মুক্তমত

অভিযোগ, প্রচার ও মানহানি: দায়বদ্ধতা নিশ্চিত হোক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ২১:১০

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী করে তোলা। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচিও সেই মহৎ উদ্দেশ্যের অংশ। কিন্তু এমন একটি জনকল্যাণমূলক কর্মসূচির অর্থ বিতরণ নিয়ে অভিযোগ ওঠা যেমন উদ্বেগজনক তেমনি অভিযোগের সত্যতা যাচাই না করেই ফেসবুক ও গণমাধ্যমে তা ছড়িয়ে দিয়ে একজন সরকারি কর্মকর্তাকে জনসমক্ষে হেয় করাও কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। 

 

 


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদের বিরুদ্ধে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির ৬৫ হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন বাবু নামের একজন উপকারভোগী। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের কাছে উপস্থাপন এবং পরবর্তী সময়ে সেই কথোপকথনের ভিডিও ফেসবুক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা—সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগটি নিঃসন্দেহে গুরুতর। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। তবে অভিযোগ উঠলেই কাউকে অপরাধী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

 

 


এ ঘটনায় সমাজসেবা কর্মকর্তার প্রকাশ করা নথিপত্র ও ব্যাংক স্টেটমেন্ট নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, বাবুর পুনর্বাসনের জন্য ৩৫ হাজার টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছিল। সেই অর্থের চেক সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মীর নামে ইস্যু হয় এবং পরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দোকানঘর নির্মাণ ও মালামাল কেনার বিল পরিশোধ করা হয়। অর্থাৎ কর্মকর্তার প্রকাশিত কাগজপত্রে অর্থ আত্মসাতের অভিযোগের সঙ্গে দৃশ্যমান অসংগতি রয়েছে। যদিও এসব নথির সত্যতা ও অর্থের প্রকৃত ব্যবহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আরও যাচাই করা প্রয়োজন।

 

 


সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই ফেসবুক ও গণমাধ্যমে একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ছড়িয়ে পড়েছে। একজন সরকারি কর্মচারীরও সামাজিক মর্যাদা ও সম্মান রয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। কিন্তু অভিযোগের সত্যতা প্রতিষ্ঠার আগেই তাঁকে দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপন করা হলে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও সেই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। ফেসবুক ও গণমাধ্যমে মুহূর্তেই কোনো অভিযোগ সহজেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু ভুল তথ্যের সংশোধন কিংবা ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মান ফিরিয়ে দেওয়া ততটা সহজ নয়।
তবে এ কথাও মনে রাখতে হবে, নথিপত্র প্রকাশ করলেই কোনো অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যায় না। সরকারি অর্থের বরাদ্দ, উত্তোলন ও ব্যয়ের প্রতিটি ধাপ স্বচ্ছ হওয়া প্রয়োজন। বাবু কেন ৬৫ হাজার টাকা পাওয়ার দাবি করেছেন, তাঁকে কে বা কারা এই পরিমাণ অর্থ পাওয়ার কথা জানিয়েছিলেন এবং বাস্তবে তিনি কত টাকার সুবিধা পেয়েছেন— এসব প্রশ্নের উত্তর বের করা জরুরি। একই সঙ্গে দোকানঘর নির্মাণ ও মালামাল কেনার প্রকৃত ব্যয়ও যাচাই করতে হবে।

 

 


আমরা মনে করি, উপজেলা নির্বাহী কর্মকর্তার উচিত হবে অভিযোগটির নিরপেক্ষ তদন্ত করা। প্রয়োজনে বাবু, সমাজসেবা কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী এবং কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্যদের বক্তব্য নেওয়া হোক। বরাদ্দের নথি, ব্যাংক হিসাব, ব্যয়ের ভাউচার ও সরেজমিনে দোকানঘর পরিদর্শনের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন।
একই সঙ্গে তদন্তে যদি প্রমাণিত হয় বাবু জেনেশুনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে একজন সরকারি কর্মকর্তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, তাহলে তাঁকেও জবাবদিহিতা ও আইনের আওতায় আনতে হবে। অভিযোগ করার অধিকার যেমন একজন নাগরিকের রয়েছে তেমনি সেই অভিযোগের সত্যতা ও দায়বদ্ধতার প্রশ্নও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে সেটিও বিবেচনা করতে হবে। অন্যদিকে তদন্তে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে।

 

 


জনস্বার্থে অনিয়ম—দুর্নীতির বিরুদ্ধে কথা বলা জরুরি। ফেসবুক কোনো অভিযোগের বিচারালয় নয় আর সেই মাধ্যমে কোনো অভিযোগের প্রচার সত্যতার প্রমাণ হতে পারে না। অভিযোগের আগে যাচাই, প্রচারের আগে দায়িত্বশীলতা এবং সিদ্ধান্তের আগে নিরপেক্ষ তদন্ত— এই নীতিগুলো প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।
কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাঁকে সামাজিকভাবে হেয় করার সংস্কৃতি যেমন বন্ধ হওয়া দরকার তেমনি সরকারি দায়িত্বে থেকে অনিয়ম করার প্রবণতার বিরুদ্ধেও থাকতে হবে কঠোর অবস্থান। সত্য উদ্ঘাটিত হোক। অপরাধী যে—ই হোন তাঁকে জবাবদিহির মুখোমুখি করতে হবে।

লেখক— সাংবাদিক।

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার