প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ২২:৩৩
সারা বিশ্বে প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় নীরব ঘাতক ডায়াবেটিসের কথা, যা নিঃশব্দে গ্রাস করছে মানুষের স্বাভাবিক জীবন, পারিবারিক সচ্ছলতা এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে। অনেকেই মনে করেন, ডায়াবেটিস এই যুগের রোগ। কিন্তু বাস্তবতা হলো ডায়াবেটিস কোনো আধুনিক যুগের রোগ নয়; এর ইতিহাস হাজার বছরের পুরনো।
খ্রিস্টপূর্ব ১৫৫০ অব্দের প্রাচীন মিশরীয় প্যাপিরাস নথিতে অতিরিক্ত মূত্রত্যাগ ও ওজন কমে যাওয়ার মতো লক্ষণের উল্লেখ পাওয়া যায়। প্রাচীন ভারতীয় চিকিৎসক চরক ও সুশ্রুত এই রোগটিকে ‘মধুমেহ’ হিসেবে বর্ণনা করেছিলেন। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে গ্রিক চিকিৎসক অ্যারেটিয়াস এই রোগটির নাম দেন ডায়াবেটিস। গ্রিক শব্দ ডায়াবেটিসের আক্ষরিক অর্থ হলো "সিফন" (Siphon) বা পাইপ যার মধ্য দিয়ে পানি প্রবাহিত হয়। এই রোগে আক্রান্ত রোগীদের শরীর থেকেও অতিরিক্ত পরিমাণে পানি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যেত। পরবর্তীতে ১৬৭৫ সালে ব্রিটিশ চিকিৎসক টমাস উইলিস এই শব্দের সাথে লাতিন শব্দ "মেলিটাস" (Mellitus) যুক্ত করেন। 'মেলিটাস' শব্দটির অর্থ হলো "মধু" বা মিষ্টি। সংক্ষেপে, ডায়াবেটিস মেলিটাস কথাটির পূর্ণ অর্থ হলো— 'যে মিষ্টি তরল বা প্রস্রাব সিফনের মতো শরীর থেকে বের হয়ে যায়'।
ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি বিপাকীয় রোগ, যার জন্য অধিকাংশ ক্ষেত্রেই দীর্ঘকালীন চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন হয়। আগে ডায়াবেটিসকে বয়স্ক বা ধনীদের রোগ মনে করা হলেও, পরিবর্তিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে এখন কর্মক্ষম তরুণ ও মধ্যবয়সীরাও ব্যাপকভাবে এতে আক্রান্ত হচ্ছেন। তাই ডায়াবেটিস আজ কেবল একটি শারীরিক বা চিকিৎসাগত ব্যাধি হিসেবে সীমাবদ্ধ নয়; এটি একটি বৈশ্বিক আর্থসামাজিক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য গুরুতর আর্থসামাজিক সংকট তৈরি করছে।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (IDF) ২০২৫ সালের Diabetes Atlas-এর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। অর্থাৎ এই জনগোষ্ঠীতে রোগটির প্রাদুর্ভাব ছিল ১২.৩% এবং বয়স-সমন্বিত প্রাদুর্ভাব (Age-standardised prevalence) ছিল ১৩.২%। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ও আক্রান্ত মানুষের মোট সংখ্যা—উভয় বিবেচনায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আরও উদ্বেগজনক তথ্য হলো, আক্রান্তদের মধ্যে প্রায় ৩৯.১ শতাংশ বা ৫৪ লাখেরও বেশি মানুষ জানেনই না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ২ কোটি ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তিই হলো তরুণ ও মধ্যবয়সী কর্মক্ষম জনগোষ্ঠী। এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদরোগ, কিডনি বিকল হওয়া, অন্ধত্ব এবং স্নায়বিক জটিলতার মতো সমস্যা দেখা দিতে পারে। এর ফলে রোগী তাঁর স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারে। কর্মক্ষেত্রে অনুপস্থিতি বৃদ্ধি পায়, কাজের মান কমে যায় এবং অনেক ক্ষেত্রে অকাল অবসর বা স্থায়ী কর্মক্ষমতা হ্রাসের পরিস্থিতি তৈরি হয়। একটি পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি যখন কর্মক্ষমতা হারান, তখন পুরো পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়ে। সামষ্টিকভাবে এসব কারণে কর্মক্ষম জনগোষ্ঠীর উৎপাদনশীলতা হ্রাস পায়, শ্রমবাজারে আর্থিক ক্ষতি তৈরি হয় এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক চাপ সৃষ্টি হয়।
ডায়াবেটিসের প্রভাব কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; এর সামাজিক ও মনস্তাত্ত্বিক অভিঘাতও অত্যন্ত গভীর। দীর্ঘমেয়াদি রোগের চাপ, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে রোগীরা প্রায়ই মানসিক অবসাদ ও উদ্বেগে ভোগেন। সমাজের অনেক ক্ষেত্রে এখনো ডায়াবেটিস নিয়ে নানা কুসংস্কার ও ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। বিশেষ করে অল্প বয়সী বা অবিবাহিত তরুণ-তরুণীদের ডায়াবেটিস হলে বিয়ে এবং সামাজিক মেলামেশার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ ছাড়া, রোগীর পরিচর্যার জন্য পরিবারের অন্যান্য সদস্যদের, বিশেষ করে নারীদের, বাড়তি সময় ও শ্রম দিতে হয়, যা তাঁদের নিজস্ব পেশাগত ও সামাজিক জীবনে ব্যাঘাত ঘটাতে পারে।
ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি হচ্ছে। IDF-এর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ডায়াবেটিসজনিত আনুমানিক মোট স্বাস্থ্য ব্যয় ছিল ১০৩ কোটি মার্কিন ডলারেরও বেশি। এই ব্যয় কেবল সরকারি খাতের নয়; এর মধ্যে ব্যক্তি, পরিবার ও সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ব্যয়ও অন্তর্ভুক্ত। ডায়াবেটিসজনিত জটিলতা যেমন—ডায়ালাইসিস, বাইপাস সার্জারি বা চোখের চিকিৎসার জন্য যে পরিমাণ বিশেষায়িত হাসপাতাল ও দক্ষ জনবল প্রয়োজন, আমাদের দেশে তার যথেষ্ট অভাব রয়েছে। ফলে ডায়াবেটিস ও এর জটিলতার চিকিৎসা স্বাস্থ্যব্যবস্থার ওপর ক্রমবর্ধমান আর্থিক ও অবকাঠামোগত চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতি অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও চ্যালেঞ্জ তৈরি করছে।
ডায়াবেটিস প্রধানত দুই ধরনের হয়ে থাকে—টাইপ-১ এবং টাইপ-২। টাইপ-১ ডায়াবেটিস সাধারণত বংশগত বা অটোইমিউন কারণে অল্প বয়সে দেখা দেয়, যা পুরোপুরি প্রতিরোধ করা কঠিন। তবে বিশ্বজুড়ে আক্রান্তদের অধিকাংশই টাইপ-২ ডায়াবেটিসে ভোগেন, যা মূলত আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের সাথে সরাসরি সম্পর্কিত।
বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ জন্য প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা ও অভ্যাসের পরিবর্তন। প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে শর্করা গ্রহণের পাশাপাশি শাকসবজি, আঁশযুক্ত খাবার ও স্বাস্থ্যকর আমিষের পরিমাণ বাড়াতে হবে। ফাস্টফুড, অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার পরিহার করা জরুরি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা অন্য কোনো মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি ধূমপান ও তামাক বর্জন, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বয়স ও ব্যক্তিগত ঝুঁকির ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করানো উচিত।
বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের মূল অঙ্গীকার হওয়া উচিত—ডায়াবেটিসকে কেবল একটি ব্যক্তিগত রোগ হিসেবে না দেখে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে মোকাবিলা করা। এ জন্য কেবল চিকিৎসাব্যবস্থার উন্নয়নই যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত রাষ্ট্রীয় উদ্যোগ। নাগরিকদের হাঁটার উপযোগী ফুটপাত ও খেলার মাঠ তৈরি, স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে স্বাস্থ্যসচেতনতামূলক শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং ইনসুলিন ও প্রয়োজনীয় ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারি উদ্যোগ, ভর্তুকি ও স্বাস্থ্যবীমার প্রসার ঘটানো জরুরি। সময় থাকতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে তবেই আমরা একটি সুস্থ, কর্মক্ষম ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।
লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জেনারেল প্র্যাকটিশনার, গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার, সুনামগঞ্জ।
উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন