ভবন-যন্ত্রপাতি প্রস্তুত, হস্তান্তরের অপেক্ষা

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৮:৫৮

ডায়াবেটিস হাসপাতাল

সুনামগঞ্জে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৫০ শয্যাবিশিষ্ট ডায়াবেটিস হাসপাতাল। ভবন নির্মাণের পাশাপাশি কেনা হয়েছে চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র। কিন্তু হাসপাতালটি ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের কাছে হস্তান্তর না করায় এখনো শুরু হয়নি চিকিৎসাসেবা। এ কারণে জেলার ডায়াবেটিস রোগীরা বিশেষায়িত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব বিষয়ে দৈনিক সুনামগঞ্জের খবর—এর বিশেষ আয়োজন ‘খবরনামা’য় কথা বলেছেন সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সৈয়দ মোনাওর আলী। সাক্ষাৎকার নিয়েছেন স্টাফ রিপোর্টার জাকারিয়া আহমদ।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: বিশ্ব ডায়াবেটিস দিবসে সুনামগঞ্জের ডায়াবেটিস চিকিৎসাসেবার চিত্র কেমন?
ডা. মোনাওর আলী: সুনামগঞ্জে এখনো ডায়াবেটিস হাসপাতাল চালু হয়নি। এই প্রকল্পের সঙ্গে আমি প্রায় ১২ বছর ধরে জড়িত। নানা চড়াই—উতরাই পেরিয়ে প্রায় ১৯ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন করানো হয়। এর ৮০ শতাংশ অর্থ সরকার এবং ২০ শতাংশ সমিতির দেওয়ার কথা ছিল। সমিতির পক্ষ থেকে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা দেওয়া হয়েছে। সরকারের দায়িত্ব ছিল নির্মাণকাজ শেষ করে হাসপাতালটি সমিতির কাছে হস্তান্তর করা। প্রকল্পের কাজ শেষ হলেও এখনো আমরা বুঝে পাইনি।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: হাসপাতালটি নির্মাণের উদ্দেশ্য কী ছিল?
ডা. মোনাওর আলী: এটি একটি বিশেষায়িত ডায়াবেটিস হাসপাতাল। এখানে ডায়াবেটিস রোগী ও এ রোগজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসাসেবা পাবেন। দেশের অনেক জেলাতেই এ ধরনের হাসপাতাল রয়েছে। সুনামগঞ্জে হাসপাতাল নির্মিত হলেও চালু না হওয়া দুঃখজনক। দ্রুত হস্তান্তর করা হলে আমরা চিকিৎসাসেবা চালু করতে পারব।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: হাসপাতালটি হস্তান্তর না হওয়ার কারণ কী?
ডা. মোনাওর আলী: আমরা সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। জেলা প্রশাসক মহোদয়ও উদ্যোগ নিয়ে ভবন, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র বুঝে নেওয়ার জন্য পৃথক কমিটি গঠন করেছেন। নির্মাণ ও কেনাকাটার প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু সমিতির কাছে বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু এখনো হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: হাসপাতালটি চালু করতে এখন কী প্রয়োজন?
ডা. মোনাওর আলী: ভবন, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র রয়েছে। তবে যন্ত্রপাতি স্থাপন ও চালুর জন্য কারিগরি কাজ বাকি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকজন এসে এগুলো ইনস্টল করে দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা নির্ধারিত সময়ে আসতে পারেননি। আমরা আবার জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছি। দেরি হলে যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সুনামগঞ্জে ডায়াবেটিস রোগীর সংখ্যা ও চিকিৎসার চাহিদা কেমন?
ডা. মোনাওর আলী: সারা বিশ্বেই ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশেও প্রতিদিন নতুন মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালটি চালু থাকলে রোগীদের চিকিৎসার পাশাপাশি রোগীর সংখ্যা ও চাহিদা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যেত। বর্তমানে অনেক রোগীকে চিকিৎসার জন্য সিলেট কিংবা জটিল পরিস্থিতিতে ঢাকায় যেতে হচ্ছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: হাসপাতালটি চালু না থাকায় সাধারণ ও নিম্ন আয়ের রোগীরা কীভাবে বঞ্চিত হচ্ছেন?
ডা. মোনাওর আলী: হাসপাতাল চালু হলে পরিকল্পনা অনুযায়ী ৩০ শতাংশ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। অন্যদের জন্যও স্বল্প খরচে চিকিৎসা ও পরীক্ষা—নিরীক্ষার ব্যবস্থা থাকবে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ উপকৃত হতেন। কিন্তু চালু না হওয়ায় তাঁরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: হাসপাতালটি কবে নাগাদ চালু হতে পারে?
ডা. মোনাওর আলী: আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, তাঁরা হাসপাতালটি হস্তান্তরের চেষ্টা করছেন। তবে নির্দিষ্ট তারিখ জানান নি। আমরা দ্রুত বৈঠক করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিতে চাই। আশ করছি, শিগগিরই হাসপাতালটি বুঝে পাব।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: ডায়াবেটিস চিকিৎসার পাশাপাশি এখানে আর কী ধরনের সেবা পাওয়া যাবে?
ডা. মোনাওর আলী: ডায়াবেটিসের কারণে কিডনি, মস্তিষ্ক, চোখ ও হৃদ্যন্ত্রসহ শরীরের বিভিন্ন অঙ্গে জটিলতা দেখা দিতে পারে। এসব জটিলতার চিকিৎসা ও প্রতিরোধের ব্যবস্থাও এখানে থাকবে। পাশাপাশি দরিদ্র মানুষের জন্য সাধারণ চিকিৎসাসেবার পরিকল্পনাও রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার