এআই: বিধ্বংসী দৈত্য না উপকারী হাতিয়ার?

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৯:৪৭

কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই বর্তমান প্রযুক্তিনির্ভর দুনিয়ায় ক্রমেই নিজের অবস্থান শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করে চলেছে। চ্যাটজিপিটি দিয়ে মানুষ এখন প্রবন্ধ লিখছে, রোবট দিয়ে করছে পণ্য উৎপাদন অর্থাৎ সর্বত্র বাড়ছে এআইয়ের ব্যবহার। এই দ্রুত পরিবর্তনে চিন্তাশীল মানুষ এআইয়ের সুফল- কুফল প্রশ্নে এখন বহুধাবিভক্ত। উদ্বিগ্ন একদলের অভিমত, এআই নষ্ট করে দিচ্ছে মানুষের সৃজনশীলতা। এক সময় মানবজাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে নিয়ন্ত্রয়নহীন এআই।
 আশাবাদী অপর দলের মতে, ভবিষ্যতে অধিক আয়ের শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে উঠবে এআই। মানুষ একে গ্রহণ করবে সাদরে। এআই তাদের জন্যই হবে আতঙ্কের, যাদের শেখার প্রতি নেই কোন আগ্রহ। 

 


এআই'কে যারা প্রতিযোগী না ভেবে সহযোগী বানাবে, তাদের ভবিষ্যত হবে উজ্জ্বল। তারা এগিয়ে যাবে দুর্বার গতিতে। আর যারা এআই'কে প্রতিযোগী জ্ঞান করবে, শেখা থেকে বিরত থাকবে, নানা তন্ত্র- মন্ত্র আওড়িয়ে মুখ ফিরিয়ে রাখবে, তাদের পতন কেউ ঠেকাতে পারবে না। অচিরেই মুখ থুবড়ে পড়বে তারা। 
এখানে মনে রাখা দরকার, এআই কোন দক্ষ লোকের চাকরি খাবে না, চাকরি যাবে তার- যে লোক এআই ব্যবহারে অজ্ঞ, মূর্খ, আনাড়ি কিংবা অনাগ্রহী।
ইতিহাস সাক্ষী দেয়, কোন বিপ্লবই মানুষের কর্মসংস্থান কমায়নি, বরং বাড়িয়েছে। এনেছে নতুনত্ব। বাষ্পীয় ইঞ্জিন, বিদ্যুৎ ও কম্পিউটার- প্রতিটি পরিবর্তনই এর উদাহরণ। এ পরিবর্তনগুলো মানুষকে তার কর্মক্ষেত্র থেকে ছুড়ে ফেলে দেয়নি, বরং দিয়েছে নতুন নতুন কাজের  দিশা। কর্মক্ষেত্র তৈরি করেছে আগের চেয়ে বহুগুণ বেশি। 

 

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF ) এক জরিপের তথ্য উদ্ধৃত করে বলেছ, ২০২৬ থেকে ২০৩০ -এ ৫ বছরে বিশ্বে চাকুরি হারাবে প্রায় ৯ কোটি ২০ লাখ মানুষ। বেশির ভাগ চাকুরিচ্যুতির কারণ হবে এআই না জানা। পক্ষান্তরে, একই সময়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় ১৭ কোটি। সৃজিত প্রায় প্রতিটি পদই হবে প্রযুক্তিনির্ভর ও এআইভিত্তিক। 
যে চাকুরির শতকরা ৭০ থেকে ৮০ ভাগ কাজ একই নিয়মে বারবার করা যায়, সেসব চাকুরি এআইয়ের কারণে আগামীতে বিলুপ্ত হয়ে যেতে পারে। সে হিসেবে ক্লারিক্যাল ও অফিস সহায়ক, হিসাবরক্ষক,ডেটা এন্টি অপারেটর, পোস্টাল ক্লার্ক, ব্যাংক টেলার, ক্যাশিয়ার, কল সেন্টারকর্মী, বেসিক নিউজ রাইটার, অনুবাদক, সাধারণ গ্রাফিক ডিজাইনার ও সাধারণ ওয়েব ডেভেলপার প্রভৃতি পেশাজীবীরা চাকুরিচ্যুত হতে পারেন। এ কাজগুলো প্রধানত তথ্যনির্ভর ও পুনরাবৃত্তিমূলক। এসব ক্ষেত্রে এআই মানুষের চেয়ে দ্রুত ও সস্তা।
অপরদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) স্পেশালিস্ট,  মেশিন লার্নিং (এমএল) স্পেশালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি, এআই এথিক্স অফিসার, প্রম্পট ইঞ্জিনিয়ার, চিপ ডেভেলপার/ ইঞ্জিনিয়ার, এআই ট্রেইনার, রোবটিক্স মেইনটেন্যান্স, ড্রোন অপারেটর, ইভি টেকনিশিয়ানসহ নানা প্রযুক্তিনির্ভর চাকুরির জন্য এআই খুলে দিতে পারে অপার সম্ভাবনার দ্বার। এতে চাকুরি পাবে লাখ লাখ প্রশিক্ষিত মানুষ।

 


WEF(ওয়ার্ল্ড ইকোলমিক ফোরাম) - এর মতে, কৃষি শ্রমিক, ডেলিভারি ড্রাইভার, নির্মাণ শ্রমিক ও নার্স- এর মত খাতে আগামী ৫ বছরে সবচেয়ে বেশি চাকুরি বাড়বে। তারা আরো মনে করে, নার্স, শিক্ষক, থেরাপিস্ট, বয়স্কদের যত্ন, সহমর্মিতা,বিশ্বাস,স্পর্শ- এগুলো এআই দিতে পরাবে না। তাই এসব চাকুরির চাহিদা দিনকে দিন বাড়তেই থাকবে।
WEF আরো জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে বর্তমান দক্ষতার ৩৯% - ই বদলে যাবে। যে দক্ষতাগুলোর চাহিদা বেশি থাকবে সেগুলো হচ্ছে, বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধান, স্থিতিস্থাপকতা, যোগাযোগ ও নেতৃত্ব।

 


তারা(WEF) আরো জানায়, আগে একটা ডিগ্রী ১০ বছর চলত। এখন ১৮ মাসে পুরনো হয়ে যায়। প্রতি ৬ মাস অন্তর নিজেকে আপগ্রেড রাখারও তাগিদ দিয়েছে এই প্রতিষ্ঠান।
আগামী দুনিয়ায় যে যে পেশায়ই থাকুক না কেন, তাদের এআই জানা হবে অপরিহার্য। ভবিষ্যতে প্রাধান্য পাবে পেশা + এআই। যেমন: ডাক্তার + এআই, গবেষক+ এআই, ইঞ্জিনিয়ার+ এআই, ডিজাইনার + এআই।

 


সুতরাং এআই চাকুরি খাবে, এটা তথ্যনির্ভর, যুক্তিনির্ভর বা বস্তুনিষ্ঠ কোন খবর নয়। এটাকে আবেগপ্রসূত অপসংবাদ হিসেবে গণ্য করাই যুক্তিযুক্ত। প্রকৃত সংবাদ হচ্ছে, এআই ভবিষ্যতে বেশি মানুষের কাজ অল্প মানুষে করার নিশ্চয়তা দেবে, মানুষকে করবে আরো গতিশীল, নির্ভুল ও বিশ্লেষণশীল। পাশাপাশি এআই উৎপাদন বাড়াবে, কমাবে উৎপাদন খরচ। 

 

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান গোন্ডম্যান স্যাকস ২০২৩ সালে এক প্রতিবেদনে জানিয়েছে, ভবিষ্যতে বিশ্বের প্রায় ৩০ কোটি পূর্ণকালীন চাকুরির কাজ এআইয়ের সংস্পর্শে চলে আসবে। এর অর্থ এই নয় যে, এসব চাকুরি এআই গ্রাস করে ফেলবে। এখানে বুঝানো হয়েছে, এই চাকুরিগুলোর একটি বড় অংশের কাজ এআই দ্বারা করা সম্ভব হবে।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ( ILO) -এর ২০২৪ সালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশ্বের প্রতি ৪ জন শ্রমিকের মধ্যে ১জনের চাকুরি জেনারেটিভ এআইয়ের সংস্পর্শে চলে আসবে। কিন্তু এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে মাত্র ৩. ৩ % চাকুরি। 

 


৪১% নিয়োগদাতা জানিয়েছেন, এআই দিয়ে অটোমেশন করতে পারলে তারা কর্মী সংখ্যা কমাতে চান। ৮৫% নিয়োগকর্তা তাদের কর্মীদের নতুন করে প্রশিক্ষণ দিতে আগ্রহী। অর্থাৎ কোম্পানিগুলো মানুষকে বাদ দিতে চায় না, তারা পেতে চায় এআই জানা মানুষ।

ইন্টারন্যাশনাল মনিটারি ফাণ্ড ( আইএমএফ)  ২০২৪ সালের রিপোর্টে বলেছে, বিশ্বের ৪০% চাকুরি এআইয়ের সংস্পর্শে আসবে। উন্নত বিশ্বে এর সংখ্যা দাঁড়াবে ৬০%, উন্নয়নশীল দেশে ৪০%। এর অর্ধেক চাকুরিতে এআই মানুষকে সাহায্য করবে। বাকি অর্ধেকের জায়গা দখলের চেষ্টা করবে এআই। 
এক কথায় দিন- দুনিয়া বদলে দেবে এআই। সর্বক্ষেত্রে আনবে আমূল পরিবর্তন।

 

এ অবস্থায় যে যে লাইনেই থাকুক না কেন, চ্যাটজিপিটি, ক্লাউড, মিডজার্নি 'র মতো এআই টুল ব্যবহারের মাধ্যমে সেই কাজ ১০ গুণ দ্রুত গতিতে করা শিখতে হবে। আর হ্যাঁ, আরেকটা বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সেটি হচ্ছে, কোন একটি স্কিল শিখে বসে থাকার দিন বাসি হয়ে গেছে। একাধিক কাজে স্কিলড হতে হবে সবাইকে। সেই সঙ্গে প্রতি ৬ মাসে একবার আপগ্রেড করে নিতে হবে নিজেকে। মানানসই করে নিতে হবে চলতি দুনিয়ার সঙ্গে।

 


বাংলাদেশ সরকারের ভাষ্য মতে, বাংলা ভাষায় এআই শেখার জন্য ইতোমধ্যেই লার্জ ল্যাংগুয়েজ মডেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটি সফল হলে দেশের সাধারণ মানুষের আয়ত্তে চলে আসবে এআই। এআই প্রসারে গ্রামে গ্রামে ইন্টারনেট পৌঁছে দেওয়া জরুরি। একই সঙ্গে স্কুল- কলেজে, ভোকেশনাল ইনস্টিটিউট ও মাদ্রাসায় কম্পিউটার ও প্রোগ্রামিং শেখা চালু করতে হবে। আর এটি করতে হবে জোর কদমে। সরকার নিরাপদ, নৈতিক ও জনবান্ধব নীতিমালার আলোকে দেশে দ্রুত এআই প্রসারে কার্যকরী পদক্ষেপ নিতে চলেছে।

 


 ফলে জনসংখ্যার আধিক্যে সমস্যাসংকুল বাংলাদেশের বিপর্যস্ত তরুণ জনগোষ্ঠী উজ্জীবিত জনশক্তিতে পরিণত হয়ে অচিরেই ঘুরে দাঁড়াবে বলে আশা করা যায়।
লেখক: জ্যেষ্ঠ সংবাদকর্মী।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার