প্রত্যয়নের ক্ষ‘তির দায় নিবে কে ?

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২৩:০১

তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন জাদুকাটা নদীর উপর নির্মিত শাহ আরেফিন—অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতু নিয়ে মানুষের উৎসাহের শেষ ছিলো না। মহাসমারোহে ২০১৮ সনে যখন সেতুর নির্মাণ কাজ শুরু হয় তখন পুরো জেলা জুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছিলো। এলজিইডি কর্তৃক নির্মিত দেশের সব সেতুর মধ্যে এটিই ছিলো বৃহত্তর। এই সেতু নির্মাণে সফলতার মধ্য দিয়ে এলজিইডি তাঁদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রমাণের একটি সুযোগ পেয়েছিলো। কিন্তু অনিয়ম—দুর্নীতির চক্রে পড়ে এই সেতুটি নির্মাণের পর ইতোমধ্যে ৮ বছর  অতিক্রান্ত হলেও কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। বরং বারবার এই সেতু নির্মাণে নানা গাফিলতির সংবাদ গণমাধ্যমে এসেছে। সর্বশেষ সেতুর গার্ডার নির্মাণ, ভেঙে পড়া, এলজিইডি’র প্রত্যয়ন ও ঠিকাদারকে বিল পরিশোধ, ভেঙে পড়া গার্ডার পুনঃনির্মাণের খরচ; ইত্যাদি বিষয়ে নতুন কিছু তথ্য সামনে এসেছে যা গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরের প্রধান সংবাদ হিসেবে প্রচারিত হয়েছে। সেতুর জন্য নির্মিত গার্ডারের সাতটি ভেঙে গেছে। নির্মাণের পরই গার্ডার ভেঙে পড়ার পিছনে কারিগরি ও নির্মাণ ত্রুটি ছিলো। ভেঙে পড়া গার্ডারে ক্রস গার্ডার দেয়া হয়নি। ক্রস গার্ডার দেয়ার আগেই গার্ডার যথাযথভাবে নির্মিত হয়েছে মর্মে প্রত্যয়ন নিয়ে ঠিকাদার আড়াই কোটি টাকা বিল তোলে নিয়েছেন। তাহিরপুরের উপজেলা প্রকৌশলী ও এলজিইডি, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী এই প্রত্যয়ন দিয়েছেন। এই গার্ডারগুলো অপসারণের জন্য নতুন করে দেড় কোটি টাকার প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। এগুলো পুনরায় নির্মাণ করতে লাগবে আরও টাকা। সবকিছু মিলিয়ে এখানে সরকারের চার কোটি টাকা ক্ষতি হয়েছে। অথচ সংশ্লিষ্ট ঠিকাদারকে এই আর্থিক ক্ষতির কোনো দায় নিতে হচ্ছে না। সরকার পরিবর্তনের পর ঠিকাদার (তমা কনস্ট্রাকশন) কাজ ছেড়ে ভেগেছে। এলজিইডি সেতুর অবশিষ্ট কাজ শেষ করতে নতুন করে দরপত্র আহ্বান করেছে। কিন্তু কাজে গাফিলতি, অবহেলা ও সরকারের আর্থিক ক্ষতি সংঘটনের জন্য এলজিইডি আগের ঠিকাদারের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। এখন আগের ঠিকাদার তাঁদের জামানতের টাকা ফেরৎ দিতে এলজিইডিকে আইনি নোটিশ পাঠিয়েছে। এলজিইডি মুখে মুখে যদিও বলছে, ঠিকাদারের জামানত ও অন্যান্য কাজের বিল থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে, তবে বাস্তবে তা কতটুকু সম্ভব হবে তা অনিশ্চিত। কারণ এলজিইডি কাজ চলাকালে ঠিকাদারকে যথাযথভাবে কাজ হয়েছে মর্মে প্রত্যয়ন দিয়ে রেখেছিলো। এখন নিজের খোঁড়া গর্তে আটকে গেছে এলজিইডি। দেখার বিষয় এই গর্ত তাঁরা কীভাবে ভরাট করেন। 

 


বাংলাদেশে সরকারি কাজে অন্যায়—অনিয়মের জন্য জবাবদিহি করার সংস্কৃতি গড়ে উঠেনি। ফলে সরকারি কাজে অনিয়মের রাজত্ব চলে। যে যেভাবে পারেন সরকারি কোষাগারের টাকা তুলে নিয়ে নিজেরা লাভবান হওয়ার বেপরোয়া প্রতিযোগিতায় লিপ্ত থাকেন। জবাবদিহিতা থাকলে গার্ডার নির্মাণ কাজ যথাযথ হয়েছে মর্মে কখনও কেউ কোনো প্রত্যয়নপত্র দেয়ার সাহস পেতেন না। এলজিইডি সূত্রেই জানা গেছে, ওই গার্ডার নির্মাণে ঠিকাদারের ত্রুটির কথাটি প্রতিষ্ঠানের সদর দপ্তরের তদন্তে প্রমাণিত। যেহেতু সরকারি টাকা প্রকৌশলীগণের মতামত ছাড়া উত্তোলন করার সুযোগ নেই সেহেতু মিথ্যা প্রত্যয়নপত্র দিয়ে যে—সব প্রকৌশলী সরকারের বিপুল আর্থিক ক্ষতি সাধন করেছেন, তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি—না তাই এখন দেখার বিষয়। 

 


এই সেতু নির্মাণ ও সংযোগকারী সড়কের কাজ শেষ হলে সুনামগঞ্জের সাথে বৃহত্তর ময়মনসিংহ হয়ে রাজধানীর যোগাযোগ অনেক সহজ হয়। সুনামগঞ্জের সীমান্তবর্তী স্থল বন্দরের পণ্য পরিবহন ব্যবস্থাও এতে সুগম হয়। সরকারের উচিৎ হলো, দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করা। এখন নতুন যে ঠিকাদার এখানে কার্যাদেশ পেয়েছেন তাঁরা যাতে ভালোভাবে যথাসময় কাজটি শেষ করেন সেদিকেই এলজিইডি’র মনোনিবেশ করা দরকার। একই সাথে আগের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে আর কেউ ভবিষ্যতে কোনো অনিয়ম—দুর্নীতি করতে দশবার ভাবতে বাধ্য হয়। সেতু নির্মাণে সরকারের ৮৬ কোটি টাকা খরচ হচ্ছে। এলজিইডিসূত্রে জানা যায়, আরও দুই বছর লাগবে অবশিষ্ট কাজ শেষ হতে। সরকারের এই বিপুল ব্যয় তখনই সার্থক হবে যখন স্থাপনাটি নিজের কাজ শুরু করতে পারে। কাজ শেষ হওয়ার নির্ধারিত দুই বছর যাতে অতীত অনুসরণ করে আর প্রলম্বিত না হয় তা নিশ্চিত করতে এলজিইডি’র প্রতি অনুরোধ। বৃহত্তর সেতু নির্মাণে নিজেদের পারদর্শিতা প্রমাণের জন্য অতীতের ব্যর্থতা কাটিয়ে নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়াই এখন তাঁদের প্রধান লক্ষ্য নির্ধারণ উত্তম হবে।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার