লাতিন আবেগ বনাম ইউরোপীয় শৃঙ্খলা

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ২০:১৫

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল

মো. রুহুল আমিন

ফাইনালের মঞ্চ প্রস্তুত, প্রস্তুত দুই যুযুধান পক্ষ। আগামীকাল (বাংলাদেশ সময় ২০ জুলাই ২০২৬, রাত ১টা) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল ২০২৬—এর ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত ১৪ জুলাই সেমিফাইনাল শুরুর আগে এই পত্রিকায় প্রকাশিত এক কলামে আমি পূর্বাভাস দিয়েছিলাম যে, এবারের ফাইনাল হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে।

 


মাঠে ও মাঠের বাইরে কিছু বিতর্ক থাকলেও এটা স্বীকার করতে হবে, যোগ্যতার প্রমাণ দিয়েই এই দুই দল ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠা স্পেনের লক্ষ্য দ্বিতীয় শিরোপা, আর আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থ বিশ্বকাপ জয়। দুই দলই রয়েছে দুর্দান্ত ছন্দে। ট্রফি কার ঘরে যাচ্ছে, তা নিয়ে জল্পনা—কল্পনার শেষ নেই। চলুন, এই মহারণের আগে দেখে নেওয়া যাক দুই দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য ফলাফল।


এবার ৩৯ বছর বয়সী অভিজ্ঞ লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলের প্রথম একাদশের গড় বয়স প্রায় ৩০ বছর। চলতি বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত ৮টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করেছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও এখন তাঁর নামের পাশে। তা ছাড়া বার্সেলোনায় দীর্ঘ সময় খেলার সুবাদে স্পেনের অনেক খেলোয়াড়ের বিপক্ষেও তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে, যা ফাইনাল ম্যাচে তাঁকে আরও দুর্দান্ত করে তুলবে। মেসি ছাড়াও এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজ মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। 
দলগতভাবে আর্জেন্টিনা যেভাবে খেলছে, বিশেষ করে বারবার পিছিয়ে পড়েও যেভাবে জয় নিয়ে মাঠ ছাড়ছে, তাতে স্পেনের জন্য কাজটি মোটেও সহজ হবে না। সেমিফাইনালে ২—১ গোলের জয় ছাড়াও কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে দুই গোল করে ৩—১ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে আর্জেন্টিনা। শেষ ষোলোতে ২—০ গোলে পিছিয়ে থেকেও মেসির ১৩ মিনিটের ঝলকে মিশরকে ৩—২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। ঘুরে দাঁড়ানোর এই ধারাবাহিকতা বর্তমান চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং প্রতিপক্ষের ওপর মানসিক চাপও সৃষ্টি করেছে।
অন্যদিকে, ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রির নেতৃত্বে স্পেনের তারুণ্যনির্ভর দলটির মূল একাদশের গড় বয়স প্রায় ২৭ বছর। চলতি বিশ্বকাপে তাদের গোলরক্ষক উনাই সিমোনের পারফরম্যান্স এক কথায় অনবদ্য। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২—১ গোলের জয়ের ম্যাচেই কেবল তাঁর জাল ভেদ করতে পেরেছে প্রতিপক্ষ। এর আগে টানা ৬৪৯ মিনিট কোনো গোল হজম না করে তিনি বিশ্বকাপে নতুন এক ক্লিনশিট রেকর্ড গড়েছেন।


স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের অবদানের কথা বিশেষভাবে মাথায় রাখতে হবে। তিনি মাত্র ১৬ বছর বয়সে ২০২৪ ইউরোতে স্পেনের হয়ে মাঠ কাঁপিয়ে টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ গোলদাতা ও অ্যাসিস্টদাতা হিসেবে ইতিহাস গড়েন। স্পেনকে চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন করতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইট উইংয়ে তাঁর গতি, নিখুঁত ড্রিবলিং এবং চমৎকার পাসিং স্পেনের ঐতিহ্যবাহী “তিকি—তাকা” ফুটবলকে আরও গতিশীল করেছে। মাঠের অসাধারণ পারফরম্যান্স, ডিফেন্ডারদের পরাস্ত করার ক্ষমতা এবং চাপের মধ্যেও ঠান্ডা মাথায় ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য তাঁকে বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকায় পরিণত করেছে।


এদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ মিলিয়ে দুই দল এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। সেখানে উভয় দলই জিতেছে ৬টি করে ম্যাচ, আর দুটি ম্যাচ হয়েছে ড্র। তবে বিশ্বকাপের মঞ্চে তাদের দেখা হয়েছে মাত্র একবার—১৯৬৬ সালে। গ্রুপ পর্বের সেই ম্যাচে লুইস আরতিমের জোড়া গোলে স্পেনকে ২—১ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। ১৯৬৬ সালের ৬০ বছর পর আবারও বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দল, তাও সরাসরি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে। সব দিক বিবেচনায় এটা নিঃসন্দেহে বলা যায়, আমরা একটি রুদ্ধশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল উপভোগ করতে যাচ্ছি। আমার ধারণা, নির্ধারিত ৯০ মিনিটেই ম্যাচের নিষ্পত্তি হবে। আমি ২—১ ব্যবধানে আর্জেন্টিনাকে সামান্য এগিয়ে রাখছি। এবার বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর দেখার পালা—বিশ্বকাপ ফুটবল ২০২৬—এর ফাইনালে লাতিন আমেরিকার ফুটবল কি আরেকটি রূপকথা রচনা করবে, নাকি ইউরোপীয় ফুটবলের শৃঙ্খলা, আধুনিকতা ও নিখুঁত দলগত ফুটবলই শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসবে। 


লেখক : অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার, বাংলাদেশ বিমান বাহিনী; সাবেক কোচ, বাংলাদেশ বিমান বাহিনী ফুটবল দল।

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার