প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬ ১৮:২৫
সু.খবর ছবি
সিলেটে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে এক গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট -৩৪৫)।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় নগরীর কুমারপাড়ায় মুন প্যাটাল ক্যাফেতে দক্ষিণ সুরমা উপজেলার চান্দাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শিল্পী দাসকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাবের কর্মকর্তারা।
প্রধান শিক্ষক শিল্পী দাস ১৯৯৯ সালে শিক্ষকতা শুরু করেন। ২০০৬ সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান।
অনুষ্ঠানে তিনি দীর্ঘ ২৭ বছর শিক্ষকতা পেশায় টিকে থাকার লড়াই ও বিভিন্ন স্মৃতিচারণ করেন।
তিনি জানান, শিক্ষকতা তার সবচেয়ে ভাল লাগার একটি পেশা। পাশাপাশি নিয়মানুবর্তিতা তার অভ্যাস। তাই বিদ্যালয়ে সময়মতো পৌঁছানোর জন্য তিনি স্কুটি চালানো শিখেন। এখন প্রতিদিন স্কুটি চালিয়ে স্কুলে যান। তিনি ২০২৩ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ারও গৌরব অর্জন করেছেন। বিদ্যালয়ের ও শিক্ষার্থীদের ব্যাপারে কোনো অনিয়ম অবহেলায় তিনি ছাড় দেন না।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট-২ নিপা মনির, সেক্রেটারি শাকিলা ববি।
ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস বলেন, প্রধান শিক্ষক শিল্পী দাস অত্যন্ত গুণী একজন শিক্ষক। তার জ্ঞানের আলো, দিকনির্দেশনা এবং অপরিসীম স্নেহ হাজারো শিক্ষার্থীর জীবনের পথকে করছে সুগম ও আলোকিত। শিক্ষক দিবসের এই মাহেন্দ্রক্ষণে শিক্ষক শিল্পী দাসকে সম্মাননা জানাতে পেরে আমরা সম্মানিতবোধ করছি।
সিলেট থেকে আরো পড়ুন