বিদ্যুৎ চুরি শক্ত হাতে প্রতিহত করতে হবে

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ২২:৫৫

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া এলাকায় মিটার ফাঁকি দিয়ে মেইন লাইন থেকে হুকিং করে বিদ্যুৎ চুৃরির অভিযোগে স্থানীয় মহসিন আলম মুন্নার দুইটি গ্যারেজে অভিযান চালিয়ে জগন্নাথপুর পিডিবি ৩ লাখ ৬১ হাজার ৯৯৮ টাকা জরিমানা করেছে, জরিমানার টাকা ইতোমধ্যে যথাযথ হিসাবে জমা হয়েছে। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে এ সংক্রান্ত সংবাদ থেকে জানা যায়, মহসিন আলম মুন্না ইকড়ছই এলাকার ১১ কেভি মেইন লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে ১১টি ব্যাটারি চার্জিং পয়েন্টের মাধ্যমে দিন—রাত বিদ্যুৎ চুরি করে আসছিলেন। ব্যাটারি চার্জের পাশাপাশি মুন্না ওই অবৈধ সংযোগ থেকে পাশ^র্বর্তী কয়েকটি দোকানেও অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করছিলেন। মুন্নার গ্যারেজে দুইটি অবৈধ ও অনুমোদনহীন মিটার লাগানো থাকলেও পরিদর্শকদল দেখতে পান কার্যত মিটার দু’টিতে কোনো রিডিং উঠে না। অর্থাৎ মিটারকে সামনে রেখে মেইন লাইন থেকে তিনি বিদ্যুৎ চুরি করছিলেন। বিদ্যুৎ অফিসের কারিগরি মূল্যায়ন অনুযায়ী উল্লেখিত পরিমাণ আর্থিক জরিমানা করা হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই ঘটনা থেকে বিদ্যুৎ চুরির একটি সংঘবদ্ধ ঘটনার কথা সামনে আসলো। সারা দেশেই অটোরিকসা ও ইজিবাইকের ব্যাটারি চার্জ করার জন্য অজ¯্র এ—রকম চার্জিং পয়েন্ট আছে। এ—সব চার্জিং পয়েন্টে দৈনিক কী পরিমাণ বিদ্যুৎ চুরি করা হয় তার সঠিক পরিসংখ্যান কেউ জানে না। কিন্তু এ—রকম বিদ্যুৎ চুরির প্রবণতা যে চলছে জগন্নাথপুরের এই ঘটনা তার জলজ¦্যন্ত প্রমাণ। বিদ্যুৎ চুরির জন্য অভিযুক্ত ব্যক্তিকে কেবল আর্থিক জরিমানা করার বিষয়টিকে অপরাধ বিবেচনায় আমরা কম সাজা মনে করি। আর্থিক জরিমানার পাশাপাশি তাকে প্রচলিত আইনে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করে মামলা করা স্থানীয় বিদ্যুৎ অফিসের উচিৎ ছিলো। আইনের কঠোর প্রয়োগ ভিন্ন আইন অমান্যকারীদের নিবৃত্ত করা খুব কঠিন কাজ। খোঁজলে এ—রকম বহু অবৈধ সংযোগ জেলা এবং দেশের সর্বত্র পাওয়া যাবে। বর্তমান বিদ্যুৎ সংকটের পিছনে এই ধরনের বিদ্যুৎ চুরির দায় সরাসরি। অভিযোগ আছে, বিদ্যুৎ বিভাগের এক শ্রেণির অসাধু কর্মচারির সহায়তায় এমন বিদ্যুৎ চুরির ঘটনা ঘটে। আধুনিক ব্যবস্থাপনা ও প্রাযুক্তিক উৎকর্ষতা ঘটানোর মধ্য দিয়ে  বিদ্যুৎ চুরির প্রবণতা আগের তুলনায় কিছুটা কমে আসলেও তা যে একেবারে বন্ধ হয়নি তা দিব্যি করে বলা যায়। বিদ্যুৎ চুরি না হলে দেশে এখনও বিদ্যুতের সিস্টেম লসের পরিমাণ শতকরা দশ ভাগের আশেপাশে থাকতে পারতো না। বর্তমানে দেশে প্রতিবছর প্রায় ৭২৪ কোটি ইউনিট বিদ্যুতের অপচয় হয়, এ ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা। 

 

 


দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের অভিমত ছিলো— বিদ্যুৎ উৎপাদন খাতে গণমুখী পরিবর্তন সাধন, সঞ্চলন লাইনের ত্রুটি দূরকরণ, দুর্নীতি দূর করা ও ব্যবস্থাপনগত উৎকর্ষতা সাধন করলে বিদ্যুতের মূল্য ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখা সম্ভব। বর্তমান যুগে বিদ্যুত হলো সভ্যতার চালিকাশক্তি। বিদ্যুৎহীন একটি সেকেন্ড কাটানোর কথা এখন স্বপ্নেও চিন্তা করা সম্ভব নয়। উৎপাদন, অর্থনীতি, জীবনযাপন ও সেবাখাত; প্রতিটি জায়গায় বিদ্যুৎ অপরিহার্য। এমন অপরিহার্য খাত নিয়ে আমাদের জাতীয় পরিকল্পনা ও প্রস্তুতি এখনও আশানুরূপ নয় বলেই বিশেষজ্ঞরা মনে করেন। চলমান সময়ে বিদ্যুতের সরবরাহ ঘাটতি প্রকট। দিনের একটি বড় সময় লোডশেডিং করতে হয়। গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহ। বিদ্যুতের এমন দুরবস্তা থেকে পরিত্রাণ পেতে চাইলে সমন্বিতভাবে এই খাতে উন্নত কর্মকৌশল ও ব্যবস্থাপনার পরিবর্তন আবশ্যক। যে ব্যবস্থায় মেইন লাইন থেকে বিদ্যুৎ চুরি করা সম্ভব, তা যে উৎকৃষ্ট ব্যবস্থাপনা হতে পারে না, তা বুঝাতে খুব বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। 

 

 


সুনামগঞ্জের বিদ্যুৎসেবার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের আহ্বান, বিদ্যুৎ চুরির স্পটগুলো চিহ্নিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করুন। জগন্নাথপুরে বিদ্যুৎ চুরির ঘটনাটি চিহ্নিত করতে পারাকে আমরা স্থানীয় বিদ্যুৎ অফিসের সফলতা হিসেবে বিবেচনা করি, এ জন্য তাদের অভিনন্দন। চোর ধরার এই অভিযানকে আরও সম্প্রসারণ করে শূন্যে নামিয়ে আনতে হবে। দেশের হৃৎস্পন্দন বিদ্যুৎসঞ্চালন ব্যবস্থাকে সব ধরনের অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ডের বাইরে রাখাই বিদ্যুৎ অফিসগুলোর অন্যতম দায়িত্ব। তাঁদের ওই দায়িত্ব পালনে আরও তৎপর হওয়ার অনুরোধ আমাদের। কেবল আর্থিক জরিমানা নয়, এর সাথে অপরাধের গুরুত্ব অনুসারে প্রচলিত ্আইনানুসারে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এই বিদ্যুৎ চুরি হ্রাস করা সম্ভব হবে। 
 

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার