প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৮:৫৯
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে নবমবারের মতো ‘পুসাব মেধাবৃত্তি পরীক্ষা—২০২৬’ এর আয়োজন করতে যাচ্ছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)। রবিবার থেকে শুরু হয়েছে পরীক্ষার আবেদন কার্যক্রম। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইনে আবেদন করতে পারবে আগ্রহী শিক্ষার্থীরা।
এবার বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি উপজেলার বাইরে অধ্যয়নরত বিশ্বম্ভরপুরের স্থায়ী বাসিন্দা শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সম্ভাব্য কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মুরারিচাঁদ উচ্চ বিদ্যালয় এবং রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ। পরীক্ষার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
অনলাইনে আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের পুসাবের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন লিংক: https://www.pusab.net/scholarship-exam । অফলাইনে আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে।
পরীক্ষায় বাংলা (১ম ও ২য় পত্র), গণিত, ইংরেজি (১ম ও ২য় পত্র), সাধারণ বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়ে মোট ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। শ্রেণিভিত্তিক পাঠ্যসূচি অনুসরণ করে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। পরীক্ষার ফলাফল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৪—৫ সপ্তাহের মধ্যে প্রকাশের কথা রয়েছে।
পুসাবের সভাপতি আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন