প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৯:৪৪
পরের ধনে পোদ্দারি করাই যখন দুনিয়ার রীতি তখন পরের ধনে নির্লোভ থাকার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জের চানাচুর বিক্রেতা আমির উদ্দিন। শহরের আলফাত উদ্দিন চত্ত্বরের আশেপাশে অন্য দিনের মতো রবিবার বিকেল থেকে ভ্রাম্যমাণ দোকানে চানাচুর বিক্রি করছিলেন তিনি। সন্ধ্যায় নিজের ভ্যানগাড়ির পাশে পড়ে থাকা একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি কুঁড়িয়ে তা খোলে তাঁর চক্ষু চড়কগাছ। ব্যাগের ভিতর তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার। যত্নে তিনি ব্যাগটি আগলে রাখেন। বিন্দুমাত্র লোভ তৈরি হয়নি তাঁর মনে।
তিনি হারিয়ে যাওয়া স্বার্ণালঙ্কারের মালিকের অপেক্ষায় ছিলেন। এদিকে স্বর্ণ হারিয়ে পাগলপ্রায় শহরের শহীদ আবুল হোসেন রোডের বাসিন্দা সজল তালুকদার হন্যে হয়ে খোঁজছিলেন হারানো স্বর্ণালঙ্কার। এক পর্যায়ে আমির উদ্দিন ও সজল তালুকদারের সাক্ষাৎ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতিতে আমির উদ্দিন ওই স্বর্ণালঙ্কার ফেরৎ দেন সজল তালুকদারকে। আমির উদ্দিনের এই বিরল সততার কারণে তিনি এখন সকলের প্রশংসায় ভাসছেন। আমির উদ্দিন বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চান না। গণমাধ্যমের কাছে তাঁর সহজ সরল কথা— ‘ছোটবেলা থাকি কষ্টে থাকি। পরের জিনিসে লোভ নেই’। তিনি নিজের অন্তরের কথার অকপট প্রকাশ ঘটিয়েছেন। কিন্তু বর্তমান লোভ, পরার্থ হরণ, লুণ্ঠনবাজি, দুর্নীতিগ্রস্ততার চরম আধিপত্যের সময়ে তাঁর এই সরল স্বীকাররোক্তি মনে করিয়ে দেয়— দুনিয়া থেকে সততা একেবারে বিদায় নেয়নি। আমির উদ্দিনের মতো ব্যক্তিরা এই কঠিন মানবিক গুণকে এখনও লালন করে চলেছেন। আমির উদ্দিন গরিব, একজন ভ্রাম্যমাণ চানাচুর বিক্রেতা। অনায়াসে তিনি ওই স্বর্ণালঙ্কার পাওয়ার বিষয়টি গোপন রেখে নিজের ভাগ্য গড়তে পারতেন। কিন্তু বিবেক তাঁকে সৎ পথে পরিচালিত করেছে। তিনি অসৎ হতে পারেননি। কষ্টের রোজগারকে তিনি সম্মানজনক মনে করেছেন। এই যে বোধ তা কেউ তার ভিতর তৈরি করে দেয়নি। এটি তাঁর সহজাত প্রবৃত্তি। বলাবাহুল্য আমাদের সমাজের প্রান্তিক পর্যায়ের বেশির ভাগ মানুষই আসলে ভালো। সমাজে যে অনাচার আমরা অবলোকন করি তার জন্য দায়ী অতি অল্প কিছু ব্যক্তি বা গোষ্ঠী। ওই সংখ্যাল্প গোষ্ঠীর অপকর্মের কারণে সমাজের ভিতর—বাহিরের অবস্থা আজ খুব কদর্য হয়ে গেছে। আমির উদ্দিনের মাধ্যমে সাধারণ মানুষের প্রকৃত পরিচয় সকলের সামনে উন্মোচিত হলো। কিন্তু আফসোস হলো, সমাজ যাঁরা নিয়ন্ত্রণ করেন, যাঁরা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, যাঁরা ব্যবসায়কে মুনাফা লুটার উপলক্ষ্যে পরিণত করেছেন; এই সকল লোকের জন্য আমাদের সাধারণ জনতার উদ্ভাসিত সারল্য ও নির্লোভ চরিত্র এখন ি¤্রয়মান হয়ে গেছে। বরং আমির উদ্দিন বা তাঁর মতো অগণন প্রান্তিক মানুষ প্রতিদিন ওই দুর্বৃত্তদের শাসন, পীড়ন ও শোষণের শৃঙ্খলে আবদ্ধ।
সমাজ—সভ্যতায় যখন থেকে ব্যক্তিগত সম্পদ আহরণ ও পুঁজি সঞ্চয়নের প্রক্রিয়া শুরু হলো তখন থেকেই কিছু মানুষ অন্যের অধিকার কেড়ে সম্পদের পাহাড় তৈরি শুরু করে। এখন এই লুণ্ঠনপ্রক্রিয়া বৈধতা পেয়ে গেছে। সমাজে যে যতো বেশি দুর্নীতি ও অন্যায় করতে পারে তাঁর কদর ততো বেশি। সমাজের উঁচু পদগুলো থাকে তাঁদের দখলে। দুর্বৃত্তপনার ভয়াল বিস্তারের কারণেই সমাজ থেকে গরিবানা হটানো সম্ভব হয় না। মাত্র পাঁচ ভাগ ব্যক্তির নিকট পচানব্বই ভাগ সম্পদ কেন্দ্রিভূত থাকে। আর আমির উদ্দিনের মতো ভালো লোকেরা পেশাচ্যুত হয়ে, ভিটেচ্যুত হয়ে শহরের গলি—ঘুপচিতে চানাচুর বিক্রি করে জীবন ধারণের নিরন্তর সংগ্রামে লিপ্ত থাকে। চরম অসাম্যতার এই সমাজ পরিবর্তন যখন সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রধান লক্ষ্য নির্ধারণ ছিলো যথোচিত তখন ‘জনসেবক’রা নিজের সেবায় অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়েন। কেবল আমাদের দেশ নয়, সারা বিশে^ এই সর্বখাই প্রবণতা এখন প্রবল প্রতাপশালী। এর বিরুদ্ধে যে গণপ্রতিরোধ ও গণজাগরণের উন্মেষ হওয়ার কথা তাও দুর্নিরীক্ষ্য। কেবল ব্যক্তিবিশেষের সততাই যে সমাজ রূপান্তরের জন্য যথেষ্ট নয় তা আমরা প্রতিদিনকার অভিজ্ঞতা দিয়ে বুঝি। প্রয়োজন এই ভালো মানুষদের বিপুল জাগরণ।
ক্ষুদ্র ব্যবসায়ী আমির উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করবো না। তাঁর এই মহত্তর প্রয়াস লুটেরাদের গালে চপেটাঘাত। এই বিষয়টি যদি সকলে উপলব্ধি করেন তাহলে আমির উদ্দিনের এই বিরল সততা সত্যিকার অর্থে অর্থবহ হয়ে ওঠবে। তিনি যে মহত্তর আদর্শের বিষয় নিজের অজান্তেই তোলে ধরলেন তা হলো— কষ্ট করে উপার্জন লজ্জার নয়, লজ্জার হলো পরধন লুণ্ঠন করায়। পরধন লুণ্ঠনকারীদের বিরুদ্ধে আমির উদ্দিনের এই উদ্যোগ সমাজের সংখ্যাগুরু দরিদ্র মানুষকে প্রেরণা জোগাক, এই আমাদের কামনা।
সম্পাদকীয় থেকে আরো পড়ুন