প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২৩:১৫
সুনামগঞ্জ—সিলেট সড়কের ফোর লেনের সম্প্রসারণাধীন একটি অংশ— শহরের ওয়েজখালি এলাকায় বিদ্যুতের খঁুটি বসানোকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে স্পষ্ট সমন্বয়হীনতার চিত্র ফুটে উঠেছে। সোমবার ওখানে বিদ্যুতের খঁুটি বসানোর গর্ত করতে বাধা প্রদান করেন পল্লী বিদ্যুতের লোকজন। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, পল্লী বিদ্যুতের বাধা প্রদানের কাজটি বেশ সংঘবদ্ধ ও জোর—জবরদস্তিমূলক ছিলো। পল্লী বিদ্যুতের একজন এজিএমের নেতৃত্বে বেশ কয়েকজন কর্মকর্তা—কর্মচারি খুঁটির গর্ত করার কাজে নিয়োজিত ঠিকাদার ও শ্রমিকদের বাধা প্রদান করেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা ঘটনাস্থলে আসলে তাঁদের সাথেও খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সোমবার গর্ত করার কাজ করা সম্ভব হয়নি। ঠিকাদারের প্রতিনিধি সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন— পল্লী বিদ্যুতের লোকজন কেবল গায়ে হাত তোলা ছাড়া আর সব ধরনের হেনস্তা করেছেন। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে দাবি করা হয়, তাঁদের অফিসের যে স্থানে ৩৩ কেভি সঞ্চালন লাইনের নির্দিষ্ট খঁুটিটি বসানো হচ্ছে সেই জায়গা খুব ঝঁুকিপূর্ণ। এটি পল্লী বিদ্যুৎ অফিসের প্রধান ফটকের নিকটে। ফটক দিয়ে নিয়মিত বড় ট্রান্সফরমার ও ক্রেন ঢুকে। এই খঁুটিটি এজন্য ভবিষ্যতে ঝঁুকি তৈরি করতে পারে। তাঁদের অভিমত, গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) অন্তত ১২ ফুট দূরে বিদ্যুতের খঁুটি বসাতে হয়। এছাড়া খঁুটি বসানোর ডিজাইন নিয়ে তাঁদের সাথে আগে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। অন্যদিকে পিডিবি’র পক্ষ থেকে জানানো হয়, খঁুটিটি সড়ক বিভাগের জায়গার শেষ সীমানায় বসানো হয়েছে, যাতে ভবিষ্যতে সড়ক আরও সম্প্রসারিত হলে খঁুটি সরাতে না হয়। খঁুটি বসানোর ডিজাইন পরিবর্তনের সুযোগ সীমিত বলে জানিয়েছেন পিডিবি’র নির্বাহী প্রকৌশলী।
সোমবার একটি খঁুটি বসানোকে কেন্দ্র করে দু’টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে অনভিপ্রেত ঘটনা ঘটে গেলো তা অতিশয় দুঃখজনক। আমাদের কাছে মনে হয় যথাযথ সমন্বয়হীনতার কারণেই উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই বিরোধ তৈরি হয়েছে। দু’টি প্রতিষ্ঠানই বিদ্যুৎ সঞ্চালন সেবার সাথে জড়িত। কোন্ কাজে কোথায় কী ঝঁুকি তৈরি হতে পারে সেটি তাঁদের সকলেরই জানা। পল্লী বিদ্যুতের অফিসের প্রধান ফটকের নিকটবর্তী স্থানে একটি খঁুটি বসানো যদি ঝঁুকিপূর্ণ হয়, তাহলে ডিজাইন তৈরির সময় পিডিবি কেন বিষয়টি উপেক্ষা করে গেলো ? ডিজাইন প্রণয়নের সময় এ বিষয়টি সহজেই সমাধান করা সম্ভব ছিলো। অন্যদিকে খঁুটি বসানোর সময় পল্লী বিদ্যুতের জোরজবরদস্তি করার বিষয়টি অতিমাত্রায় দৃষ্টিকটু, শৃঙ্খলাবহির্ভুত এবং অগ্রহণযোগ্য। খঁুটি বসানোর সময়ই তাঁরা পিডিবি কর্তৃপক্ষকে আপত্তি জানাতে পারতেন। সেটি না করে অকুস্থলে লোকজন নিয়ে কাজে বাধা প্রদান করা অনুচিত হয়েছে বলেই মনে করা যুক্তিযুক্ত। অবশ্য পল্লী বিদ্যুতের এজিএম সুনামগঞ্জের খবরকে বলেছেন, ‘এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না, আলোচনা করে সমাধান হয়ে যাবে’। আমরাও চাই উদ্ভূত বিরোধ দাপ্তরিক প্রক্রিয়ায় কারিগরি ঝঁুকির দিক বিবেচনায় নিয়ে দ্রুত সমাধান করা হোক।
সুনামগঞ্জ—সিলেট সড়কের যে অংশ এখন চার লেনে উন্নীত হচ্ছে সেটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের অগ্রগতি এমনিতেই অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। এই ধীর গতির সাথে যদি এখন দুইটি সরকারি প্রতিষ্ঠানের বিরোধ যুক্ত হয় তাহলে কাজটি আরও পিছিয়ে পড়বে। এই চার লেনের নানা জায়গায় বহুবিধ সমস্যা বিদ্যমান। কোথাও দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করতে হবে, কোথাও জায়গা অধিগ্রহণ করতে হবে, অধিকাংশ জায়গায় মাটি ভরাট করে উঁচু করতে হবে। এই প্রক্রিয়া শেষ হয়ে কয়েক কিলোমিটারের চার লেন কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। এদিকে পুরনো বাসস্টেন্ড থেকে ওয়েজখালি পর্যন্ত এই কাজ চলমান থাকায় এখন যানবাহন চলাচলে ভীষণ দুর্ভোগ তৈরি হয়েছে। ভাঙা রাস্তা এবং নির্মাণ কাজের কারণে মানুষের যাতায়াত দুর্ভোগ বেড়েছে। শহরবাসী দ্রুত এই কাজ শেষ হওয়া দেখতে চান। অন্তত যে স্থানে কাজ শুরু হয়, সেই স্থানের কাজ যাতে দ্রুত শেষ করা যায় তা নিশ্চিত করা জেলাবাসীর একান্ত ইচ্ছা। তাই এই কাজে সৃষ্ট যেকোনো প্রতিবন্ধকতার তড়িৎ নিষ্পত্তি কাম্য। পল্লী বিদ্যুৎ ও পিডিবি’র মধ্যে একটি খঁুটি স্থাপন করা নিয়ে তৈরি হওয়া বিরোধটিও যাতে তাড়াতাড়ি শেষ হতে পারে তা নিশ্চিত করতে আমরা পিডিবি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাই। এখানে দাপ্তরিক অহংবোধের চাইতেও জনস্বার্থের বিষয়টি অগ্রাধিকার পাওয়ার যোগ্য বলে আমরা মনে করি।
সম্পাদকীয় থেকে আরো পড়ুন