সিলেটের গুচ্ছ-উন্নয়নে সুনামগঞ্জকেও যুক্ত করুন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৫

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি শনিবার সিলেটের এক অনুষ্ঠনে ২০২৯ সনের মাঝামাঝি সময়ের মধ্যে সিলেট—ঢাকা ৬ লেন সড়কের কাজ শেষ হওয়ার আশ্বাস দিয়ে সিলেটের উন্নয়নের একটি গুচ্ছ পরিকল্পনা পেশ করেছেন। এই পরিকল্পনার মধ্যে রয়েছে, ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেললাইনকে ডুয়েলগেজে উন্নীতকরণসহ সিলেট—চট্টগ্রাম রেলপথ সম্প্রসারণের সুসংবাদ। রেলপথ উন্নয়ন পরিকল্পনা জানিয়ে মন্ত্রী বলেন, সকালে সিলেট থেকে রওয়ানা হয়ে ঢাকা পৌঁছে দাপ্তরিক কাজ শেষ করে সন্ধ্যায় ফিরতি ট্রেনে সিলেট চলে আসা যাবে অনায়াসে। এছাড়া পণ্য পরিবহনে সিলেট—চট্টগ্রাম রেলপথ গুরুত্বপূর্ণ অবদান রাখবে, সিলেটে উৎপাদিত পণ্য তখন দ্রুত সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌছানো সম্ভব হবে। এ ছাড়া সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার সড়কটি চার লেনে রূপান্তর, দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমির উপর বিসিকের শিল্পনগরী স্থাপন, সিলেট মহানগরীর নিরাপত্তার স্বার্থে পুরো শহরকে ড্রোন, ফেস—রিকগনিশন ও ইনফ্রারেড প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সিলেটের উন্নয়নে নানাবিধ পরিকল্পনার কথা তিনি অবহিত করেছেন। সিলেটের উন্নয়নে মন্ত্রীর এইসব গুচ্ছ পরিকল্পনা পুরো বিভাগের মানুষকে খুশি করেছে। বিশেষ করে সিলেট—ঢাকা ৬ লেন মহাসড়কটির কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকার কারণে এই রাস্তা দিয়ে যাতায়াত করা এখন সাংঘাতিক ভোগান্তির কারণ হয়ে উঠেছে। বহুদিন ধরে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের কাজে অত্যন্ত ধীরগতি পুরো সিলেট বিভাগের মানুষকে সংক্ষুব্ধ করেছে। মন্ত্রী এখন এই কাজ শেষ হওয়ার একটি সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছেন যা ইতিবাচক। আমরা আশা করি মন্ত্রীর প্রতিশ্রম্নত সময়ের মধ্যে মহাসড়কটির কাজ শতভাগ শেষ হবে। সিলেট বিভাগের উন্নতি হলে এর অন্তভুর্ক্ত চার জেলাই তার সুফল পাবে। সুতরাং সিলেটের বিভিন্নমুখী উন্নয়ন—প্রতিশ্রম্নতিতে বিভাগের সকলেই সন্তুষ্ট হবেন। মন্ত্রী মহোদয়কে আমাদের অভিনন্দন। 

 

 


উন্নয়ন কাজকে সুষম ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালনা করা গণমুখী সরকারের প্রধান বৈশিষ্ট্য। এজন্য কেবল সিলেট জেলা নয় বরং পুরো বিভাগ এবং গোটা দেশ নিয়েই সরকারের বৈষম্যহীন উন্নয়ন—পরিকল্পনা আছে বলে আমরা জানি। এখন এর বাস্তবায়ন দেখতে চায় দেশবাসী। আমরা যেহেতু সুনামগঞ্জ জেলাকে প্রতিনিধিত্ব করছি সেহেতু সিলেটের উন্নয়ন পরিকল্পনায় সুনামগঞ্জকে যুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করি। সুনামগঞ্জবাসীর বহু প্রাচীন দাবি হলো সিলেটের রেললাইনকে সুনামগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ। অতীতে বহুবার এ বিষয়ে অনেক প্রতিশ্রম্নতি পাওয়া গেছে। কিন্তু বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায়নি। রেলপথ হলো যে কোনো দেশের প্রধান গণপরিবহন। আমাদের দেশে রেলপথের উন্নয়নে প্রচুর অবহেলা করা হয়েছে। রেলপথকে প্রধান গণপরিবহনে পরিণত করতে পারলে দেশের সাধারণ মানুষের যাতায়াতসহ পণ্য পরিবহন অনেক সাশ্রয়ী ও সহজ হয়। এই বিবেচনায় সিলেট—ছাতক পর্যন্ত যে রেলপথ আছে সেটিকে দ্রুত সুনামগঞ্জ পর্যন্ত সম্প্রসারণের কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মন্ত্রী মহোদয় ও সরকারের দৃষ্টি আকর্ষণ করি। সুনামগঞ্জ—সিলেট সড়কটি এখন অতিশয় ব্যস্ত একটি যোগাযোগ সড়ক। সুনামগঞ্জ জেলা সদর থেকে বহির্গমনের একমাত্র এই সড়কটি চার লেনে রূপান্তরের দাবি জেলাবাসীর বহু পুরনো। কিন্তু এই দাবিটিও যথাযথভাবে বাস্তবায়নের কোনো লক্ষণ নেই। সুনামগঞ্জ—সিলেট সড়কটিও যাতে চারলেনে রূপান্তরিত হয়ে সিলেট—ঢাকা ৬ লেনবিশিষ্ট মহাসড়কের সাথে সংযুক্ত হতে পারে সেই দাবিটিও আমরা জানিয়ে রাখলাম। সুনামগঞ্জের ছাতক ছাড়া পুরো জেলায় আর কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। ফলে এই জেলায় মৌসুমী ও প্রচ্ছন্ন বেকারত্ব সমস্যা প্রকট। অথচ এ জেলায় সিলিকনসমৃদ্ধ বালু দিয়ে কাঁচসহ বিভিন্ন শিল্প গড়ে উঠার সুযোগ আছে। হাওরাঞ্চলে মিঠা পানির মাছ উৎপাদন বাড়াতে বিজ্ঞানসম্মত উদ্যোগ গ্রহণ অতি প্রয়োজন। মৎস্য প্রক্রিয়াজাতকরণের নানামুখী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রপ্তানিমুখী শিল্পায়নের সম্ভাবনাও রয়েছে। জেলার হাওরকেন্দ্রিক সম্ভাবনাগুলোর উপযুক্ত সদ্ব্যবহার এই অঞ্চলের মানুষের মনের কথা। জেলার অন্যতম উৎপাদন খাত কৃষি উৎপাদনের সংকট দূর করা, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ কৃষি ও কৃষকের স্বার্থে কল্যাণকর ব্যবস্থা গ্রহণের বিষয়টি সরকারকে বিশেষভাবে চিন্তা করতে হবে। জেলার পর্যটনস্পটগুলোকে পরিবেশ ধ্বংসের উপকরণে পরিণত না করে পরিবেশবান্ধব উপায়ে সর্বোচ্চ ব্যবহারের দিকে মনোযোগ বাড়াতে হবে। সীমান্ত—বাণিজ্যের প্রসার ঘটাতে সুরমা নদীর উপর সেতু নির্মাণ ও ডলুরা স্থলবন্দর নির্মাণের উদ্যোগকে বাস্তবায়ন করতে হবে। উন্নয়নের অর্থ হলো মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। মানুষের কল্যাণ হলে দেশ উন্নত হবে। সকলেই একটি উন্নয়ন—সমৃদ্ধ স্বদেশ দেখতে আগ্রহী। সেই লক্ষ্যে সিলেটের জন্য যে গুচ্ছ—উন্নয়ন পরিকল্পনা পেশ করা হয়েছে তার সাথে সুনামগঞ্জের উন্নয়নকেও যুক্ত করা হোক।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার