শীঘ্রই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে নিয়ে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান প্রমুখ।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ বন্দে আলী বলেন, রাত বারটা চল্লিশ মিনিটে যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান সরকারের ভাড়াটিয়া ফার্নিচারের দোকানে আগুন লাগানোর খবর পাই। আগুন লাগানোর খবর শোনামাত্রই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তাৎক্ষণিক বাজারের পাহারাদারসহ আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন