কবিতা

জীবিত লাশের কথা

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৬ ২১:০৩

বত্রিশ 
বৈরী ও বিরুদ্ধ পৃথিবীতে মানুষের কর্ম তার মর্মার্থ হারায় 
যুদ্ধাতঙ্ক হরে মানবিকতার প্রাণ নৈঃসঙ্গের দেয়াল দাঁড়ায়
দিনে দিনে মানুষের সংখ্যা বাড়ে মনে তার ততো বাড়ে না পিড়িতি 
মানুষের ভিড়ে মানুষেরা একা একা ঘুরে মেফিস্তোফিলিসের সন্ততি   

একা একা বাঁচা নয় বাঁচা মানে বাহুপাশে বাঁধা প্রিয় মন্দানিলা
পিড়িতির ফিতা দিয়ে বাঁধা প্রিয় পুরুষের বুকে প্রমিলার লীলা 
পিড়িতির শত্রু পুঁজি পিড়িতি মহার্ঘ্য পণ্য মহান মুক্ত বাজারে 
তনু দিয়ে তনু নয় অর্থ দিয়ে কিনে নিতে হয় পিড়িতি প্রিয়ারে

মুক্ত বাজারে কোথাও মুক্তি নেই বাণিজ্যিক সহিংসতা তার সার
চৌদিকে কুবেরপুজা ঘুস চাঁদা গুম খুন ছিনতাই দিয়ে দিন পার   
দাও দাও খাঁই খাঁই ট্রাম্প চলে লুণ্ঠনের দার্শনিক নীতি মেনে
ইউনুসের মতো বিশ^জুড়ে তার শিষ্য মান্য করে তারে প্রাণপণে 

ইরান ভেনিজেুয়োলা অথবা বঙ্গে কামড় মারে ধারদন্ত পুঁজি
দাসখত লিখে দিতে নোবেল বিজয়ী বীর বটে তো কাজের কাজী \ 

 তেত্রিশ 
বেঁচে থাকা কাকে বলে বহু বহু দিন আগে বেমালুম গেছি ভুলে 
কালের কণিকাগুলি ইতিহাস হয়ে শুয়ে আছে স্মৃতির ভাড়ালে
মহাজাগতিক কালে নেই কোনও নির্বিরোধ নিরিবিলি বেঁচে থাকা
লোকেরা মারে না লোক এমন জীবন পেতে ভবে হতে হবে একা 

অথচ একা যায় না বাঁচা একা একা হয় না তো মানবসমাজ 
প্রকৃতিতে মানুষ বাঁচিয়ে রাখে সৃষ্টিশীল মানুষের বহু কাজ
কাজ ছাড়া মানুষের সক্ষমতা প্রতিভার কোনও হয় না বিকাশ 
শ্রম ছাড়া বেকার মানুষ কীছু নয় সে তো মানুষের জিন্দা লাশ 

এই জিন্দা নরলাশ জবর ক্ষমতা রাখে পৃথিবীকে দিনে দিনে 
খণ্ড খণ্ড করে গড়ে ইতিহাস দক্ষ তারা মিথ্যা পৃথিবী সৃজনে
এই মৃত বস্তুময়তাকে মেরে মানুষেরা পাবে মানুষী জীবন
মানুষের এক লক্ষ্য নির্ধারিত আছে মানবীয় প্রকৃতি অর্জন    

মানুষ জনন করে মানুষেরে সযতনে করে লালন পালন
দ্বিবিধ জননে মগ্ন মানুষেরা পৃথিবীতে করে জীবন যাপন

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার