সাদা পাথরের হে শুভ্রমানব আপনাকে অন্তিম অভিবাদন

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ২০:৫২

কিছু মৃত্যু আত্মীয় পরিজনের বাইরে আরও বৃহত্তর জনগোষ্ঠীকে বেদনায় আচ্ছন্ন করে। কিছু মানুষ মৃত্যুর পর বেশি দিন মানুষের স্মরণে থাকেন না। কিছু মানুষ বেঁচে না থেকেও অমরত্বের স্বাদ নিয়ে অনেকের ভাস্বর স্মৃতিতে জাগ্রত থাকেন। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত এমন একটি মৃত্যুসংবাদ আমাদের আপ্লুত করেছে। মাত্রই ৪৮ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটেছে। এমন বয়স মৃত্যুর বয়স নয়। ভাবীকালে এই ব্যক্তিটি তাঁর পরিপাশ^র্ এবং সমাজকে হয়তো অনেক কিছু দিয়ে নিজের  শুভ্রতার পালকের দৈর্ঘ বাড়াতে পারতেন। কিন্তু সেই আয়ু তিনি পাননি। তবে স্বল্পদৈর্ঘ জীবনেই তিনি এমন কিছু কাজ করেছেন যা তাঁর পরিচিতিকে নিজ এলাকার বাইরের একটি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিয়েছে। নিজ এলাকায় তাঁকে ‘সাদা পাথরের সংরক্ষক’ নামে আখ্যায়িত করা হয়। পিতৃদত্ত নামের সাথে যখন মানুষের দেয়া অভিধা যুক্ত হয় তখন বুঝতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিটি কেবল নিজের জন্য বাঁচেননি, তিনি বেঁচে থেকে জীবনকে অর্থবহ করে তুলতে ছিলেন সদাপ্রয়াসী। তাঁর নাম শাহ্ মোহাম্মদ জামাল উদ্দিন। সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এক সময়। না, এই জনপ্রতিনিধিত্বের পরিচয়টি তাঁর আসল পরিচয়গর্ব নয়। তাঁর গর্ব করার জায়গা অন্য। কোম্পানিগঞ্জ একদা বালু ও পাথর ব্যবসার জন্য বিখ্যাত ছিলো, এখনও তাই। এই উপজেলাটি এখন বৃহত্তর সিলেটের অন্যতম এক পর্যটনকেন্দ্র। আর এই পর্যটনকেন্দ্রের মূলে রয়েছে উপজেলার ধলাই নদের মুখে উজান থেকে নেমে আসা বিশেষ এক ধরনের পাথরের সঞ্চয়। ধলাই নদের বুকে বালুর আস্তরণ থাকায় নদের জল স্বচ্ছ। স্বচ্ছ জলের নীচে জমে থাকা সাদা পাথরগুলো অন্য এক ধরনের মোহাবিষ্ট প্রকৃতি তৈরি করে। ধলাই নদটি এখানে সৃষ্টি হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পুনরায় উৎসমুখে ফিরে এসেছে। নদের আকৃতি, টলটলে পানি, শে^তশুভ্র পাথর; সবকিছুর সমন্বয়ে অপূর্ব নিঃসর্গ তৈরি হয়েছে এখানে। পাথরগুলো যেনো নদীর সেতুবন্ধন। অদূরে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি সবুজ নিঃসর্গের ক্যানভাসে জায়গাটি স্বপ্নের মতো সুন্দর।

 

এখন এই প্রকৃতি—নিঃসর্গ দেখতে দূর দূরান্ত থেকে অজ¯্র মানুষ আসেন। সাদা পাথরের প্রকৃতিকে ধারণ করেই ওখানে গড়ে উঠেছে বিশাল পর্যটন বাণিজ্য। এই পর্যটনকেন্দ্রের রূপকারই প্রয়াত চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ জামাল উদ্দিন। প্রকৃতির এই অপার সৌন্দর্য এবং এর পর্যটন সম্ভাবনার বিষয়টি তিনিই সর্বাগ্রে অনুভব করেন। এর আগেও এখানে এই ধরনের পাথরের স্তূপ জমা হতো। কিন্তু সেগুলো পাথর ব্যবসায়ীদের মুনাফার খাতায় নিহত হতে বাধ্য হতো। বেনিয়াবৃত্তির চোখ পাথরকে কাঁচা টাকা ছাড়া ভিন্ন কিছু ভাবতে পারে না। কিন্তু শাহ্ জামালের চোখ ছিলো ভিন্নতর কিছু। তিনি ওখানে সাময়িক মুনাফার বাইরেও ভবিষ্যতের এক জ্যোতিষ্মান স্বপ্ন দেখেছিলেন। তখন ২০১৬ সন, শাহ্ জামাল পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রকৃতির বিশেষ আশীর্বাদের এই ব—দ্বীপ সদৃশ্য জায়গাটির পর্যটন সম্ভাবনার দুয়ার খোলে দিতে প্রথম পদক্ষেপটি তখনই গ্রহণ করেন তিনি। কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এবং সিলেটের জেলা প্রশাসকের নিকট আবেদন করেন ধলাই নদের উৎস মুখে জমা হওয়া এই পাথর সংরক্ষণের। তাঁর আবেদনের ভিতর লুকানো অপার ঐশ^র্যের মহিমা বুঝতে পেরেছিলেন তৎকালীন প্রশাসনিক কর্তাগণ। ২০১৭ সনে ওখানে সাইনবোর্ড সাঁটিয়ে সাদা পাথর সংরক্ষণের ব্যবস্থা করা হয়। সেই থেকে শুরু। আর পেছনে তাকাতে হয়নি।

 

আস্তে আস্তে প্রকৃতিপ্রেমী পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলো জায়গাটি। এখন তো এটি সিলেটের অপরিহার্য দ্রষ্টব্য পর্যটনস্পট। শাহ জামাল যতোদিন বেঁচেছিলেন ততদিন নিশ্চয়ই তাঁর চারাগাছতুল্য স্বপ্নের বিশাল বৃক্ষ হয়ে উঠার বাস্তবতা দেখে পবিত্র আনন্দ লাভ করেছিলেন। তাঁর সেই ব্যক্তিগত আনন্দ লাভের আর কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১৭ নভেম্বর) মাত্র আটচল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুর অবধারিত স্বাদ গ্রহণ করেন। তিনি লোকান্তরিত হয়েছেন সত্য, কিন্তু অনাদি ভবিষ্যৎ পর্যন্ত ছুটে আসা পর্যটকের চোখই হয়ে থাকবে তাঁর নিজস্ব স্বপ্নলোচন। তাঁকে আমাদের অন্তিম অভিবাদন। 

 


এই সর্বখাই সময়ে প্রকৃতি রক্ষা করা অতিশয় কঠিন। যেখানে মুনাফার সামান্যতম সুযোগ থাকে সেখানেই অর্থগৃধ্নুদের থাবা সম্প্রসারিত হয়। এই সাদা পাথর এলাকায়ই ২০২৪ সনে ভয়ানক তাণ্ডব হতে দেখেছি আমরা। দেদারসে লুট হয়েছে ধলাই নদের সঞ্চিত সাদা পাথর। এর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে উঠতেও দেখেছি আমরা। লুণ্ঠিত পাথরের একটি অংশ পুনরুদ্ধার করে প্রাকৃতিক যথার্থতা ফিরিয়ে আনার প্রয়াসও বহু নির্মল অন্তরকে প্রশান্ত করেছে। সৌন্দর্য ও প্রকৃতিকে লোভী বেনিয়াবৃত্তির হাত থেকে বাঁচাতে শাহ জামালের অবদানের বিস্মরণ ঘটবে না। বরং এই গাঁথা আরও বহু মানুষকে এক একজন প্রকৃতিপ্রেমী হয়ে উঠতে সহায়তা করবে।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার