২০২৬ ফুটবল বিশ্বকাপ : শেষ চারের রণক্ষেত্র

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৯:৩১

শিরোপা জয়ের সোনালি স্বপ্ন বুকে নিয়ে চলতি বিশ্বকাপে এখন টিকে আছে মাত্র চারটি দল—বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন। গত এক মাসের রোমাঞ্চকর অভিযানে সহ—আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফুটবল পরাশক্তি ব্রাজিল ও জার্মানিসহ আরও ৪৪টি দল বিদায় নিয়েছে। এখন দেখার পালা, কার হাতে উঠবে এবারের বিশ্বকাপের ট্রফি। তবে যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন, বিশ্ব ফুটবল নতুন কোনো বিশ্বচ্যাম্পিয়ন পাবে না। কারণ শেষ চারে থাকা চারটি দলই এর আগে অন্তত একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে।

 


১ম সেমিফাইনাল: ফ্রান্স বনাম স্পেন। আজ বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 


ফ্রান্স: এখন পর্যন্ত ছয়টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ফরাসিরা; করেছে ১৬টি গোল। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও মাইকেল অলিসের নেতৃত্বে তাদের আক্রমণভাগ ছিল দুর্দান্ত। গ্রুপ পর্বে সেনেগালকে ৩—১, ইরাককে ৩—০ এবং নরওয়েকে ৪—১ গোলে হারিয়ে তারা শেষ ৩২—এ ওঠে। সেখানে সুইডেনকে ৩—০ গোলে উড়িয়ে দেয়। শেষ ১৬—তে প্যারাগুয়ের বিপক্ষে শারীরিক লড়াইয়ে কিছুটা চাপে পড়লেও এমবাপের পেনাল্টি গোলে ১—০ ব্যবধানে জয় পায় ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে এমবাপে একটি পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করেন এবং দেম্বেলেকে দিয়ে আরেকটি গোল করিয়ে ২—০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। (নোট: টুর্নামেন্টে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে গোলদাতাদের শীর্ষে আছেন কিলিয়ান এমবাপে। উসমান দেম্বেলে (৫ গোল, ২ অ্যাসিস্ট) এবং মাইকেল অলিস (৫ অ্যাসিস্ট) দারুণ ছন্দে রয়েছেন। বিশ্বকাপে এমবাপের পরিসংখ্যানও বিস্ময়কর—২০ ম্যাচে ২০ গোল; যা ইতিহাসে কেবল লিওনেল মেসির পরেই।)


স্পেন: ইউরোপীয় চ্যাম্পিয়নরা এখনও নিজেদের সেরা ছন্দে না ফিরলেও খুব বেশি সমস্যায় পড়েনি। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে শুরু করলেও পরে সৌদি আরবকে ৪—০ এবং উরুগুয়েকে ১—০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব পার করে। শেষ ৩২—এ অস্ট্রিয়াকে ৩—০ গোলে হারানোর পর শেষ ১৬—তে পর্তুগালের বিপক্ষে ৯০ মিনিটে মিকেল মেরিনোর গোলে ১—০ ব্যবধানে নাটকীয় জয় পায়। কোয়ার্টার ফাইনালেও বেলজিয়ামের বিপক্ষে বদলি হিসেবে নেমে ৮৮ মিনিটে মেরিনোর করা গোলেই ২—১ ব্যবধানে জয় নিশ্চিত হয়। রদ্রি ও হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরা লামিন ইয়ামাল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন। লুইস দে লা ফুয়েন্তের দল পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে, যা এই বিশ্বকাপের সেরা রক্ষণভাগের প্রমাণ।


পুরো টুর্নামেন্টে সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে নিজেকে প্রমাণ করেছে ফ্রান্স। অন্যদিকে স্পেনের সবচেয়ে বড় শক্তি বলের দখল ধরে রেখে প্রতিপক্ষের আক্রমণের গতি কমিয়ে দেওয়া। তবে ফ্রান্স একবার বল পুনরুদ্ধার করে কাউন্টার অ্যাটাকে (পাল্টা আক্রমণ) উঠতে পারলে কিলিয়ান এমবাপের গতি এবং মাইকেল অলিসের নিখুঁত পাস স্পেনের হাই—লাইন ডিফেন্সের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। মাঝমাঠে রদ্রির নিয়ন্ত্রণ এবং ফরাসি আক্রমণভাগের কার্যকারিতার দ্বৈরথই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। সব মিলিয়ে এই ম্যাচে স্পেনকেই এগিয়ে রাখতে হবে।


২য় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। আগামীকাল (বুধবার) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় মুখোমুখি হবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।


ইংল্যান্ড: ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪—২ গোলের জয় দিয়ে শুরু করলেও ঘানার সঙ্গে গোলশূন্য ড্রয়ে কিছুটা ছন্দ হারায় ইংল্যান্ড। এরপর পানামাকে ২—০ গোলে হারিয়ে শেষ ৩২—এ কঙ্গো প্রজাতন্ত্রের মুখোমুখি হয়। শুরুতে পিছিয়ে পড়লেও হ্যারি কেইনের শেষ মুহূর্তের জোড়া গোলে ২—১ ব্যবধানে জয় পায়। শেষ ১৬—তে মেক্সিকোর বিপক্ষে স্বাগতিক দর্শকদের চাপ এবং জ্যারেল কোয়ানসার লাল কার্ড সত্ত্বেও জুড বেলিংহামের জোড়া গোল ও কেইনের পেনাল্টিতে ৩—২ ব্যবধানে জয় তুলে নেয়। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে আবারও পিছিয়ে পড়ে অতিরিক্ত সময়ে বেলিংহামের অনবদ্য পারফরম্যান্সে ২—১ গোলের নাটকীয় জয় নিশ্চিত করে টুখেলের দল। জুড বেলিংহাম ছাড়া ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠা ভাবাই কঠিন। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার ইতোমধ্যে ৬ গোল করে গোল্ডেন বলের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন।

 


আর্জেন্টিনা: নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিটি জয় এসেছে নাটকীয়তার মোড়কে। গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩—০, অস্ট্রিয়াকে ২—০ এবং জর্ডানকে ৩—১ গোলে হারিয়ে সহজেই পরের পর্বে ওঠে তারা। তবে শেষ ৩২—এ কেপ ভার্দের বিপক্ষে ৩—২ ব্যবধানে জিততে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়। শেষ ১৬—তে মিশরের বিপক্ষে ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ২—০ গোলে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। এরপর ক্রিস্টিয়ান রোমেরো ও লিওনেল মেসির চার মিনিটের ঝড়ে সমতা ফেরে, আর ৯৩ মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত গোলে ৩—২ ব্যবধানে অবিশ্বাস্য জয় নিশ্চিত হয়।

 

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১১২ মিনিটে হুলিয়ান আলভারেজের চোখধাঁধানো গোল এবং লাউতারো মার্টিনেজের আরেকটি গোলে ৩—১ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। (নোট: ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসি। দলের ১৭টি গোলের মধ্যে ৮টিই এসেছে তাঁর পা থেকে; সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২১ গোলের নতুন রেকর্ডও নিজের নামে লিখিয়েছেন এই মহাতারকা।)
লিওনেল মেসির অনন্য নৈপুণ্যে ভর করেই আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। তবে তাদের রক্ষণভাগ বেশ কয়েকবার দুর্বলতার পরিচয় দিয়েছে। ৪—৪—২ ডায়মন্ড ফরমেশনে মাঝমাঠে মেসিকে বাড়তি স্বাধীনতা দেওয়া হয়। ইংল্যান্ডের লক্ষ্য থাকবে ডেকলান রাইস ও জুড বেলিংহামের শারীরিক শক্তি ও গতিকে কাজে লাগিয়ে মেসির প্রভাব সীমিত রাখা। নরওয়ের বিপক্ষে ম্যাচের পর কোচ থমাস টুখেল নিজ দলকে 'ভাগ্যবান' বলে সতর্ক করেছেন। ফলে ফাইনালে উঠতে হলে ইংলিশদের প্রায় নিখুঁত ফুটবল খেলতেই হবে। বিগত ম্যাচের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ফুটবল বিশ্ব মেসির জাদুই দেখবে বলে আশা করা যায়।


আগামী ১৯ জুলাই ২০২৬ তারিখে পর্দা নামছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। কারও চোখে মেসির শেষ বিশ্বজয়ের স্বপ্ন, কারও বিশ্বাস এমবাপের নতুন সাম্রাজ্য, আবার কেউ ইংল্যান্ডের দীর্ঘ অপেক্ষার অবসান কিংবা স্পেনের নতুন প্রজন্মের উত্থান দেখতে মুখিয়ে আছেন। আগামী কয়েকটি দিন তাই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্যও হবে নির্ঘুম রাত, তর্ক—বিতর্ক আর রোমাঞ্চে ভরা। তবে সামগ্রিক বিবেচনায় শিরোপার দৌড়ে আমি মেসির আর্জেন্টিনাকেই এগিয়ে রাখব।


লেখকঃ অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, বাংলাদেশ বিমান বাহিনী; সাবেক কোচ, বাংলাদেশ বিমান বাহিনী ফুটবল দল।

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার