কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩২

\ এক \ 
এখন সময় ভালো নয় কালরথের বল্গা শিকারী ধরে আছে
দিগম্বর দশদিকে চণ্ডচক্রবক্র মিথোজীবী অনর্থরা নাচে 
ভূমির প্রতি বিঘতে বধ্যভূমি মানুষ শিকার করে মানুষেরা
পৃথিবীর ভূমিখণ্ডগুলো রক্তপাতে সিক্ত ক্রুর খুনিদের ঢেরা 
 
চক্রতলে পিষ্ট জনপদ সময়ের রথ চলে দুরন্ত দুর্বার
নরচিত্তচকে খাণ্ডবাগ্নি পৃথিবীতে শান্তিহর বোমার বিস্ফার 
কেবল পৃথিবী নয় আকাশে মজুদ আছে কুবেরের তৈরি তীর    
ভয়ঙ্কর বায়ব্যাস্ত্র মহাশূন্যে ঘুরে লক্ষ্য পৃথিবীর দিকে স্থির 

অবিরাম আণবিক বোমা বিস্ফোরণে পৃথীপ্রকৃতি যতোটা কাঁপে
যন্তরমন্তরে দড় মানবপ্রজাতি ততো বিলুপ্তির পথ মাপে
মানুষ পালাবে কোথায় মানুষ শত্রু এই পৃথিবীতে মানুষের 
মানুষেরা সবচেয়ে বোকা বিশ^চরাচরে শত্রু নিজেই নিজের

‘শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস’ ভাষ্য বটে বাসি
সময়ের ফেরে কবীন্দ্র রবীন্দ্রনাথের বচন তবু সত্য বেশি \  

 

\ দুই \ 
রাস্তায় অথবা ঘরে ক্ষেতে অথবা খামারে পৃথিবীর কোণে কোণে
সবখানে শলাকা চাবুক ছুরি অগ্নি অপেক্ষায় প্রকাশ্য গোপনে 
বিশ^প্রেম মানবতা গণতন্ত্রী মন্ত্র ঘুরে বায়ুভর বন্ধ্যা বাণী  
আর যেখানে মানুষ পায় রুষ্ট হয়ে তারে মারে হয়ে উঠে খুনি

জনপদ যতো সব বধ্যভূমি মানুষ শিকার করে মানুষেরা
সভ্যতা মানেই হলো সশস্ত্র মানুষ দিয়ে নিরস্ত্র মানুষ ঘেরা  
রাজনীতি মানে এক চক্র সুদর্শন চক্রাকারে বিশ^ময় ঘুরে
চলেবল পুঁজিপুষ্ট নীতির পৃথিবী ভরা দুর্বৃত্ত তঞ্চক চোরে

নীতি নিয়মের বজ্জাতি ¯্রষ্টার নামে প্যাঁচ হাজার বছরে ধরে
ভয়ঙ্কর ভয়ভূতÑ  কোনও বাধাবন্ধ নেইÑ পৃথিবী শাসন করে 
সংবিধানে সং সেজে ঢং করে গণতন্ত্র আর সাম্যবাদ নীতি
সন্ত্রাসের নীচে ত্রস্ত জীবন্ত লাশের মতো ভীত বঙ্গের সন্ততি 

ছদ্মবেশী ক্রীতদাসে ভরা এই দেশ মীর জাফরের পরসূরি
রাজনীতি করে কলকাটি নাড়ে ঘরের চোরেই ঘরে করে চুরি \ 

 

 

\ তিন \ 
এখন সময় ভালো নয় যোগ্যরা জড়ভরত নষ্টরা নির্ভয়
যোগ্যের স্তব্ধতা অবাধে নিশ্চিত করে পৃথিবীতে অযোগ্যের জয়
হাতে নেই যা হতে চাই তা স্বপ্ন পুরনের পথ গেছে নিরুদ্দেশে
নিজমধ্যে নেই নিজে চরিত্র স্বভাব গেছে নিঃস্বতার বানে ভেসে
 
চরিত্র হারিয়ে বাঁচা বাঁচা নয় তারে কয় মরে গিয়ে বেঁচে থাকা
নিজেকে হারিয়ে সবহারা কাপুরুষ মজ্জা—হাড়ে—মস্ত—এক ফাঁকা 
হয় তো বা বহর বপুতে চলেবল বটে দফারফা নামানুষ
আপাদমস্তক ফাঁপা অন্তঃসারশূন্য মস্ত এক হাওয়াই ফানুস

মানুষেরা মেফিস্তোফিলিস—চেলা চামচেমি করে মেফিস্তোফিলিসের 
মহানন্দে নৃত্যপর সব পেয়েছির স্বপ্নে মজা মন মানুষের 
মানুষেরা মানুষের—মতো—কোনও—এক—খাই—খাই—করে অজগর 
স্বীয় লাঙ্গুল ভক্ষণে ব্যস্ত বুঝে—না—নিজেকে—খায় এমনি ফাঁপর 

অবান্তর সুন্দর বান্দরে ভরা দেশে জাগে বোবা স্তব্ধতা রাত্রির 
চুপিসারে চচ্চড়ি পাকায় চিল্কিবাজ মাদকতা আত্মবিলুপ্তির \

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার